ঢালিউড কিং খ্যাত অভিনেতা শাকিব খান। গতকাল ছিল ঢাকাই সিনেমার এ হিরোর জন্মদিন। আর তার জন্মদিনে বিশেষ ভিডিও বার্তা পাঠালেন শাকিব খানের স্ত্রী ও অভিনেত্রী শবনম বুবলী। তাছাড়াও জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন স্বজন, বন্ধু ও ভক্তরা। সামাজিক যোগাযোমাধ্যমে বুবলী ছেলে শেহজাদ বীরের সঙ্গে শাকিবের একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, হ্যাপি বার্থডে।
সঙ্গে ভালোবাসার একটি ইমোজিও দিয়েছেন তিনি। বুবলীর পোস্টে শুভ জন্মদিন লিখেও কমেন্টবক্সে ভরিয়ে দেন বুবলী-শাকিব তারকার ভক্তরা। এ বছরের ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের চলচ্চিত্র ‘লিডার, আমিই বাংলাদেশ’। সিনেমাটিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন শাকিব খান ও শবনম বুবলী। গত বছরের ২৬শে ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পায় সিনেমাটি।
প্রসঙ্গত, ১৯৭৯ সালের ২৮শে মার্চ জন্মগ্রহণ করেন শাকিব খান। তার আসল নাম মাসুদ রানা। জীবনের ৪৩ বসন্ত পেরিয়ে ৪৪-এ পা রেখেছেন তিনি। ‘অনন্ত ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয় ১৯৯৯ সালে।