রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন




বিএনপির কথা-কাজ সবই ধ্বংসাত্মক: প্রধানমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩ ৪:৩৩ pm
Prime Minister Sheikh Hasina Wazed প্রধানমন্ত্রী শেখ হাসিনা Sheikh Hasina Prime Minister Bangladesh প্রধানমন্ত্রী শেখ হাসিনা
file pic

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি এখন নির্বাচন নিয়ে কথা বলে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে তারা নানা কথা বলে। আমি এখন সমালোচনা করতে চাই না। এদের কথা এদের কাজ সবই ধ্বংসাত্মক। এ ব্যাপারে দেশবাসীকে আমি সতর্ক করব। আজকের উন্নয়ন ধ্বংস করুক, সেটা আমরা চাই না।

শেখ হাসিনা বলেন, আমরা অনেক ভালো কাজ করেছি, ভালো কথাই বলতে চাই। ২০০৯ সালে যখন আমরা সরকারে আসি, তখন সারা বাংলাদেশে কী ভাবে উন্নয়ন গড়ে তুলবো সেই প্রচেষ্টা আমরা চালাই।

বৃহস্পতিবার তেজগাঁও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় ১৫০টি সেতু, ১৪টি ওভার পাস, স্বয়ংক্রিয় মোটরযান ফিটনেস পরীক্ষা কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গাড়িচালকদের প্রশিক্ষণের বিষয়ে কথা বলতে গিয়ে সরকারপ্রধান বলেন, যারা বাস-ট্রাক-গাড়ি চালায় তাদের অস্বাভাবিক যে প্রতিযোগিতা, ওভারটেক করার যে প্রতিযোগিতা, এটা বন্ধ করতে হবে। এজন্য ড্রাইভারদের ভালো ভাবে প্রশিক্ষণ দিতে হবে।

তিনি বলেন, মহাসড়কের কয়েক কিলোমিটার পরপর বাস ও ট্রাকের ড্রাইভার ও যাত্রীরা যাতে একটু বিশ্রাম নিতে পারে, সেই বিশ্রামাগার করে দিতে বলেছি। এরমধ্যে কয়েকটা জায়গায় হয়েছে, পর্যায়ক্রমে আমরা আরও করে দেবো।

গাড়িচালকদের প্রতি গাড়ির মালিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সে (গাড়িচালক) কিন্তু একজন মানুষ, তারও বিশ্রামের প্রয়োজন আছে। ড্রাইভার খাবার ঠিকমতো খেতে পারল কি না সেটাও দেখতে হবে। গাড়ি চালাতে পেট্রোল লাগবে কিন্তু যাকে দিয়ে চালাবেন তারও তো পেট্রোলের দরকার আছে। সেটাতেও নজর দিতে হবে।

তিনি বলেন, এখন সরকারে আছি, সরকারের গাড়িতে চলি। যখন আমি নিজের গাড়িতে চড়তাম, আমি সবার আগে ড্রাইভারের খাবার, ড্রাইভারের বিশ্রামের ব্যবস্থা করতাম। নির্বাচনে সময় ঠিক থাকতো না, আমি সামনের সিটে বসতাম, আমি নিজের হাতে কমলা বা বিস্কুট, যা কিছু ছিল আমি ড্রাইভারকে দিতে থাকতাম। বলতাম, তুমি খেতে থাকো, তোমার পেট্রোল যেন ঠিক থাকে, তোমার মাথা যেন ঠিক থাকে। এভাবে তাদেরও যত্ন নিতে হয়। ড্রাইভার-মালিকদের বলব, নিয়মগুলো মেনে চললে নিজের জীবন সুন্দর থাকবে, আর আমাদের পথচারীরাও সুরক্ষিত থাকবে।

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত আন্দোলন করছে ঠিক আছে। যদি তারা বাসে আগুন দিতে চায়, আমি বলে দিয়েছি, যারা বাসে আগুন দেবে, সঙ্গে সঙ্গে যে ব্যবস্থা নেওয়ার তাই নেবে, যেন মানুষের ক্ষতি করতে না পারে, যেন অগ্নি সন্ত্রাস করতে না পারে। আন্দোলন করুক আমাদের আপত্তি নেই। আমি তো সারাজীবন আন্দোলন করে, তারপর ক্ষমতায় এসেছি। কিন্তু মানুষের ক্ষতি করা, এটা যেন করতে না পারে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD