শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন




প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে ৫ সমঝোতার সম্ভাবনা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১১ আগস্ট, ২০২৫ ১১:০১ am
Muhammad Yunus Bangladeshi social entrepreneur banker economist civil society leader awarded Nobel Peace Prize founding Grameen Bank microcredit microfinance মুহাম্মদ ইউনূস অধ্যাপক বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার অর্থনীতিবিদ ক্ষুদ্রঋণ প্রবর্তক গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা
file pic

৩ দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার এই সফরে ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (জনকূটনীতি অনুবিভাগ ও জাতিসংঘ) শাহ আসিফ রহমান। সফরে বিভিন্ন আলোচনায় শ্রমবাজার, রোহিঙ্গা প্রত্যাবাসন, গভীর সমুদ্রে থাকা সম্পদের সঠিক ব্যবহার, কৃষিসহ দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কে জোর দেয়া হবে। গতকাল বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শাহ আসিফ রহমান জানান, ১১ই আগস্ট থেকে ১৩ই আগস্ট প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ায় দ্বিপক্ষীয় সরকারি সফর করবেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধান উপদেষ্টার সফরটি হচ্ছে। এই সফরে দুই দেশের মধ্যে হালাল ইকোসিস্টেম, উচ্চশিক্ষা এবং কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা বিষয়ক মোট তিনটি নোট বিনিময়ের সম্ভাবনা রয়েছে। দুই দেশের সরকারপ্রধান তথা প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সমঝোতা স্মারক স্বাক্ষর এবং নোট বিনিময় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

সরকারি তথ্যমতে, সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে একটি উচ্চ প্রতিনিধিদল মালয়েশিয়া সফর করবে। প্রতিনিধিদলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন।

ব্রিফিংয়ে জানানো হয়, সফরের প্রথম দিন (১১ই আগস্ট) প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান ও আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনার মাধ্যমে স্বাগত জানানো হবে। পরদিন (১২ই আগস্ট) পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যে একটি একান্ত বৈঠক। এর পরে প্রতিনিধি দলের উপস্থিতিতে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পারস্পরিক দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হবে।

সমঝোতার বিষয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহ আসিফ বলেন, এ সফরে (ক) প্রতিরক্ষা সহযোগিতা, (খ) জ্বালানি বিষয়ক সহযোগিতা, (গ) ব্যবসায়িক কাউন্সিল গঠন (এফবিসিসিআই ও এনসিসিআইএম), (ঘ) বিএমসিসিআই ও মালয়েশিয়া প্রতিষ্ঠান এমআইএমওএস-এর মধ্যে সহযোগিতা, (ঙ) বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং মালয়েশিয়ার ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (আইএসআইএস)-এর মধ্যে সহযোগিতা সংক্রান্ত মোট ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার সম্মানে একটি রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজের আয়োজন থাকবে। একইদিন বিকালে প্রধান উপদেষ্টা একটি ব্যবসায়িক ফোরাম অর্থাৎ বিজনেস ফোরামে অংশগ্রহণ করবেন। মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভায় তিনি অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে।

সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক ও প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ, অধিক সংখ্যক পেশাদারীদের প্রফেশনালস নিয়োগ, শ্রমিকদের সুযোগ সুবিধা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি। সফরের তৃতীয় দিনে ১৩ই আগস্ট প্রধান উপদেষ্টা ইউনিভার্সিটি কেবাঙ্গাসান মালয়েশিয়া (ইউকেএম)-এর চ্যান্সেলর এবং নেগেরি সেম বিলান প্রদেশের রাজা তোয়াংকু মুহরিজ ইবনি আল মারহু তোয়াংকু মুনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ইউনিভার্সিটি কেবাঙ্গাসান মালয়েশিয়া প্রধান উপদেষ্টাকে একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবেন। প্রধান উপদেষ্টা একই ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি বক্তৃতা দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক বলেন, প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফরকালে বাণিজ্য ও বিনিয়োগ সমপ্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগ অর্থাৎ পিপল টু পিপল কন্টাক্টসহ বিভিন্ন ক্ষেত্রে অধিকতর সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন। এ সফরে বাংলাদেশের আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার এবং রিজিওনাল কমিপ্রহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ আরসি ইপি অ্যাগ্রিমেন্টে যোগদানের আবেদন জোরালোভাবে তুলে ধরা হবে। এ ছাড়াও রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মালয়েশিয়াসহ আসিয়ান সদস্য রাষ্ট্রগুলোকে অধিকতর সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখার জন্য আহ্বান জানানো হবে। মালয়েশিয়ার সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক একটি নতুন পর্যায়ে উন্নীত করার ক্ষেত্রে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করে। আমরা আশাবাদী এই সফর দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে আরও সুদৃঢ় করবে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার সফর বিষয়ে যা জানিয়েছে কুয়ালালামপুর: প্রধান উপদেষ্টার সফর বিষয়ে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি প্রচার করেছে। তাতে বলা হয়, দেশটির প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ১১ থেকে ১৩ই আগস্ট মালয়েশিয়ায় সরকারি সফর করবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২০২৪ সালের অক্টোবরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফরের ফিরতি সফর হবে এটি। প্রধান উপদেষ্টাকে পুত্রজায়ার পারদানা পুত্র কমপ্লেক্সে সরকারি অনুষ্ঠানের মধ্যদিয়ে স্বাগত জানানো হবে। সেখানে উভয় নেতা দুই দেশের সম্পর্কের অগ্রগতি বিশেষত, বাণিজ্য ও বিনিয়োগ, শ্রম, শিক্ষা, পর্যটন এবং প্রতিরক্ষা খাতে পারস্পরিক সম্পৃক্ততার বিষয়টি পর্যালোচনা করবেন। আলোচনায় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়নও অন্তর্ভুক্ত থাকবে। উভয় নেতা প্রতিরক্ষা, জ্বালানি, কৌশলগত ও আন্তর্জাতিক গবেষণা, সেমি-কন্ডাক্টরগুলোতে সক্ষমতা বৃদ্ধি এবং বাণিজ্য বাড়াতে বেশ ক’টি সমঝোতা স্মারক (এমওইউ) বিনিময়ের পাশাপাশি কূটনৈতিক প্রশিক্ষণ ও উচ্চ শিক্ষার ক্ষেত্রে নোট বিনিময় প্রত্যক্ষ করবেন। তাছাড়া আরও বেশকিছু কর্মসূচির বিষয়েও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। কুয়ালালামপুর আশা করছে, ড. ইউনূসের সফরের মধ্যদিয়ে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত হবে এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো আরও শক্তিশালী হবে। স্মরণ করা যায়, ১৯৭২ সাল থেকে এশিয়ার ওই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ক্রমেই বাড়ছে। এটি বেশ শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD