শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন




তিতুমীরকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি যৌক্তিক নয়: শিক্ষা উপদেষ্টা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫ ৮:০৩ pm
ওয়াহিদউদ্দিন ওয়াহিদ উদ্দিন মাহমুদ Wahiduddin Mahmud economist member of the United Nations Committee for Development Policy Ministry of Finance and Planning in the Caretaker Government of Bangladesh ওয়াহিদউদ্দিন মাহমুদ প্রখ্যাত অর্থনীতিবিদ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের সময় অর্থ মন্ত্রণালয় দায়িত্ব পালন Wahiduddin Mahmud
file pic

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যে দাবি সেটিকে ‘বিশেষ বিবেচনা’ করেননি বলেছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। সময় বেঁধে দিয়ে একটা কলেজকে হঠাৎ করে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি যৌক্তিক নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, “আমি কোনো বিশেষ বিবেচনা করিনিতো।

“সময় বেঁধে দিয়ে একটা কলেজকে হঠাৎ করে সময়সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করে কোনো যৌক্তিক দাবি না। আমরা এখন থেকে আর এ ধরনের সময় বেঁধে দেওয়া দাবির মুখে সিদ্ধান্ত নেব না; যেটা শুধু আমাদের সময়ের না, একটা অযৌক্তিক সিদ্ধান্ত ভবিষ্যতের বহু দিনের জন্য একটা বোঝা হয়ে থাকবে।”

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ সাত দফা দাবি নিয়ে শিক্ষার্থীরা অনশন ও দফায় দফায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে আসছেন। এমন পরিস্থিতিতে শনিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতি বলা হয়েছিল, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবির বিষয়টি সরকার ‘বিশেষভাবে বিবেচনা করছে’।

গত ২৭ জানুয়ারি রাতে ‘তিতুমীর ঐক্যর তরফে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো গঠনে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়। দাবি মানা না হলে বৃহস্পতিবার থেকে অবরোধের ঘোষণাও দেওয়া হয় তখন।

ওই রাতেই ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন’ লেখা ব্যানার টাঙিয়ে কলেজের মূল ফটকের সামনে অনশন শুরু করেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম ‘তিতুমীর ঐক্যর’ সাত দফার মধ্যে রয়েছে, রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ; ‘বিশ্ববিদ্যালয়’প্রশাসন গঠন করে ২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা এবং শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা কিংবা শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন করা।

রাজাধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে উপদেষ্টা সাংবাদিকদের ব্রিফিং করেন।

অন্তর্বর্তীকালীন সরকার ‘দাবি-দাওয়া পূরণের জন্য আসেনি’ মন্তব্য করে শিক্ষা তিনি বলেন, “আমরা এসেছি সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য। সেই ফাঁকে ছোট ছোট রিফর্মগুলো করে ফেলতে চেষ্টা করব।

“আমরা পরিষ্কারভাবে বলেছি শিক্ষা মন্ত্রণালয় থেকে, সাতটা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়কে চায় না। ঢাকা বিশ্ববিদ্যালয় সাতটা কলেজকে চায় না। এটা যুক্তিসঙ্গত। এ কারণে সাতটা কলেজকে পৃথকভাবে একটা বিশ্ববিদ্যালয়ের আদলে তৈরি করার জন্য একটা বিশেষজ্ঞ কমিটি আছে, ইউজিসি চেয়ারম্যানের অধীনে। সেই সাত কলেজের মধ্যে তিতুমীর কলেজও আছে। তাদের ব্যাপারেও বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে সেখানে।

“এই সাত কলেজের ছাত্রছাত্রীদের যেসব বিড়ম্বনা এ কয়েক বছর ধরে, তাদের যে অসুবিধাগুলো; এগুলোর জন্য তিতুমীর কলেজসহ সবগুলো কলেজের প্রতিনিধিদের সঙ্গে তারা বসেছেন।”

বাংলাদেশে অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় কলেজ আছে মন্তব্য করে উপদেষ্টা বলেন, “সবচেয়ে ঐতিহ্যবাহী কলেজ হল রাজশাহী কলেজ। বিএম কলেজ আছে, এমসি কলেজ আছে। কাজেই অনেক কলেজইতো আছে, প্রত্যেক কলেজকে বিশ্ববিদ্যালয়….।”

সরকারি খাতের বিশ্ববিদ্যালয়গুলোর সংখ্যা কমানো উচিত মন্তব্য করে তিনি বলেন, “আসলেই তা সত্য। ৫৫টা বিশ্ববিদ্যালয় সরকারি খাতে আছে। এর মধ্যে অর্ধেকই গত সাত বছরে হয়েছে। এত দ্রুত গতিতে বিশ্ববিদ্যালয় তৈরির রেকর্ড বাংলাদেশ স্থাপন করেছে।

“একটা বিশ্ববিদ্যালয় পরিকল্পনা থেকে হতে গেলে কয়েক বছর লাগে। ঢাকা বিশ্ববিদ্যালয় সাত আট বছরের পরিকল্পনা ও কয়েকটা কমিশনের রিপোর্টের প্রেক্ষিতে স্থাপিত হয়েছিল।”

তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীদের শিক্ষাক্রমে যেন অসুবিধা না হয় এবং জনদুর্ভোগ না হয় সে রকম কর্মসূচি দিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অনুরোধ জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা।

তিনি বলেন, “তিতুমীর কলেজের অনেক শিক্ষার্থী ক্লাসে ফিরে যেতে চায়। তারা জনদুর্ভোগ চায় না।”




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD