শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে। আগামী রোববার থেকে যথারীতি ক্লাস চলবে। শিক্ষামন্ত্রী দীপু মনি বুধবার এ সিদ্ধান্ত জানিয়েছেন।
রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আন্দোলনরত শিক্ষক ও অন্যান্য শিক্ষক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী এ সিদ্ধান্ত জানিয়েছেন।
শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০ জুলাই থেকে আগামী ২ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি ছিল। সেটি এখন আর হচ্ছে না।
প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে এবার বর্ষার মাঝামাঝিতে এসে ২০ জুলাই থেকে ২ অগাস্ট পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছিল।
তবে বছর শেষে ভোটের কারণে নভেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা শেষ করে দীর্ঘ শীতকালীন ছুটি দিতে চায় শিক্ষা মন্ত্রণালয়, তাই এবার গ্রীষ্মকালীন ছুটি বাতিলের সিদ্ধান্ত হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, “এবারের নির্বাচন হয় ডিসেম্বর নয়ত জানুয়ারির গোড়ায় হবে। তফসিল ঘোষণা হয়ে নির্বাচনী প্রচার ডিসেম্বরের গোড়া থেকেই শুরু হবে। কাজেই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বার্ষিক পরীক্ষা নভেম্বরের শেষের মধ্যে শেষ করে ফেলতে হবে।
“তাহলে আমাদের সময় এখন খুব কম। সেক্ষেত্রে এইবার গ্রীষ্মের ছুটি বাতিল করে আমরা শীতের ছুটি বাড়িয়ে দিব, যেটা ডিসেম্বরে হবে। আর গ্রীষ্মের ছুটিটা আর থাকছে না।”
“কাজেই এখন ক্লাস চলবে। যেন নভেম্বরের মধ্যে আমরা সব ক্লাস-পরীক্ষা শেষ করতে পারি,” বলেন তিনি।