প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তুরস্ক থেকে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করার আবহ্বান রেখে বলেছেন, ব্যবসা-বাণিজ্যের জন্য বাংলাদেশ এখন প্রস্তুত এবং দুই দেশ সম্পর্কের পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে পারে।
প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে সোমবার ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন সৌজন্য সাক্ষাৎ করতে এলে সেখানে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় এই তথ্য দিয়ে বলা হয়েছে, তারা দুই দেশের মধ্যে বাণিজ্য, অর্থনীতি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও গভীর করার উপায়, রোহিঙ্গা সংকট এবং দুই মুসলিমপ্রধান দেশের শিক্ষার্থী বিনিময় বাড়ানো নিয়ে আলোচনা করেন।
প্রধান উপদেষ্টা সাম্প্রতিক বন্যায় তুরস্কের মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশের দক্ষিণ-পূর্বে রোহিঙ্গা শরণার্থীদের ধারাবাহিক সহায়তার প্রশংসা করেন।
দুই দেশের মধ্যে বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর জন্য তুরস্কের সরকারি প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের প্রশংসাও করেন প্রধান উপদেষ্টা।
বাংলাদেশে আরও তুর্কি বিনিয়োগের আমন্ত্রণ জানিয়ে মুহাম্মদ ইউনূস বলেন, “ব্যবসা-বাণিজ্যের জন্য এখন সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ এবং দুই দেশের সম্পর্কের পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে।”
তিনি তুরস্কের রাষ্ট্রপতি এবং ফার্স্ট লেডিকে উপযুক্ত সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
গত বছর তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি প্রকাশ এবং তাদের জন্য প্রায় দশ হাজার তাঁবু পাঠানোর জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান তুর্কি রাষ্ট্রদূত।
আসন্ন ‘বিশ্ব হালাল শীর্ষ সম্মেলন’ এবং ইস্তাম্বুলে মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেওয়ার জন্য বাংলাদেশকে আঙ্কারার পক্ষ থেকে আমন্ত্রণ করেন রাষ্ট্রদূত রামিস সেন।
তিনি বলেন, একটি তুর্কি সরকারি প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশ সফর করছে, নতুন ব্যবসা ও বাণিজ্যের সুযোগ খুঁজে দেখছে এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টায় সহায়তা করছে।
সেন বলেন, “আমরা বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে চাই।”
সম্প্রতি বন্যাকবলিত ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় তুরস্কের একটি দল মানবিক সহায়তা দিয়েছে বলে তুলে ধরেন রাষ্ট্রদূত সেন।
তুর্কি রাষ্ট্রদূত বলেন, বর্তমানে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ১ দশমিক ১ বিলিয়ন ডলারের হলেও উভয় দেশের জন্য রপ্তানি বাড়ানোর বিশাল সুযোগ রয়েছে।
তুরস্কের বাণিজ্য মন্ত্রীর আগামী ডিসেম্বরে বাংলাদেশ সফরের কথা তুলে ধরে সেন বলেন, বাংলাদেশের ব্যবসায়ীদের তুরস্কে সফর করে তুর্কি ব্যবসায়ীদের সাথে আরও সম্পৃক্ত হওয়ার ওপর সুযোগ রয়েছে।