ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। এই ঈদে মুক্তি পেয়েছে তার সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন’। সরকারি অনুদানের ছবি ‘লাল শাড়ি’ও রয়েছে মুক্তির অপেক্ষায়। ছবিটিতে অভিনয় করার পাশাপাশি এর প্রযোজকও তিনি। এদিকে চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের অতিথি হিসেবে নিয়মিত দেখা মেলে এই নায়িকার। এবার তিনি স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন। লস অ্যাঞ্জেলেসের অন্যতম প্রধান একটি রাস্তা ৫ ঘণ্টা বন্ধ করে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত হয়ে থাকে ‘স্বাধীনতা দিবস প্যারেড শো’।
২০০৭ সাল থেকে এই আয়োজন হয়ে আসছে। ব্যতিক্রম হচ্ছে না এ বছরও। এই অনুষ্ঠানে অতিথি হয়ে উপস্থিত থাকবেন অপু বিশ্বাস। সেখানকার প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ইউনিটি ফেডারেশন অব বাংলাদেশ (বাফলা)’র উদ্যোগে দুই দিনব্যাপী এবারো হবে এই স্বাধীনতা যজ্ঞ।
এতে অপু বিশ্বাস ছাড়াও বাংলাদেশের জনপ্রিয় তারকারা উপস্থিত থাকবেন বলে জানা যায়। আয়োজনটি উপস্থাপনা করবেন চলচ্চিত্র পরিচালক ও সঞ্চালক দেবাশীষ বিশ্বাস। এই অনুষ্ঠান শেষ করে আগামী ৯ই মে লস অ্যাঞ্জেলেস ছাড়বেন বলে জানান অপু বিশ্বাস।