রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন




যুদ্ধবিরতির মাঝেও ইসরায়েলের হামলা, গাজায় নিহত ছাড়ালো ৭০ হাজার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫ ৮:১২ am
গাজা হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় ক্ষেপণাস্ত্র গাজা hamas
file pic

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে। এমনটাই জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে এবং প্রতিদিনই বিভিন্ন এলাকায় ড্রোন, বিমান হামলা ও গোলাবর্ষণে আরও হতাহতের খবর সামনে আসছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এখন পর্যন্ত গাজা উপত্যকায় কমপক্ষে ৭০ হাজার ১০০ জন নিহত হয়েছেন বলে শনিবার উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। বর্বর এই আগ্রাসনে আহত হয়েছেন আরও ১ লাখ ৭০ হাজার ৯০০ জনের বেশি মানুষ। গাজায় প্রাণহানির মর্মান্তিক এই মাইলফলক এমন এক সময়ে পার হলো যখন গত মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি হওয়া সত্ত্বেও প্রায় প্রতিদিনই নতুন করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

এদিকে শনিবার সকালে খান ইউনিসের পূর্বদিকে বানী সুফাইলা শহরে ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসাকর্মীরা।

আল জাজিরাকে প্রত্যক্ষদর্শীরা জানান, আল-ফারাবি স্কুলের কাছে কয়েকজন সাধারণ মানুষের ওপর ড্রোন থেকে বোমা নিক্ষেপ করা হয়। এতে জুমা এবং ফাদি তামের আবু আসি নামের দুই ভাই নিহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের খান ইউনিসের নাসের মেডিক্যাল কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা পরে তাদের মৃত ঘোষণা করেন।

মূলত শনিবার গাজার বিভিন্ন স্থানে স্থল, নৌ ও বিমান— তিন দিক থেকেই নতুন করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। চিকিৎসা সূত্র জানায়, খান ইউনিসের উত্তর-পূর্বাঞ্চলীয় আল-কারারা এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণ ও বোমাবর্ষণে কমপক্ষে তিনজন ফিলিস্তিনি আহত হয়েছেন।

গাজা সিটির পূর্বাঞ্চলীয় তুফফাহ এলাকায়ও শনিবার সকালে ইসরায়েলি বিমান থেকে হামলা চালানো হয়। পাশাপাশি দক্ষিণাঞ্চলীয় রাফাহর পূর্ব দিকেও হামলা হয়। এর আগের দিন নাসের মেডিক্যাল কমপ্লেক্স জানায়, বানী সুফাইলায় ইয়েলো লাইনের বাইরে ইসরায়েলি ড্রোন হামলায় একজন ফিলিস্তিনি নিহত হন।

গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের মহাপরিচালক ইসমাইল আল-থাওয়াবতা শুক্রবার জানান, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলের ৫৩৫ বার তা লঙ্ঘন করেছে বলে নথিভুক্ত করা হয়েছে। তিনি বলেন, ‘গাজার মানবিক পরিস্থিতি নজিরবিহীনভাবে অবনতি হচ্ছে, আর ইসরায়েলি আগ্রাসনে বিভিন্ন অবকাঠামো ও জরুরি সেবার বহু স্থাপনা ধ্বংস হয়ে গেছে।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD