শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন




শ্রমিকদের অবরোধ প্রত্যাহার যান চলাচল স্বাভাবিক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩ ২:১৬ pm
Factory guard killed Gazipur road accident workers workers block highway ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ট্রাক চাপায় কারখানা নিরাপত্তাকর্মী মৃত্যু বিক্ষুব্ধ পোশাক শ্রমিক অগ্নিসংযোগ যানবাহন ভাংচুর চলাচল বন্ধ gazipur_rmg gazipur rmg
file pic

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের চাপায় পোশাক কারখানার নিরাপত্তাকর্মী নিহতের ঘটনায় শ্রমিকদের ডাকা অবরোধ প্রত্যাহার করা হয়েছে। শ্রমিকদের দাবি অনুযায়ী, নিহত নিরাপত্তাকর্মীর ক্ষতিপূরণ ও মহাসড়কে পদচারী-সেতু নির্মাণের প্রতিশ্রুতি পেয়ে আজ রোববার দুপুর ১২টার দিকে আন্দোলনরত শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে সরে যান। এতে প্রায় চার ঘণ্টা পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সকাল আটটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ট্রাকের চাপায় আজাদুল হক (৪০) নামে এক ব্যক্তি নিহত হন। আজাদুল হক চন্দ্রা এলাকার মাহমুদ জিনস নামের একটি তৈরি পোশাক কারখানার নিরাপত্তাকর্মী ছিলেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হয়েছেন।

ওই কারখানার শ্রমিক ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে আজাদুলসহ কয়েকজন শ্রমিক একসঙ্গে কারখানায় যাচ্ছিলেন। সকাল আটটার দিকে চন্দ্রা এলাকায় দ্রুতগতির একটি ট্রাক আজাদুলসহ কয়েকজন শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আজাদুলের মৃত্যু হয়। এ ছাড়া আরও তিন শ্রমিক আহত হন। তৎক্ষণাৎ স্থানীয় লোকজন আজাদুলকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এদিকে দুর্ঘটনার পরপরই শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে দুর্ঘটনাকবলিত ওই ট্রাকে অগ্নিসংযোগ করেন। একপর্যায়ে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় শ্রমিকদের একাংশ মহাসড়কে যানজটে আটকে থাকা অর্ধশতাধিক যানবাহনে ভাংচুর চালান। এতে মহাসড়কের দুই দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

কোনাবাড়ী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খানসহ কারখানার কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। পরে শ্রমিকদের দাবি অনুযায়ী, নিহত ব্যক্তির পরিবারকে চার লাখ টাকা ক্ষতিপূরণ ও দ্রুততম সময়ের মধ্যে ওই স্থানে কারখানা শ্রমিক ও জনসাধারণের জন্য পদচারী-সেতু নির্মাণ করার প্রতিশ্রুতি দেওয়া হয়। পরে শ্রমিকেরা এ সিদ্ধান্ত মেনে নিয়ে অবরোধ প্রত্যাহার করেন।

হাইওয়ে পুলিশ জানায়, ক্ষুব্ধ শ্রমিকেরা ওই ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছিলেন। পরে স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নেভানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD