মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন




বিশ্বকাপ শেষ সাকিবের, ফিরছেন দেশে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩ ৫:৫৭ pm
Shakib Al Hasan সাকিব আল হাসান Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি SHAKIB Shakib সাকিব bcb
file pic

বিশ্বকাপে বাংলাদেশের বাকি রয়েছে এক ম্যাচ। তার আগে বড় দুঃসংবাদ পেলো টাইগার শিবির। আঙুলের চোটে ছিটকে গেলেন অধিনায়ক সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন না তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম জানান, পুনর্বাসন প্রক্রিয়া শুরুর জন্য আজই বাংলাদেশে ফিরছেন সাকিব।

আগামী ১১ই নভেম্বর বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বিসিবির প্রেস রিলেজে জানানো হয়, বাঁ হাতের তর্জনীর হাড়ে চিড় ধরায় অজিদের বিপক্ষে সেই ম্যাচটি খেলতে পারবেন না সাকিব। বিসিবির বিবৃতিতে বলা হয়, সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ের সময় বাংলাদেশ অধিনায়ক সাকিব বাম হাতের তর্জনীতে চোট পেয়েছেন। এক্স-রে করার পর জানা যায়, তার আঙুলের হাড়ে চিড় ধরেছে।

বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান সাকিবের চোট নিয়ে বলেন, ‘ইনিংসের শুরুতেই আঙুলে আঘাত পান সাকিব। তবে টেপ এবং পেইনকিলার নিয়ে খেলা চালিয়ে যান তিনি।

ম্যাচের পর করা এক্স-রেতে দেখা যায়, সাকিবের আঙুলের পিআইপি জয়েন্টে (আঙুলের হাড়ের জোড়া) চিড় ধরা পড়েছে। সম্পূর্ণ সুস্থ হতে তিন থেকে চার সপ্তাহ প্রয়োজন হবে সাকিবের।’

বায়জেদুল ইসলাম জানান, আজই দেশে ফিরছেন সাকিব। তিনি বলেন, ‘রিহ্যাবের জন্য আজই (মঙ্গলবার) দল ছেড়ে বাংলাদেশে ফিরবেন সাকিব।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD