বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন




খুলনার জ্বালানি তেলের ডিপোর ধর্মঘট স্থগিত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১ অক্টোবর, ২০২৩ ৯:১০ pm
CNG stations CNG station Filing stations Filing station ফিলিং স্টেশন Petrol Octane Pump Price পেট্রোল অকটেন পাম্প Fuel energy জ্বালানি তেল Fuel Oil
file pic

খুলনার তিনটি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং সরবরাহ বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছ থেকে দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি পেয়ে রবিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ধর্মঘট স্থগিত করা হয়।

খুলনা বিভাগীয় জ্বালানি তেল পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন জানান, দাবি আদায়ে রবিবার সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছিল। বিপিসি থেকে দু-একদিনের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে। বলা হয়েছে, সঠিক গেজেট প্রকাশ এবং তা কার্যকর করা হবে। এরপর সন্ধ্যা ৬টায় কর্মসূচি স্থগিত করা হয়। সোমবার সকাল থেকে তিনটি ডিপো থেকে যথারীতি তেল উত্তোলন ও সরবরাহ শুরু করা হবে।

ব্যবসায়ীদের দাবি ছিল, ডিজেলের ২ ভাগ, পেট্রোলের ৩ ভাগ এবং অকটেনের ৪ ভাগ কমিশন বাড়িয়ে সাড়ে ৭ ভাগ করতে হবে। একই সঙ্গে তাদের শিল্প থেকে বাদ দিয়ে কমিশন এজেন্ট ঘোষণা করে গেজেট প্রকাশ করতে হবে। এ ছাড়া পুরনো ট্যাংক লরির মেয়াদোত্তীর্ণের সময় ২৫ বছর থেকে বাড়াতে হবে।

প্রসঙ্গত, গত ৩ সেপ্টেম্বর কমিশন বৃদ্ধির দাবিতেই তেল উত্তোলন বন্ধ করেছিলেন জ্বালানি তেল ব্যবসায়ীরা। এরপর সরকারের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়। পরবর্তী সময়ে ২৬ সেপ্টেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় কমিশন বাড়িয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। সেই অনুযায়ী, প্রতি ১০০ টাকার অকটেন বিক্রিতে পাম্প মালিকরা চার টাকা ২৮ পয়সা, পেট্রোল বিক্রিতে ৪ টাকা ৩৪ পয়সা, কেরোসিনে ২ টাকা এবং ডিজেলে ২ টাকা ৮৫ পয়সা কমিশন পাবে। এর আগে ডিজেলের ২ শতাংশ, পেট্রোলের ৩ শতাংশ এবং অকটেনের ৪ শতাংশ কমিশন ছিল।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD