বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন




খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, এরপর অন্যকিছু: ফখরুল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ৪:০৯ pm
Bangladesh Nationalist Party BNP Mirza Fakhrul Islam Alamgir বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
file pic

সম্পূর্ণরূপে মুক্ত হওয়ার পরেই দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতিতে ফেরার প্রসঙ্গ আসবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমাদের দাবি খুব পরিষ্কার। অবিলম্বে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এরপর অন্যকিছু।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল। পরে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। এ সময় দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মির্জা ফখরুল বলেন, এই সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। তবেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ জনগণের দ্বারা নির্বাচিত নয় বলেই জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা নেই। তারা ক্ষমতায় আসার পর থেকেই পরিকল্পিতভাবে দেশের টাকা লুট ও পাচার করতে একের পর মেগা প্রকল্প করছে।

তিনি বলেন, আজ নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া। মূল্যস্ফীতি চরম আকার ধারণ করেছে। মানুষ চাল কিনতে পারেন না। ওএমএস বন্ধ করেছে। এখন কার্ডের মাধ্যমে চাল বিক্রি করতে চায়। এর মাধ্যমে যাতে নতুনভাবে দুর্নীতি করতে পারে। আসলে এরা দুর্নীতিবাজ সরকার।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপি আন্দোলনের মধ্য দিয়ে জীবন বাজি রেখে সরকারের পরিবর্তন করতে বদ্ধপরিকর। গণবিরোধী সরকারকে হটাতে যুগপৎ আন্দোলনে যুবদল আরও কঠোর ভূমিকা রাখবে এই প্রত্যাশা করি।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না প্রমুখ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD