বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন




জাতি পুনর্গঠনে প্রবাসীদের অংশ নেয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ৮:১৭ am
Muhammad Yunus Bangladeshi social entrepreneur banker economist civil society leader awarded Nobel Peace Prize founding Grameen Bank microcredit microfinance মুহাম্মদ ইউনূস অধ্যাপক বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার অর্থনীতিবিদ ক্ষুদ্রঋণ প্রবর্তক গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা
file pic

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শনিবার প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন সহযোগিতা ও অবদানের মাধ্যমে দেশের পুনর্গঠন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে এনআরবিরা একটি অবিচ্ছেদ্য অংশ, যারা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে সূচিত পরিবর্তনগুলো এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

তিনি বলেন, “আমরা সবসময় আপনাদের যুক্ত করার পরিকল্পনা করেছি এবং কিভাবে আপনারা সক্রিয়ভাবে অংশ নিতে পারেন, সেই পথ খুঁজেছি। আপনাদের এখানে দেখে আমরা দেশে ফেরার নতুন উদ্যম পেয়েছি।”

তিনি আরও বলেন, “গ্যালারি থেকে কথা বলা সহজ, কিন্তু আমরা চাই আপনারা মাঠে নামুন এবং আমাদের সঙ্গে খেলুন।”

নিউইয়র্কে আয়োজিত “এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিস” শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে প্রবাসী বাংলাদেশি এবং সফররত রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “রাজনৈতিক নেতাদের এই সফরে আমাদের সঙ্গে যোগ দিতে দেখে আমার আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে।”

অনুষ্ঠানটি শুরু হয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের উপস্থাপনা দিয়ে। তিনি জুলাই অভ্যুত্থানের পর গত ১৫ মাসে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরেন। তিনি জানান, প্রবাসীদের অবদানে রেমিট্যান্স প্রবৃদ্ধি ২১ শতাংশেরও বেশি হয়েছে। পাশাপাশি তিনি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

আশিক প্রবাসীদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের প্রক্রিয়া সম্পর্কেও অবহিত করেন।

এরপর অনুষ্ঠিত হয় “ব্রিজিং বর্ডারস: কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ডায়াসপোরা এনগেজমেন্ট” শীর্ষক এক প্যানেল আলোচনা। বিশেষ দূত লুফতে সিদ্দিকী এ আলোচনা পরিচালনা করেন। প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলসহ আরও তিনজন এতে অংশ নেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং ন্যাশনাল সিটিজেন পার্টির সদস্য সচিব আক্তার হোসেন পরবর্তী রাজনৈতিক ভিশন নিয়ে বক্তব্য রাখেন।

পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঞ্চালনায় “শেপিং টুমরো: দ্য ফিউচার অব বাংলাদেশ” শীর্ষক আরেকটি প্যানেল আলোচনা হয়। এতে এনসিপি নেতা তাসনিম জারা, বিএনপি নেতা হুমায়ুন কবির এবং জামায়াত নেতা নাকিবুর রহমান আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রবাসীদের জন্য “শুভেচ্ছা” নামের একটি মোবাইল অ্যাপ উদ্বোধন করেন, যা এনআরবিদের প্রয়োজনীয় সেবা, দিকনির্দেশনা এবং বিনিয়োগ সুযোগ সম্পর্কে তথ্য প্রদান করবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD