চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার (৩১ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এই মুদ্রানীতি ঘোষণা করেন কেন্দ্রীয় গভর্নর ড. আহসান এইচ মনসুর।
তিনি বলেন, যতক্ষণ না মূল্যস্ফীতির হার ৭ শতাংশের নিচে স্থায়ীভাবে নেমে আসে, ততদিন নীতি রেপো হার ১০ শতাংশ নির্ধারণ থাকবে। এছাড়া স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটির হার ১১ দশমিক ৫ শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটির হার ৮ শতাংশ বজায় রাখা হবে।
চলতি মুদ্রানীতিতেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচিত হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আগামী বছরের জুন নাগাদ গড় মূল্যস্ফীতি ৬ দশমিক ৫০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৫ দশমিক ৫০ শতাংশ।
এ বিষয়ে গভর্নর বলেন, ‘জানুয়ারির পর থেকে মূল্যস্ফীতি কমেছে। আমরা চাচ্ছি আরও কমবে। তবে যে পর্যায়ে নিতে চাচ্ছি সে পর্যায়ে আসেনি। মূল্যস্ফীতি ৩-৫ শতাংশে আনতে চাই। তবে এটি সময়ের ব্যাপার। এ সময় যে প্রেসার আসবে তা ওভারকাম করতে হবে।’
ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে গভর্নর বলেন, ‘ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে মার্জারের পাশাপাশি বড় অঙ্কের বিনিয়োগ করবে সরকার। পাশাপাশি ব্যাংক পরিচালনায় আসবে কাঠামোগত পরিবর্তন। এমনকি যেসব ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়ে বারবার সুযোগ দেয়ার পরও অবস্থার উন্নতি করতে পারেনি, তাদের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
মুদ্রানীতির প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে গভর্নর জানান, বর্তমানে দেশে ৪ শতাংশ প্রবৃদ্ধি রয়েছে, যা বাংলাদেশের প্রেক্ষাপটে ইতিবাচক। তবে আগামী অর্থবছরে তা ৫ থেকে ৬ শতাংশে পৌঁছাবে।
ডলার সংকট প্রসঙ্গে গভর্নর বলেন, ‘দেশে ডলারের কোনো ঘাটতি নেই। সরকারের সক্ষমতা রয়েছে যে কোনো সময় প্রয়োজন অনুযায়ী চালসহ বিভিন্ন পণ্য আমদানি করতে পারে।’
ব্যাংক খাত সারাক্ষণ নজরদারির মধ্যে রাখা হবে জানিয়ে তিনি বলেন, ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করা হবে, যার জন্য আগামী মাসে প্রস্তাবনা দিবে কেন্দ্রীয় ব্যাংক।