রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন




উন্নয়নের কারণে আমরা উন্নত জীবন যাপন করতে পারছি: শিক্ষামন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩ ৬:২২ pm
Dipu Moni Minister of Education দীপু মনি শিক্ষামন্ত্রী দীপু
file pic

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের সব ক্ষেত্রে উন্নয়নের কারণে আমরা উন্নত জীবনযাপন করতে পারছি। পরবর্তী প্রজন্মের জন্য আরও উন্নত দেশ গড়তে শেখ হাসিনার সরকার প্রয়োজন। সামনে যে নির্বাচন সেই নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করার জন্য সাংবিধানিক আইন অনুসরণ করছে সরকার। বিভিন্ন জরিপে উঠে এসেছে দেশের ৭০ ভাগ মানুষের আস্থা শেখ হাসিনার ওপর। এর কারণ হাচ্ছে এই সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়ন করেছেন। অনেক ক্ষেত্রে প্রতিশ্রুতির বেশিও কাজ করেছেন।

চাঁদপুর প্রেস ক্লাবে শুক্রবার দুপুরে এক সাংবাদিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের সাংবাদিকদের কল্যাণে জাতির পিতা বঙ্গবন্ধু কাজ করেছেন। বর্তমানে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট করে দিয়েছেন। দেশের কল্যাণমূলক কাজের জন্য শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা দরকার। দেশের উল্লেখযোগ্য ও বড় বড় উন্নয়ন প্রকল্প বর্তমান সরকার করেছেন। শেখ হাসিনা আমাদের স্বপ্ন দেখিয়েছেন এবং তা বাস্তবায়ন করেছেন। পরবর্তীতে উন্নয়নের মধ্যে মেঘা প্রকল্প হবে শিক্ষা এবং স্বাস্থ্য।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, চাঁদপুরের সাংবাদিকদের ইতিহাস অনেক পুরোনো এবং সমৃদ্ধ। এখান থেকে প্রকাশিত অনেক পত্রিকা শুরু থেকে তাদের মান ধরে রাখতে সক্ষম হয়েছে। তবে অনেকে পত্রিকায় চটকদার হেডলাইন ব্যবহার করলেও ভেতরে তথ্যবহুল কিছুই পাওয়া যায় না। সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা অনুসরণ করবেন। আমরা যারা রাজনীতি করি তারা অনেক সময় হেডলাইন হয়ে যাই। কিন্তু যখন অকারণে হেডলাইন হই তখন খুবই দুঃখ পাই। আশা করি আপনারা এ বিষয়ে আরও সচেষ্ট হবেন।

দীপু মনি বলেন, সাংবাদিকতার জগতের সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের। কারণ আমার পিতার হাত ধরেই অনেক বড়মাপের সাংবাদিক তৈরি হয়েছে। চাঁদপুর প্রেস ক্লাব আমাকে আজীবন সদস্য করে সম্মানিত করেছেন। তাদের সঙ্গে থাকার সুযোগ করে দিয়েছেন। বর্তমানে সাংবাদিকতা অনেক বিস্তৃত। শুধুমাত্র সংবাদপত্রেই সীমাবদ্ধ নেই। অনলাইন ও ইলিকট্রনিকস মিডিয়া অনেক এগিয়েছে কিন্তু বিস্তৃত হওয়ার পাশাপাশি সংবাদ উপস্থাপনের মান বজায় রাখা কঠিন হয়ে পড়ছে।

সমাবেশে উদ্বোধকের বক্তব্য রাখেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম।

জেলা প্রেস ক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান সুমনের সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য দেন এফবিসিসিআইয়ের পরিচালক মো. শাহাবুদ্দিন অনু।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান, শরীফ চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শান্ত ও সাংগঠনিক সম্পাদক কাদের পলাশ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD