বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন




৪৫ বছরের কম বয়সীরা ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হতে পারবেন না

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:০৫ pm
Central Bank কেন্দ্রীয় ব্যাংক Bangladesh Bank bb বাংলাদেশ ব্যাংক বিবি
file pic

৪৫ বছরের কম বয়সী কেউ ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হতে পারবেন না। বুধবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে বলা হয়েছে, স্বতন্ত্র পরিচালক হিসেবে নিযুক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ন্যূনতম ১০ বছরের ব্যবস্থাপনা বা ব্যবসায়িক বা পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ন্যূনতম বয়স ৪৫ বছর এবং সর্বোচ্চ বয়স হবে ৭৫ বছর।

স্বতন্ত্র পরিচালকের সংজ্ঞায় বলা হয়েছে, যিনি ব্যাংক-কোম্পানির ব্যবস্থাপনা ও শেয়ারহোল্ডার পদ থেকে স্বাধীন এবং যিনি কেবল ব্যাংক-কোম্পানির স্বার্থে স্বীয় মতামত প্রদান করবেন এবং ব্যাংকের সঙ্গে কিংবা ব্যাংক সংশ্লিষ্ট কোনও ব্যক্তির সঙ্গে যার অতীত, বর্তমান বা ভবিষ্যত কোনও প্রকৃত স্বার্থ কিংবা দৃশ্যমান স্বার্থের বিষয় জড়িত নন।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যাংক বা কোম্পানির পরিচালক সংখ্যা ২০ জনের কম হলে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা হবে দুই জন।

স্বতন্ত্র পরিচালককে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, ব্যাংকিং, ফিন্যান্স, ব্যবসায় প্রশাসন, আইন, হিসাববিজ্ঞান বিষয়ের স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। নতুন প্রবর্তিত ডিজিটাল ব্যাংকের স্বতন্ত্র পরিচালক নিয়োগের ক্ষেত্রে তথ্য-প্রযুক্তি বিষয়ে উচ্চতর প্রাতিষ্ঠানিক শিক্ষাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। সরকারি বা বেসরকারি বা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ বা ব্যবসায় প্রশাসন, ব্যবস্থাপনা, আইন ও তথ্য প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞ শিক্ষক, আইন পেশায় নিয়োজিত ব্যক্তি, হিসাব পেশায় নিয়োজিত হিসাববিজ্ঞান বিষয়ে প্রফেশনাল ডিগ্রিধারী ব্যক্তি, অভিজ্ঞ ব্যাংকার, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অর্থ বিভাগ, শিল্প মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের অভিজ্ঞ কর্মকর্তাদের অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা যাবে।

কোনও ব্যাংক বা ব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কোনও প্রকৃত স্বার্থ কিংবা দৃশ্যমান স্বার্থের বিষয়ে জড়িত কোনও ব্যক্তি উক্ত ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হতে পারবেন না। ব্যাংক-কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগের জন্য মনোনীত ব্যক্তির পরিবারের কোনও সদস্য সংশ্লিষ্ট ব্যাংক-কোম্পানির শেয়ার ধারণ করতে পারবেন না এবং ওই ব্যাংক-কোম্পানির কোনও লাভজনক পদে নিয়োজিত থাকতে পারবেন না।

স্বতন্ত্র পরিচালক হিসেবে মনোনীত কোনও ব্যক্তি অন্য কোনও ব্যাংক-কোম্পানি, ফাইন্যান্স কোম্পানি আইন-২০২৩ এর আওতায় প্রতিষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি বা এরকম কোম্পানির কোনও সাবসিডিয়ারি কোম্পানির পক্ষে পরিচালক হিসেবে নিযুক্ত থাকতে পারবেন না। তাছাড়াও মনোনীত স্বতন্ত্র পরিচালক এমন কোনও কোম্পানি বা প্রতিষ্ঠান যা ওই ব্যাংক- কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান বা বীমা কোম্পানির ওপর নিয়ন্ত্রণ, যৌথ নিয়ন্ত্রণ বা উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করে এরূপ কোম্পানি বা প্রতিষ্ঠানের পক্ষে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না।

মনোনীত স্বতন্ত্র পরিচালক ফৌজদারি কোনও অপরাধে দণ্ডিত হননি কিংবা জাল-জালিয়াতি, আর্থিক অপরাধ বা অন্যবিধ অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নেই বা ছিলেন না; তার সম্পর্কে কোনও দেওয়ানি বা ফৌজদারি মামলায় আদালতের রায়ে কোনোরূপ বিরূপ পর্যবেক্ষণ বা মন্তব্য নেই; ব্যাংকিং কিংবা স্বীয় পেশায় দায়িত্ব পালনকালে কোনও রকম অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন না; কোনও পাওনাদারের প্রাপ্য পরিশোধ বন্ধ করেননি কিংবা পাওনাদারের সঙ্গে আপসরফার মাধ্যমে পাওনা আদায় হতে অব্যাহতি লাভ করেননি বা তিনি ঋণ খেলাপী নন; কর খেলাপী নন; কোনও সময় আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হননি; কোনও ব্যাংক কর্তৃক বা ফাইন্যান্স কোম্পানি আইন-২০২৩ এর আওতায় প্রতিষ্ঠিত কোনও আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক ইচ্ছাকৃত খেলাপী ঋণ গ্রহীতা হিসেবে তালিকাভুক্ত ব্যক্তির তালিকা থেকে অব্যাহতি প্রাপ্তির ৫ বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত কোনও ব্যাংকের পরিচালক হওয়ার যোগ্য হবেন না।

এছাড়া নিশ্চিত করতে হবে, মনোনীত স্বতন্ত্র পরিচালক আর্থিক খাত সংশ্লিষ্ট কোনও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের বিধিমালা, প্রবিধান, নীতিমালা বা নিয়মাচার লঙ্ঘনজনিত কারণে দণ্ডিত হননি; এমন কোনও কোম্পানি/প্রতিষ্ঠানের মালিকানার সঙ্গে যুক্ত ছিলেন না, যার নিবন্ধন/লাইসেন্স বাতিল করা হয়েছে বা প্রতিষ্ঠানটি অবসায়িত হয়েছে।

আর্থিক সুবিধা

ব্যাংক-কোম্পানির স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্বপালনকারি ব্যক্তি যেসব আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন–

ক) ব্যাংক-কোম্পানির স্বতন্ত্র পরিচালকগণ প্রতি মাসে স্থায়ী সম্মানি বাবদ ৫০ হাজার টাকা (প্রযোজ্য কর কর্তন সাপেক্ষে) প্রাপ্য হবেন।

খ) ব্যাংক-কোম্পানির পর্ষদ/সহায়ক কমিটির প্রতিটি সভায় উপস্থিতির জন্য সম্মানি হিসেবে সর্বোচ্চ ১০ হাজার টাকা (প্রযোজ্য কর কর্তন সাপেক্ষে) প্রাপ্য হবেন।

গ) কোনও মাসে ব্যাংক-কোম্পানির পর্ষদ ও অন্যান্য সহায়ক কমিটির যত সংখ্যক সভাই অনুষ্ঠিত হোক না কেন, প্রতি মাসে সর্বোচ্চ পরিচালনা পর্ষদের ২টি সভা, নির্বাহী কমিটির ৪টি সভা, অডিট কমিটির ১টি সভা ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির ১টি সভায় উপস্থিতির জন্য এরূপ সম্মানি প্রাপ্য হবেন।

ঘ) ব্যাংকের পর্ষদ/সহায়ক কমিটির সভায় অংশগ্রহণের জন্য দেশের অভ্যন্তরে অন্য কোনও বিভাগীয়/জেলা শহর থেকে প্রধান কার্যালয়ে/সভাস্থলে আসা যাওয়ার জন্য সর্বোচ্চ ২ দিনের জন্য হোটেলে অবস্থান ও ভ্রমণ ব্যয় প্রাপ্য হবেন।

ঙ) সংশ্লিষ্ট পরিচালককে ভ্রমণ খরচ ও হোটেলে অবস্থান বিলের অর্থ পরিশোধের ক্ষেত্রে প্রকৃত খরচের রসিদ (যেমন-ভ্রমণ টিকেট, বিমানের টিকেট, হোটেলে অবস্থানের বিল পরিশোধের রসিদ/ভাউচার ইত্যাদি) দাখিল করতে হবে এবং দাখিলকৃত প্রমাণাদি ব্যাংক কর্তৃক সংরক্ষণ করতে হবে।

পর্ষদ বা পর্ষদের বিভিন্ন সহায়ক কমিটিতে স্বতন্ত্র পরিচালকের মতামতকে যথাযথ গুরুত্ব প্রদান করা না হলে অথবা ব্যাংক পরিচালনায় যে কোনও ধরনের অসঙ্গতি দেখা গেলে তিনি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনসহ ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগকে লিখিতভাবে অবহিত করবেন। স্বতন্ত্র পরিচালক থেকে ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান/সভাপতি নির্বাচন করতে হবে। অডিট কমিটির চেয়ারম্যান/ সভাপতির মেয়াদ হবে ৩ বছর। কোনও স্বতন্ত্র পরিচালক পরপর দুই মেয়াদে অডিট কমিটির চেয়ারম্যান/সভাপতি পদে দায়িত্ব পালন করতে পারবেন না। তিনি পরিচালনা পর্ষদে আমানতকারী ও সাধারণ শেয়ারহোল্ডারগণের (পরিচালক ব্যতীত) স্বার্থ সংরক্ষণে সর্বদা সচেষ্ট থাকবেন।

মেয়াদ ও অপসারণ

সাধারণভাবে স্বতন্ত্র পরিচালকরা ৩ বছর মেয়াদের জন্য নিযুক্ত হবেন। সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে পরিচালনা পর্ষদ সংশ্লিষ্ট স্বতন্ত্র পরিচালককে অপসারণের জন্য বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করতে পারবে। স্বতন্ত্র পরিচালক নিজে ৭ দিনের নোটিশ দিয়ে স্বতন্ত্র পরিচালক পদ থেকে পদত্যাগ করতে পারবেন। বাংলাদেশ ব্যাংক সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে যে কোনও স্বতন্ত্র পরিচালককে অপসারণ করতে পারবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD