আর মাত্র সপ্তাহখানেক বাকি, তারপরই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ড্র অনুষ্ঠান। যেখানে অংশগ্রহণকারী ৪৮ দলের গ্রুপ ভাগ্য নির্ধারিত হবে। এই বিস্তৃত টুর্নামেন্টে প্রতিযোগিতামূলক ভারসাম্য বজায় রাখার জন্য এবার র্যাঙ্কিংয়ের সেরা চারটি দলকে নিয়ে বিশেষ পরিকল্পনা সাজিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ড্র প্রক্রিয়ার ঘোষণায় ফিফা জানিয়েছে, নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হলে টুর্নামেন্টের সেমিফাইনালের আগে মুখোমুখি হওয়ার সুযোগ নেই র্যাঙ্কিংয়ের সেরা দুই দল স্পেন ও আর্জেন্টিনার। একই নিয়ম প্রযোজ্য হবে র্যাঙ্কিংয়ের তৃতীয় সেরা দল ফ্রান্স এবং চতুর্থ সেরা দল ইংল্যান্ডের ক্ষেত্রেও। অর্থাৎ, এই চারটি দলই যদি গ্রুপে চ্যাম্পিয়ন হতে পারে, তবে তাদের একে অপরের সঙ্গে দেখা হবে না সেমিফাইনালের আগে।
ফিফা জানিয়েছে, ৪৮ দলের ফরম্যাটে প্রতিযোগিতা যেন প্রতিদ্বন্দ্বিতামূলক হয়, সেজন্যই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এই ড্র প্রক্রিয়ায় কনফেডারেশনের নিয়ম প্রযোজ্য থাকবে। অর্থাৎ, একই গ্রুপে একই অঞ্চলের একাধিক দল রাখা যাবে না (উয়েফা বাদে); যেহেতু উয়েফার ১৬টি দল রয়েছে, তাই একটি গ্রুপে সর্বোচ্চ দুটি ইউরোপীয় দল রাখা যাবে।
ওয়াশিংটনে আগামী ৫ ডিসেম্বর ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং পরের দিন ৬ ডিসেম্বর স্টেডিয়াম ও ম্যাচের সূচি প্রকাশিত হবে। চারটি পট থেকে ৪৮ দলকে ১২টি গ্রুপে বিভক্ত করা হবে। ইতোমধ্যে ৪২ দল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে, বাকি ৬ দল প্লে-অফের মাধ্যমে জায়গা পাবে।
এই ড্রয়ের জন্য আয়োজক কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র পট-১-এ রয়েছে। এই পটে আরও আছে স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও জার্মানি। পট-২-এ আছে ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া ও অস্ট্রেলিয়া।
অন্যদিকে, পট-৩-এ থাকবে নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার, সৌদি আরব ও দক্ষিণ আফ্রিকা। এছাড়া, জর্ডান, কেপ ভার্দে, ঘানা, কুরাসাও, হাইতি, নিউজিল্যান্ডসহ প্লে-অফ থেকে উঠে আসা দলগুলো পট-৪-এ থাকবে।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার আয়োজনে আগামী ১১ জুন পর্দা উঠবে বিশ্বকাপের। ১৯ জুলাই ফাইনালের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এই আসরের।