শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন




মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা কী কী সুযোগ-সুবিধা পান?

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪ ৫:৩৯ pm
Prime Minister Sheikh Hasina Wazed প্রধানমন্ত্রী শেখ হাসিনা Sheikh Hasina Prime Minister Bangladesh প্রধানমন্ত্রী শেখ হাসিনা Cabinet Secretary মন্ত্রিপরিষদ hasina pm
file pic

পঞ্চমবারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শেখ হাসিনা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে শপথগ্রহণ করেন আওয়ামি লীগের সভাপতি। সঙ্গে শপথগ্রহণ করেন ২৫ জন পূর্ণমন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী। অর্থাৎ সবমিলিয়ে ৩৭ জনকে শপথবাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। পরে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় কোন মন্ত্রীর হাতে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

গাড়ি, বাড়ি, চিকিৎসা খরচসহ নানা ধরনের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের সুযোগ-সুবিধা নির্ধারণ করা আছে ‘দ্য মিনিস্টার্স, মিনিস্টার্স অভ স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) অ্যাক্ট’-এ। তারা কী কী সুযোগ-সুবিধা পান, তা দেখে নেওয়া যাক।

প্রধানমন্ত্রীর বেতন-ভাতা

দ্য প্রাইম মিনিস্টারস (রেমুনারেশেন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬ অনুযায়ী, বাংলাদেশের প্রধানমন্ত্রীর মাসিক বেতন ১ লাখ ১৫ হাজার টাকা। এছাড়া তিনি মাসিক বাড়ি ভাড়া পান ১ লাখ টাকা, দৈনিক ভাতা পান ৩,০০০ টাকা।

প্রধানমন্ত্রীর জন্য রয়েছে সরকারি বাসভবন (গণভবন)। সেই ভবনের আসবাব ও রক্ষণাবেক্ষণ সব খরচ বহন করবে সরকার। প্রধানমন্ত্রী যদি সরকারি বাসভবনে না থেকে নিজের বা ভাড়া বাসায় থাকেন, তাহলে তিনি বাসা ভাড়া বাবদ মাসে ১ লাখ টাকা পাবেন। এছাড়া প্রধানমন্ত্রী নিজের এবং পরিবারের সদস্যদের ভ্রমণভাতা এবং দেশে বিনামূল্যে চিকিৎসাসুবিধা পান।

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা কী কী সুযোগ-সুবিধা পান

১. বেতন

নিয়ম অনুযায়ী, বাংলাদেশের একজন পূর্ণমন্ত্রী মাসে ১ লাখ ৫ হাজার টাকা বেতন পান। প্রতিমন্ত্রীরা বেতন পান ৯২ হাজার টাকা। আর উপমন্ত্রীর বেতন ৮৬ হাজার ৫০০ টাকা।

২. চিকিৎসা ব্যয়

মন্ত্রিসভার সদস্যদের চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করে থাকে বাংলাদেশ সরকার। সর্বোচ্চ চিকিৎসা ব্যয় কত হবে, তার কোনো সীমারেখা নেই। তবে খরচের ভাউচার মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিতে হবে।

৩. বিমান খরচ

বিমান ভ্রমণের ক্ষেত্রে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা বছরে ১০ লাখ টাকার বিমাসুবিধা পান।

৪. বাসভবন

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সরকারি বাসভবন বরাদ্দ দেওয়া হয়। কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী যদি সরকারি বাসভবনের পরিবর্তে ভাড়াবাড়ি বা নিজের বাড়িতে থাকেন, তাহলে তাকে অর্থ প্রদান করা হয়। মাসে বাড়িভাড়া বাবদ পূর্ণমন্ত্রীদের ৮০ হাজার টাকা দেওয়া হয়; আর প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা পান ৭০ হাজার টাকা। নিজের বাড়িতে থাকলে বাড়ি সংস্কারের টাকাও দেওয়া হয়।

৫. বাড়ি সাজানোর ভাতা, বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাস বিল

সরকারি বাড়ি সাজসজ্জা করতে একজন মন্ত্রী বছরে ৫ লাখ টাকা পান; প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা পান ৪ লাখ টাকা করে। এছাড়া মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদেরর বাড়ির বিদ্যুতের বিল, পানি বিল, গ্যাসের বিল বাবদ যা খরচ হয়, সেটার পুরোটাই দেবে সরকার।

৬. ভ্রমণ ও আপ্যায়ন ভাতা

কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী যদি বাংলাদেশের কোনো জায়গায় যান, তাহলে তাদের ভাতা দেওয়া হয়। একজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী দেশের ভেতরে কোথাও ভ্রমণে গেলে দৈনিক ২ হাজার টাকা করে ভ্রমণ ভাতা পান; আর উপমন্ত্রী পান ১,৫০০ টাকা করে। আপ্যায়ন ভাতা হিসেবে মন্ত্রীদের মাসে ১০ হাজার টাকা দেওয়া হয়, আর প্রতিমন্ত্রীদের জন্য ৭,৫০০ টাকা ও উপমন্ত্রীদের জন্য ৫,০০০ টাকা বরাদ্দ রয়েছে।

৭. এলাকার উন্নয়নে বরাদ্দ

নিজের এলাকার মসজিদ, মন্দির উন্নয়নসহ এলাকার মানুষের দাতব্য কাজে একজন মন্ত্রী বছরে ১০ লাখ টাকা করে পান। আর প্রতিমন্ত্রী এ খাতে পান ৭ লাখ ৫০ হাজার ও উপমন্ত্রী পান ৫ লাখ টাকা করে। এলাকার উন্নয়নে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের এই টাকার কোনো অডিট হয় না।

৮. গাড়ি, মোবাইল ফোন, জ্বালানি খরচ

একটি সরকারি গাড়ি, মোবাইল ফোন দেওয়া হয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের। এ ছাড়া সরকারি প্রয়োজনে বিশেষ করে নির্বাচনী এলাকায় ভ্রমণের সময় তারা মন্ত্রণালয়ের অধীনে যেকোনো সংস্থা বা দপ্তর থেকে একটি জিপ গাড়ি পাবেন। গাড়ির জন্য জ্বালানির টাকাও দেওয়া হবে তাদের। তবে যত জ্বালানি তেল খরচ হবে, সেটা পুরোটা দেওয়া হবে না। দিনে সর্বাধিক ১৮ লিটার তেলের খরচ বহন করবে সরকার।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD