ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের সামরিক হামলার ঘটনায় দ্ব্যর্থহীনভাবে তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার (১৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে এই অবস্থান জানায়।
বিবৃতিতে বলা হয়, কূটনীতি ও পারস্পরিক শ্রদ্ধাই টেকসই শান্তির একমাত্র কার্যকর পথ। বাংলাদেশ এ হামলাকে ইরানের সার্বভৌমত্বের প্রতি স্পষ্ট লঙ্ঘন এবং জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার বরখেলাপ হিসেবে আখ্যায়িত করে।
বাংলাদেশ সরকার এই ঘটনায় আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রতি গুরুতর হুমকি সৃষ্টি হয়েছে বলে মনে করে। বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের হামলা ভবিষ্যতে সুদূরপ্রসারী পরিণতি ডেকে আনতে পারে।