বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন




রিটার্ন দাখিলের সময় বাড়ালো এনবিআর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪ ৬:৩৩ pm
করদাতা nbr National Board of Revenue জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর nbr আয়কর রিটার্ন Income tax
file pic

২০২৪-২৫ করবর্ষের আয়কর রিটার্ন জমা দেয়ার সময় আরও এক মাস বাড়ানো হয়েছে। করদাতারা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন।

ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় বৃদ্ধি করা হয়েছে। এনবিআরের পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ. মু’মেন রোববার (১৭ নভেম্বর) এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে এনবিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আয়কর আইন ২০২৩ অনুযায়ী ২০২৪-২৫ করবর্ষের জন্য কোম্পানি ছাড়া সব শ্রেণির করদাতার আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। এ বছর জাতীয় রাজস্ব বোর্ড বিশেষ আদেশের মাধ্যমে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অবস্থিত সব সরকারি কর্মচারী, সারাদেশের সব তফশিলি ব্যাংকের কর্মকর্তা/কর্মচারী, সারাদেশের সব মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারী এবং ওই আদেশে উল্লেখিত বহুজাতিক কোম্পানিতে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করেছে।

আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধির জন্য বিভিন্ন পেশার করদাতাদের পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করা হয়। এরই মধ্যে তিন লাখ ৭৫ হাজার করদাতা অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছেন।

এর আগে গত ২০২৩-২৪ করবর্ষে ৩১ জানুয়ারি পর্যন্ত ব্যক্তি করদাতাদের রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছিল।

সাধারণত ৩০ নভেম্বর পর্যন্ত রিটার্ন দাখিলের সময় নির্ধারণ করা থাকে। ওই দিন কর দিবস হিসেবে পালন করা হয়। তবে এবার অন্য কোনো একটি দিনে কর দিবস পালন করার পরিকল্পনা রয়েছে এনবিআরের।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD