পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পর্ষদ সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য মোট ২৫ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে। এর মধ্যে সাড়ে ১৭ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ স্টক লভ্যাংশ। ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভা থেকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশের সুপারিশ করা হয়েছে।
প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২ হিসাব বছরে ডাচ্-বাংলা ব্যাংকের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫৬৬ কোটি ১৭ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৫৫৬ কোটি ১১ লাখ টাকা। আলোচ্য হিসাবব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ১৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭ টাকা ৯৯ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৯ টাকা ৮৫ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৫৩ টাকা ১৩ পয়সা।
এদিকে ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ১২ জুন বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ মে।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ২৭ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছে ডাচ্-বাংলা ব্যাংক। এর মধ্যে ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ ও বাকি ১০ শতাংশ স্টক লভ্যাংশ।