বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:০১ অপরাহ্ন




হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ ১৫ জানুয়ারি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২ ৮:১৯ pm
CEC election commission নির্বাচন কমিশন ইসি সিইসি Kazi Habibul Awal কাজী হাবিবুল আউয়াল নির্বাচন সিইসি ইসি cec ec election প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল cec
file pic

হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশের সময় পেছানো হয়েছে। প্রতিবছর ২ জানুয়ারি এই খসড়া প্রকাশ হলেও এবার তা হচ্ছে না। আগামী ১৫ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ করা হবে। অবশ্য আইন অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা ২ মার্চেই প্রকাশিত হবে।

রবিবার (১১ ডিসেম্বর) নির্বাচন কমিশন থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়। ওই চিঠিতে ১৫ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ করার জন্য সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ভোটার তালিকা আইন অনুযায়ী, ২ জানুয়ারি থেকে ২ মার্চ ভোটার তালিকা হালনাগাদের বিধান রয়েছে। আইনে বলা হয়েছে— কম্পিউটার ডাটাবেজে সংরক্ষিত বিদ্যমান সব ভোটার তালিকা, প্রতি বছর ২ জানুয়ারি হতে ২ মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে, নির্ধারিত পদ্ধতিতে, নিম্নরূপে হালনাগাদ করা হবে। ভোটার তালিকা বিধিমালায়ও একই বিধান রয়েছে। ওই বিধান অনুযায়ী প্রতিবছর ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। খসড়া তালিকায় আসা আপত্তি নিষ্পত্তি করে ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এবার খসড়া ভোটার তালিকা প্রকাশ পিছিয়ে গেলেও চূড়ান্ত তালিকা প্রকাশের সময় অপরিবর্তিত থাকবে।

অবশ্য এ সময়ে ভোটার তালিকা হালনাগাদ না করা হলেও এর বৈধতা বা ধারাবাহিকতা ক্ষুণ্ন হবে না বলে ভোটার তালিকা আইনে বলা হয়েছে। ভোটার তালিকার খসড়া প্রকাশের সময় পেছানো হলেও আইনের কোনও ব্যত্যয় হচ্ছে না। তবে বিগত দিনের রেওয়াজ ভঙ্গ হচ্ছে।

নির্বাচন কমিশনের সহকারি সচিব মো. মোশাররফ হোসেনের সই করা চিঠি রবিবার দেশের সব উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পাঠানো হয়। এতে বলা হয়, উপজেলা বা থানা নির্বাচন অফিসাররা ১৫ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করবেন এবং তা বিধি মোতাবেক প্রকাশ করা হয়েছে মর্মে প্রত্যয়ন প্রদান করতে হবে।

সূত্র জানায়, এবার ভোটার তালিকা হালনাগাদের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি নাগরিকের তথ্য পাওয়া গেছে। ওই তথ্য আপলোড দেওয়ার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের ঘাটতি ছিল। এছাড়া নানা কারণে তথ্য সংগ্রহ কার্যক্রম ও তথ্য আপলোড ব্যাহত হয়। এছাড়া আগামী ৪ জানুয়ারি গাইবান্ধা-৫ উপনির্বাচনের ভোটের দিন নির্ধারণ করা হয়েছে। এসব কারণে খসড়া তালিকা প্রকাশ পিছিয়ে গেছে। সূত্র আরও জানান, সারাদেশে এক কোটির বেশি নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছে। এবার বিদ্যমান ভোটারের ৭.৫ শতাংশ হারে ৮৬ লাখ নতুন নাগরিকের তথ্য সংগ্রহের লক্ষ্য ছিল বলে জানিয়েছে নির্বাচন কমিশন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD