রাজকীয় সৌদি আরবের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা সৌদিয়া প্রথমবারের মতো ‘আপনার টিকেট আপনার ভিসা’ সেবা চালু করেছে। এতে সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে নতুন দ্বার উন্মুক্ত হবে। এটি একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া যা ট্রানজিট ভিসা ও ফ্লাইটের টিকেটের ক্ষেত্রে যোগসূত্র স্থাপন করবে।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সেবাটি রাজকীয় সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পিলগ্রিমস সেবা প্রোগ্রাম এবং সৌদি পর্যটন কর্তৃপক্ষের সহযোগিতায় চালু করা হয়েছে। এই নতুন সেবাটি সৌদি আরবের সকল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রহণ করা যাবে। এই প্রক্রিয়ায় অতিথিরা সর্বোচ্চ ৯৬ ঘণ্টা পর্যন্ত সৌদি আরবে অবস্থান করার অনুমতি পাবে, এই সময় ভ্রমণকারীরা সৌদি আরবের যেকোনো অঞ্চলে ভ্রমণ ও ওমরাহ পালন করতে পারবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় ট্রানজিট ভিসা প্রদান করে এবং মাত্র তিন মিনিটের মধ্যে এটি ফ্লাইট টিকেটের সঙ্গে সংযুক্ত হয়। সৌদিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপটেন ইব্রাহিম কোশি বলেন, এই নতুন এবং নিরবিচ্ছিন্ন স্টপ ওভার ভিসার প্রবর্তন এভিয়েশন শিল্পে এই প্রথম এবং আমাদের স্বয়ংক্রিয় প্রক্রিয়ার কর্মসূচিতে একটি উল্লেখযোগ্য মাইলফলক।
জেদ্দায় কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের প্রচার ও প্রসারের জন্য সৌদিয়ার প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গতি রেখে নতুন সেবা চালু করা হয়েছে, যে জন্য মধ্যপ্রাচ্যে এই বিমানবন্দরের ভূমিকা ও অবস্থানকে শক্তিশালী করার জন্য বিশ্বের পূর্ব প্রান্ত থেকে আসা এবং পশ্চিম প্রান্ত যাওয়ার ফ্লাইটগুলোর সময়সূচিকে ক্রমবিন্যাস করা হয়েছে।
একই সঙ্গে জেদ্দা বিমানবন্দর কর্তৃপক্ষের সহযোগীতার মাধ্যমে এই প্রক্রিয়াটি সহজ করা এবং সৌদি পর্যটন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ‘আপনার টিকেট আপনার ভিসা’ সেবা প্রহণকারীদের জন্য সূলভ প্যাকেজ ঘোষণা করা হয়েছে।