শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন




তীব্র তাপপ্রবাহে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান

তীব্র দাবদাহ: অনলাইনে ক্লাস, নিষেধ নেই কর্তৃপক্ষের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪ ৮:৩৮ pm
Multimedia Classroom Class room মাল্টিমিডিয়া ক্লাসরুম ক্লাস রুম examination exam school admission Online Class অনলাইন ক্লাস বিশ্ববিদ্যালয় ক্লাস classroom class room মাধ্যমিক শ্রেণি শিক্ষা প্রতিষ্ঠান এমসিকিউ পরীক্ষা কলেজ স্কুল শিক্ষক প্রাথমিক বিশ্ববিদ্যালয় ক্লাস
file pic

রমজান ও ঈদ উপলক্ষ্যে টানা ২৬ দিন ছুটি ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। এরপর যুক্ত হলো ‘গরমের কারণে’ ৫ দিনের ছুটি। এতে শিক্ষার্থীদের ‘শিখন ঘাটতি’ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে রাজধানী ঢাকার অনেক প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস নেওয়া শুরু করেছে। এতে বাধা দিচ্ছে না কর্তৃপক্ষ। তবে তারা বলছে, যারা অনলাইনে ক্লাসে অংশ নিতে পারবে না তাদের ‘অনুপস্থিত’ দেখানো যাবে না।

২৬ দিন বন্ধের পর নতুন করে ৫ দিন ছুটি যোগ হওয়ায় নির্দিষ্ট সময়ে সিলেবাস শেষ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন শিক্ষকরা। ঘাটতি পোষাতে তাই অনলাইনে ক্লাস নিতে শুরু করেছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। স্কুল-কলেজের পাশাপাশি সরকারি-বেসরকারি অনেক বিশ্ববিদ্যালয়ও অনলাইনে ক্লাস ও পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে।

রোববার অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকসহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ও একইরকম ঘোষণা দিয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস শুরু হয়েছে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আহমেদ তাজমীনের সই করা এক বার্তায় শিক্ষার্থীদের জানানো হয়, দেশে চলমান তাপপ্রবাহের কারণে ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্লাস অনলাইন পদ্ধতিতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে ২১ এপ্রিল (রবিবার) থেকে ২৭ এপ্রিল (শনিবার) পর্যন্ত সকল ক্লাস অনলাইন প্ল্যাটফর্মে পরিচালিত হবে।

রাজধানীর বেশে কয়েকটি স্কুল-কলেজের প্রধানরা জানান, অনলাইনে ক্লাস নেওয়ার বিষয়টি শিক্ষার্থীদের জানিয়ে দিয়েছেন তারা।

মহাখালী ডিওএইচএস বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের অভিভাবকদের অনলাইনে ক্লাস নেওয়ার হবে বলে এসএমএস দেওয়া হয়। সেই অনুযায়ী আজ থেকে প্রতিষ্ঠানটির সব ক্লাস অনলাইনে নেওয়া হচ্ছে।

অনলাইনে ক্লাস করছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও। একইভাবে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজসহ বেশিরভাগ প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী বলেন, আমরা অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছি। তবে, এটা বাধ্যতামূলক নয়। কোনো শিক্ষার্থী যদি অনলাইনে ক্লাসে যুক্ত না থাকে, তাকে অনুপস্থিত দেখানো হবে না।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর সৈয়দ জাফর আলী বলেন, সরকার বিশেষ দুযোর্গকাল হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান পাঁচদিন বন্ধ ঘোষণা করেছে। এসময় কেউ অনলাইনে ক্লাস নিলে নিষেধ নেই।

তিনি বলেন, চলতি শিক্ষাবর্ষে প্রায় সব শ্রেণিতে নতুন কারিকুলামে পাঠদান চলছে। তাই শিখন ঘাটতি পোষাতে যেসব প্রতিষ্ঠান অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে, তাদের সাধুবাদ জানাই।

গত কয়েকদিন ধরে প্রচণ্ড গরম পড়ছে দেশের সব অঞ্চলে। এতে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। এ অবস্থায় শিক্ষার্থী ও অভিভাবকদের একাংশের দাবির মুখে গতকাল স্কুল-কলেজ ৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এরপর রাতের দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সব কলেজের ক্লাসও বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া আলাদা বিজ্ঞপ্তি দিয়ে কারিগরি ও মাদ্রাসা অধিদপ্তরও তাদের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয়।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও রমরমা কোচিং বাণিজ্য

সারাদেশে বইছে তীব্র তাপপ্রবাহ। সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। অতি প্রয়োজন ছাড়া দিনের বেলায় বাইরে চলাফেরা না করার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। অথচ পুরোদমে চলছে কোচিং সেন্টারগুলো। স্কুল-কলেজের শিক্ষকদের ব্যাচ করে প্রাইভেট পড়ানোও বন্ধ নেই। ফলে তীব্র গরমের মধ্যে ঝুঁকি নিয়ে বাইরে বের হতে হচ্ছে শিক্ষার্থীদের।

অভিভাবকরা বলছেন, কোচিং ও প্রাইভেটে না গেলেও মাস গেলেই ফি গুনতে হবে। টাকা খরচ করে সন্তানদের ঘরে বসিয়ে রাখতে চাইছেন না তারা। এজন্য শিক্ষার্থীদের কোচিংয়ে যেতে বাধ্য করছেন অভিভাবকরাও।

অন্যদিকে কোচিং সেন্টারগুলো বলছে, রমজান ও ঈদের ছুটির কারণে দীর্ঘদিন কোচিং বন্ধ ছিল। অভিভাবকরাই এখন ক্লাস চালু করতে বলছেন। তাছাড়া বড় কোচিং সেন্টারগুলোর ক্লাসরুমে এসি থাকায় গরমে শিক্ষার্থীদের ভোগান্তি হচ্ছে না। এজন্য তারা কোচিংয়ে ক্লাস চালাচ্ছেন।

রাজধানীসহ সারাদেশে শাখা রয়েছে উদ্ভাস কোচিং সেন্টারের। ঢাকায় ১৭টিসহ বর্তমানে সারাদেশে উদ্ভাসের শাখা ৮৯টি। রোববার (২১ এপ্রিল) থেকে এ কোচিং সেন্টারের সব শাখায় পুরোদমে ক্লাস শুরু হয়েছে। স্কুলে না গেলেও শিক্ষার্থীরা কোচিংয়ে যাচ্ছে। উপস্থিতিও বেশ ভালো বলেই জানিয়েছেন কোচিং সেন্টারের শিক্ষক-কর্মচারীরা।

উদ্ভাস কোচিং সেন্টারের রাজধানীর শান্তিনগর শাখার কো-অর্ডিনেটর রাকিব জানান, তার শাখায় চারটি ব্যাচে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী রয়েছে। রোববার ছুটির পর প্রথম দিন ক্লাস হচ্ছে। শিক্ষার্থীরা সব আশপাশের হওয়ায় প্রায় সবাই কোচিংয়ের ক্লাসে এসেছেন।

খিলগাঁও শাখার ইনচার্জ ও সিনিয়র এক্সিকিউটিভ মনির হোসাইন। তিনি বলেন, ‘অনেক দিন বন্ধ ছিল কোচিং। শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ। অনেক অভিভাবকই আমাদের বলছেন—যেন কোচিংয়ে পড়াশোনাটা চালানো হয়। তারপরও যদি উদ্ভাস কর্তৃপক্ষ কোচিং বন্ধের সিদ্ধান্ত নেয়, সেটা জানালে আমার শাখাও বন্ধ থাকবে।’

তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। তার মধ্যে কোচিং কেন খোলা রাখা হচ্ছে, এমন প্রশ্নে উদ্ভাসের ডেপুটি চিফ ম্যানেজার মো. আসাদুজ্জামান বলেন, ‘সারাদেশে আমাদের যত শাখা আছে, তার সবগুলোতে ক্লাসরুমে এসি রয়েছে। নিজস্ব জেনারেটর ব্যবস্থা আছে। লোডশেডিং হলেও শিক্ষার্থীদের কোনো ভোগান্তি হবে না। এজন্য আমরা গরমের মধ্যেও ক্লাস চালু করার সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তী সময়ে অন্য কোনো সিদ্ধান্ত হলে সেটা জানিয়ে দেওয়া হবে।’

উদ্ভাসের শান্তিনগর শাখার নবম শ্রেণির একজন শিক্ষার্থীর বাবা নাম প্রকাশ না করে বলেন, ‘অনেক টাকা খরচা করে সন্তানকে ভর্তি করিয়েছি। ঈদের সময় অনেক দিন ছুটি ছিল। কিন্তু মাসিক বেতন ঠিকই পরিশোধ করতে হয়েছে। এখন তারা কোচিং খোলা রেখেছেন। যদি ছেলেকে না-ও পাঠাই, মাস শেষে বেতন দিতেই হবে। মানে কোচিংয়ে না গেলেও ফি গুনতে হবে। এজন্য কোচিংয়ে পাঠাচ্ছি।’

কোচিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক মাহবুব আরেফিন। তার পরিচালিত কোচিং সেন্টার বাংলাদেশ ক্যাডেট অ্যাকাডেমিও বর্তমানে খোলা। ঈদের ছুটির পর ১৬ এপ্রিল থেকে তার কোচিং সেন্টারে ক্লাস চলছে। রাজধানীর বিভিন্ন জায়গায় তার চারটি শাখা রয়েছে। সেখানে এক হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে।

মাহবুব আরেফিন বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান আর কোচিংয়ের পরিবেশ এক নয়। অধিকাংশ কোচিং সেন্টারে এখন এসি রয়েছে। বিদ্যুৎ চলে গেলে আইপিএস রয়েছে। তাছাড়া বেশিরভাগ কোচিং সেন্টার সকালে এবং সন্ধ্যার দিকে চালানো হচ্ছে। এতে যে সময়টাতে বেশি তাপপ্রবাহ থাকে, তখন শিক্ষার্থীদের বাইরে বের হতে হচ্ছে না।’

কোচিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বন্ধের কোনো সিদ্ধান্ত বা এ নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘না। আমাদের বন্ধের কোনো সিদ্ধান্ত নেই। কেউ যদি নিজ উদ্যোগে বন্ধ রাখে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার।’

কোচিং সেন্টারের মতোই পুরোদমে চালু রয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের ব্যাচভিত্তিক প্রাইভেট পড়ানো। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলসহ নামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা শিক্ষার্থীদের ব্যাচভিত্তিক প্রাইভেট পড়িয়ে থাকেন।

২৬ দিনের ছুটির পর শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি চিন্তা করে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা হলেও শিক্ষকরা প্রাইভেট পড়ানো বন্ধ করেননি। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। তবে কোনো শিক্ষকই প্রাইভেট চালু রাখার কথা স্বীকার করেননি। অনেকে দাবি করেছেন, তিনি প্রাইভেট পড়ানই না।

ব্যাচভিত্তিক প্রাইভেট পড়া শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে গ্রুপ রয়েছে শিক্ষকদের। সেখানে তীব্র গরমের মধ্যেও ‘প্রাইভেট পড়ানো চলবে’ বলে বার্তা পাঠিয়েছেন শিক্ষকরা। এমন কয়েকটি বার্তার স্ক্রিনশট জাগো নিউজের হাতে এসেছে। বিষয়টি নিয়ে ওই শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তা অস্বীকার করেছেন।

কোচিং সেন্টারের মতো রাজধানীর কিছু কিন্ডারগার্টেন স্কুলও তীব্র এ গরমে চালু রাখা হয়েছে। রাজধানীর উত্তরবাড্ডা, রামপুরা, উলন রোড, মহাখালী ও মিরপুর এলাকার বেশ কিছু কিন্ডারগার্টেনে মর্নিং শিফট করে ক্লাস নেওয়ার তথ্য পাওয়া গেছে।

রামপুরার উলান রোডের সপ্তবর্ণ বিদ্যা নিকেতনের পরিচালক মারুখা খান বলেন, ‘আমাদের ছাত্র-ছাত্রীরা সব আশপাশের। ক্লাস শুরু হয় সকাল সাড়ে ৭টা থেকে। সাড়ে ১০টায় শেষ। গরম বেশি পড়ার আগেই স্কুল ছুটি হয়ে যাচ্ছে। ফলে শিশুদের সমস্যা হচ্ছে না।’

সার্বিক বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী বলেন, ‘কোচিং সেন্টার চালু থাকলে সেগুলো নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী বা সরকারের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত সংস্থা ব্যবস্থা নেবে। তবে শিক্ষকরা যদি কোচিং করান বা বাসায় ব্যাচভিত্তিক প্রাইভেট পড়ান, সেক্ষেত্রে তথ্য-প্রমাণ পেলে আমরা ব্যবস্থা নেবো।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD