ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সে তো আগে থেকেই উজ্জ্বল বেন স্টোকস। পাশাপাশি গত বছর টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার নেতৃত্ব। সব মিলিয়ে আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ড অধিনায়ক।
২০২২ সালের সেরা টেস্ট ক্রিকেটারের নাম বৃহস্পতিবার প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। সতীর্থ জনি বেয়ারস্টো, অস্ট্রেলিয়ার উসমান খাওয়াজা ও দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদাকে হারিয়ে স্বীকৃতিটি পেয়েছেন স্টোকস।
গত বছর ইংল্যান্ডের খেলা ১৫ টেস্টই খেলেছেন স্টোকস। তিনি ছাড়া কেবল জো রুট ও জ্যাক ক্রলি খেলেছেন বছরের সবগুলোর টেস্ট।
ব্যাট হাতে বেশ ভালো ছিল স্টোকসের পারফরম্যান্স। ৩৬.২৫ গড় ও ৭১.৫৪ স্ট্রাইক রেটে ইংল্যান্ডের হয়ে বছরে তৃতীয় সর্বোচ্চ ৮৭০ টেস্ট রান তার। দুটি সেঞ্চুরির সঙ্গে করেন তিনি ৪টি ফিফটি।
বোলিংয়েও ছিলেন উজ্জ্বল। ৩১.১৯ গড়ে নেন ২৬ উইকেট। ইংল্যান্ডের হয়ে ২০২২ সালে যা চতুর্থ সর্বোচ্চ। বার্মিংহামে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৩ রানে ৪ উইকেট নিয়ে দলের জয়ে রাখেন বড় অবদান। গত বছর বল হাতে যা তার সেরা পারফরম্যান্স।
ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে ২০২২ সাল স্টোকসের টেস্ট ক্যারিয়ারের স্মরণীয় এক বছর নেতৃত্বের কারণে। রুটের নেতৃত্বে যখন একের পর এক সিরিজ হেরে ছন্নছাড়া ইংল্যান্ড, তখনই কার্যকর নেতার ভূমিকায় আগমন তার।
বছরের মাঝামাঝি পান ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব। কোচ ব্রেন্ডন ম্যাককালাম আর অধিনায়ক স্টোকসের ইংল্যান্ড দল আগ্রাসী ক্রিকেটে বিপ্লব বয়ে আনে টেস্ট ক্রিকেটে। তার অধিনায়কত্বে ১০ টেস্টের ৯টিই ইংলিশরা জিতে নেয় অবিশ্বাস্য বিনোদনদায়ী ক্রিকেট খেলে।
ঘরের মাঠে নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে হারায় তারা। ২০২১ সালের স্থগিত হওয়া শেষ টেস্টে ভারতকে হারিয়ে সিরিজে ২-২ সমতা ফেরায় দল।
বছরের শেষ দিকে পাকিস্তানে গিয়ে স্বাগতিকদের তিন টেস্টের সিরিজে করে হোয়াইটওয়াশ। দেশটির মাটিতে এর আগে এই কীর্তি ছিল না আর কোনো সফরকারী দলের।
১৭ বছর পর পাকিস্তানে টেস্ট খেলতে নেমেই স্টোকসের ইংল্যান্ড গড়ে রেকর্ড। রাওয়ালপিন্ডিতে প্রথম দিনেই তারা ৪ উইকেটে করে ৫০৬ রান। টেস্টের ১৪৫ বছরের ইতিহাসে ম্যাচের প্রথম দিনে এত রান করতে পারেনি আর কোনো দল।
নেতৃত্বে এতটাই দুর্দান্ত ছিলেন স্টোকস, বর্ষসেরা টেস্ট দলের অধিনায়কও তিনিই নির্বাচিত হয়েছেন।