ওটিটি প্ল্যাটফরম হইচই-এ অ্যাকশন-থ্রিলারধর্মী গল্প নিয়ে আসছে নতুন ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’। সিরিজটিতে অভিনয়ের মাধ্যমে প্রথমবারের মতো এ প্ল্যাটফরমে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। এতে মিমের সঙ্গে অভিনেতা হিসেবে থাকবেন এফএস নাঈম। এতে তারা যে চরিত্র ও লুকে অভিনয় করছেন তার কিছুটা প্রকাশ করেছে হইচই কর্তৃপক্ষ।
হইচই জানায়, ‘মিশন হান্টডাউন’ সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। ‘মিশন হান্টডাউন’-এ ‘নীরা’ চরিত্রে অভিনয় করেছেন মিম এবং ‘মাহিদ’ চরিত্রে দেখা যাবে নাঈমকে। নীরা চরিত্রটিতে অভিনয় করতে পেরে আনন্দিত অনুভব করছেন মিম।
তিনি বলেন, কাজটি নিয়ে আমি ভীষণ এক্সাইটেড। শুরুতে এই চরিত্রটি জানতে পেরে এত ভালো লাগে যে আমি সঙ্গে সঙ্গে অভিনয় করতে রাজি হই। মিম তার চরিত্রের ধারণা দিয়ে আরও বলেন, ‘নীরা’ চরিত্রটি সহজ-সরল একজন নারীর চরিত্র।
কিন্তু সে তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক জটিলতার মধ্যদিয়ে যান। এখানে আমার লুকও বেশ আলাদা। আমার মনে হয় দর্শকরা এই চরিত্রকে খুব এন্টারটেইনিংভাবে খুঁজে পাবেন। উল্লেখ্য, এর আগে ‘কারাগার’ ওয়েব সিরিজে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন নাঈম, তবে হইচইয়ের সিরিজে প্রথমবার কাজ করলেন মিম।