বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন




ইউজিসির চিঠি

আরো ৬ নতুন বিশ্ববিদ্যালয়ের সুপারিশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩ ৩:৩৭ pm
University Grants Commission UGC LOGO ইউজিসি University Grants Commission of Bangladesh বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
file pic

দেশে আরো ছয় জেলায় নতুন বিশ্ববিদ্যালয়ের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। গতকাল বৃহস্পতিবার (৪ অক্টোবর) ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

ইউজিসি সূত্রে জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাজবাড়ী, ভোলা, জয়পুরহাট, কক্সবাজার, নড়াইল, বরগুনা, ময়মনসিংহ, রংপুর ও গাইবান্ধা নয় জেলায় নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে মতামত চাওয়া হয়। এর মধ্যে রাজবাড়ী, ভোলা, জয়পুরহাট, কক্সবাজার, নড়াইল ও বরগুনায় কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় না থাকায় এ ছয় জেলায় নতুন ছয়টি সাধারণ বিশ্ববিদ্যালয় সুপারিশ করা হয়েছে।

ইউজিসির সুপারিশে ভৌগোলিক অবস্থান বিবেচনায় ভোলায় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে মৎস্য বিজ্ঞান, দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা এবং সমুদ্রবিজ্ঞান, জয়পুরহাটে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কৃষি, ভূতত্ত্ব ও খনিবিদ্যা এবং প্রত্নতত্ত্ব, কক্সবাজার বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, সমুদ্রবিজ্ঞান, দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা, মৎস্য বিজ্ঞান এবং বরগুনায় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে মৎস্য বিজ্ঞান, দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা, সমুদ্রবিজ্ঞান, জলবায়ু সহনশীল কৃষি এবং প্রাকৃতিক সম্পদ আহরণ সংক্রান্ত বিষয়কে গুরুত্ব দিতে বলা হয়েছে।

ইউজিসির চিঠিতে ছয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে নড়াইলে সুপারিশকৃত বিশ্ববিদ্যালয়ের জন্য এস এম সুলতান বিশ্ববিদ্যালয় এবং কক্সবাজারে সুপারিশকৃত বিশ্ববিদ্যালয়ের জন্য ‘কক্সবাজার বিশ্ববিদ্যালয়’ নাম সুপারিশ করা হয়েছে।

এ বিষয়ে ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান বলেন, উচ্চশিক্ষার প্রসারে সরকারের পক্ষ থেকে প্রতি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল। তারই অংশ হিসেবে নয় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে মতামত চাওয়া হয় এবং এর মধ্যে ছয় জেলায় কোনো বিশ্ববিদ্যালয় না থাকায় ইউজিসি ছয় জেলায় বিশ্ববিদ্যালয়ের সুপারিশ করে। এসব বিশ্ববিদ্যালয়ে ভৌগলিক অবস্থান বিবেচনায় বিভিন্ন বিভাগ চালুর বিষয়ে গুরুত্ব প্রদান করতে বলা হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD