এবার ঈদে এক কোটির বেশি সেলফোন সিম ব্যবহারকারী ঢাকার বাইরে গেছেন। অন্যদিকে ঢাকা এসেছেন প্রায় ২৮ লাখ সিম ব্যবহারকারী। আজ রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
দেশের চারটি সেলফোন অপারেটরের তথ্য দিয়ে মোস্তাফা জব্বার জানিয়েছেন, ১৮ থেকে ২২ এপ্রিল পর্যন্ত ১ কোটি ১ লাখ ৫৯ হাজার ৭৮৬ সিম ব্যবহারকারী ঢাকার বাইরে গেছেন। এর মধ্যে গ্রামীণফোনের ৩৮ লাখ ৪০ হাজার, রবির ২৬ লাখ ৪ হাজার, বাংলালিংকের ৩৫ লাখ ৮৭ হাজার ও টেলিটকের সিম ব্যবহারকারী রয়েছেন ১ লাখ ২৭ হাজার।
অন্যদিকে ১৮ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত ২৭ লাখ ৯০ হাজার ৭৯১ সিম ব্যবহারকারী ঢাকায় এসেছেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী।
এর আগে ১৮, ১৯, ২০ এপ্রিল (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) এ তিনদিনে ঢাকা ছেড়েছেন ৫৩ লাখ ৫৪ হাজার ৮৩২ সিমধারী। একই সময়ে ঢাকায় এসেছে ১৯ লাখ পাঁচ হাজার ৯০২ সিমধারী।
এর মধ্যে ২০ এপ্রিল মোবাইল অপারেটরের হিসাবে গ্রামীণফোনের ৮ লাখ ২৫ হাজার ৯৪৪টি, রবির ৭ লাখ ৫৪ হাজার ৪৮২টি, বাংলালিংকের ৮ লাখ ২৮ হাজার ৯৬টি এবং টেলিটকের ৪৫ হাজার ৩৮৭টি।
১৯ এপ্রিল ঢাকা ছেড়েছে গ্রামীণফোনের ৫ লাখ ৭৯ হাজার ৮৭৮টি সিম, রবির ৪ লাখ ১৬ হাজার ৯৫৫টি, বাংলালিংকের ৬ লাখ ৫৮ হাজার ২৫২টি, টেলিটকের ১৭ হাজার ৫৬০টি সিম। আর ১৮ এপ্রিল গ্রামীনফোনের ৩ লাখ ৩৪ হাজার ২৯৫টি, রবির ৩ লাখ ২ হাজার ২৮৪, বাংলালিংকের ৫ লাখ ৭৩ হাজার ৫০৯টি এবং টেলিটকের ১৮ হাজার ১৯০।
পরিসংখ্যান অনুযায়ী, ঈদের ছুটিতে এবার সবচেয়ে বেশি ঢাকা ছেড়েছেন গ্রামীণফোনের সিম ব্যবহাকারীরা। ছুটির মধ্যে ঢাকায় বেশি ঢুকেছেন বাংলালিংক সিম ব্যবহারকারী। চাঁদরাত পর্যন্ত গ্রামীণফোনের সর্বোচ্চ ৩১ লাখ ১০ হাজার ১০ হাজার ৯৬৪টি সিম ঢাকার বাইরে গেছে। আর বাংলালিংকের ১৫ লাখ ৫১ হাজার ১৯৬টি সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন।
মোস্তাফা জব্বার জানান, এটি মূলত মোবাইল সিমের হিসাব। কোনো ব্যক্তির হিসাব নয়। কারণ একজন ব্যক্তির একাধিক সিম থাকতে পারে। আবার কেউ কেউ আছেন, যাদের কোনো মোবাইল সিম নেই। যেমন- পরিবারের ছোট বাচ্চাদের মোবাইল কিংবা সিম থাকে না।