দীর্ঘদিন পর সংগীতের মঞ্চে ফিরেছিলেন বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। শ্রোতারাও মুগ্ধ হয়ে তার গান শুনছিলেন। এমন সময় হঠাৎ মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়।
শনিবার সকালে সাবিনা ইয়াসমিনের মেয়ে সংগীতশিল্পী ইয়াসমিন ফায়রুজ বাঁধন গণমাধ্যমকে বলেন, ‘সাবিনা ইয়াসমীনকে চিকিৎসকেরা এখনো পর্যবেক্ষণে রেখেছেন। তাকে আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হবে।’
ফায়রুজ বাঁধন জানান, আজ একই মঞ্চে গাওয়ার কথা ছিল সাবিনা ইয়াসমীনের। ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের মঞ্চে গাওয়ার কথা রয়েছে বরেণ্য এই শিল্পীর। তবে হাসপাতালে ভর্তি থাকা ও চিকিৎসকের পরামর্শে আপাতত কোনো অনুষ্ঠানে গাওয়া হবে না।
গতকাল রাতে সংগীতশিল্পী জাহাঙ্গীর সাইদ বলেছিলেন, ‘সাবিনা আপার ভার্টিগো সমস্যা রয়েছে। হঠাৎ গাইতে গাইতে তিনি ভার্টিগো সমস্যায় পড়েন। এরপর মাইক্রোফোন স্ট্যান্ড ধরতে গিয়ে ভারসাম্য রাখতে পারেননি। পড়ে যান। তারপর দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা প্রাথমিক সব চিকিৎসা করেন।’
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন বরেণ্য এই শিল্পী। অসুস্থতার কারণেই গান থেকে দূরে ছিলেন। এখন খানিকটা সুস্থ বোধ করায় আবারও স্টেজ শোয়ে ফিরেছিলেন তিনি।