মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন




পুঁজিবাজারে এটিবি মার্কেটের যাত্রা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩ ৪:৪৬ pm
শেয়ার বাজার শেয়ারবাজার শেয়ারবাজার dse ডিএসই Share point সূচক অর্থনীতি economic দরপতন dse ডিএসই শেয়ারবাজার দর পতন পুঁজিবাজার CSE BSEC share market DSE CSE BSEC sharemarket
file pic

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রথমবারের মতো বিকল্প লেনদেনব্যবস্থা বা অলটারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) চালু করেছে।

রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে বুধবার (৪ জানুয়ারি) লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের শেয়ার ও প্রাণ এগ্রো লিমিটেডের গ্রিন বন্ডের লেনদেনের মাধ্যমে ডিএসইতে যাত্রা শুরু করেছে।

প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এটিবির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান বলেন, এটিবির সুফল সামনের দিনগুলোতে পাওয়া যাবে। এই পদ্ধতি আরও ৩০ বছর আগে চালু হওয়া উচিত ছিলো। আমাদের বিনিয়োগকারীরা আগে বদ্ধ পরিসরে ছিলো। এক্সিট পদ্ধতি না থাকলে মানুষ বিনিয়োগ করতে চায় না।

ডিএসইর ডিজিএম শফিকুল ইসলাম ভুইয়া ও লংকাবাংলার সিকিউরিটিজের এমডি নাছির উদ্দিন চৌধুরী, ডিএসইর ডিজিএম সাইয়িদ মাহমুদ জুবায়ের এবং প্রাণ এগ্রো লিমিটেডের পরিচালক উজমা চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। প্রতিষ্ঠান দুটি মাত্র ১০ হাজার টাকা ফি দিয়ে তালিকাভুক্ত হলো।

লংকাবাংলা সিকিউরিটিজের মালিকানার ৯২ দশমিক ৪১ শতাংশ রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স এবং এর পরিচালকদের। বাকি অংশের মধ্যে লংকাবাংলার সহযোগী প্রতিষ্ঠান লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্টের মালিকানা আছে ৪ দশমিক ৩৫ শতাংশ। ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩ দশমিক ২৪ শতাংশ শেয়ার।

এ ছাড়া আজ প্রাণ এগ্রো লিমিটেডের গ্রিন বন্ডও এটিবিতে কেনাবেচা শুরু হবে। এ বন্ডটির আকার ২১০ কোটি টাকা। সাত বছর মেয়াদি অরূপান্তরযোগ্য এ বন্ডটির শতভাগ ২০২১ সালের মে মাসে কিনে নেয় মেটলাইফ বাংলাদেশ।

পুজিবাজারে অতালিকাভুক্ত কোম্পানিগুলো শেয়ার, বন্ড, ডেবট সিকিউরিটিজ, বেমেয়াদি মিউচুয়াল ফান্ড এবং অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ইউনিট স্বল্প খরচে কেনাবেচা করতে পারবে। শেয়ারের মূল্যও হবে বাজারভিত্তিতে।

ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুর রহমান মজুমদার। অনুষ্ঠানে বক্তব্য দেন লংকাবাংলা সিকিউরিটিজের পরিচালক মাহবুবুল আনম ও প্রাণ এগ্রো লিমিটেডের পরিচালক উজমা চৌধুরী।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD