নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানার সুইং সেকশন ফ্লোরে বিকট শব্দে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বরপা এলাকার অন্তিম নিটিং অ্যান্ড ফিনিশিং লিমিটেড কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
তবে শুক্রবার ছুটির দিন হওয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কিন্তু বিস্ফোরণে ওই কারখানার একটি দেয়াল ভেঙে রাস্তার উপর গিয়ে পড়েছে। এ ছাড়া বিস্ফোরণের পর আগুনের ঘটনায় কারখানার আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কারখানা কর্তৃপক্ষের দাবি, কারখানার ভবনের ৭ তলা ফ্লোরটি সুইং সেকশন। ওই ফ্লোরটি দরজা-জানালা বন্ধ থাকায় সেখানে ধোঁয়ায় গ্যাসের সৃষ্টি হয়। আর ওই গ্যাস থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে।
রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁও ফায়ার সার্ভিসের উপপরিচালক আলমগীর হোসেন জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টায় আগুন নেভায়। বিস্ফোরণে ভবনের ৭ তলা ফ্লোরের পাকা দেওয়াল ভেঙে গেছে। এ ছাড়া বিস্ফোরণের বিকট শব্দে কারখানার নিচতলার মূল গেটের পাকা দেয়াল ও গেইট ভেঙে ঢাকা-সিলেট মহাসড়কের উপরে গিয়ে পড়ে। তবে দ্রুত আগুন নেভানোর কারণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বিস্ফোরণে থেকে আগুনের সূত্রপাত হলেও বিস্ফোরণের কারণ খুঁজে পাওয়া যায়নি বলেও জানান তিনি।
কারখানার শ্রমিকরা জানান, অন্তিম নিটিং অ্যান্ড ফিনিশিং লিমিটেড কারখানায় প্রায় ৫ হাজার শ্রমিক কাজ করেন। সপ্তাহের শুক্রবার কারখানাটি বন্ধ থাকে। আর শুক্রবার কারখানায় কোনো শ্রমিক না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
কারখানার এইচ আর এডমিন মাহবুবুর রহমান বলেন, কারখানার ৭ তলা ফ্লোরটি সুইং সেকশন। ওই ফ্লোরটির দরজার জানালা বন্ধ ছিল। কারখানার সুইং শাখায় রুম বন্ধ থাকায় গ্যাস জমাট বেঁধে ওই বিস্ফোরণ ঘটে থাকতে পারে।
কাঁচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক শরফুউদ্দিন জানান, বিস্ফোরণের পর কারখানার দেয়ালধসে রাস্তায় পড়লে যান চলাচল ব্যাহত হয়। তার ওপর স্থানীয়রা ভিড় করায় কিছু সময়ের জন্য যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত গিয়ে যানচলাচল স্বাভাবিক করে।