গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে সব রাজনৈতিক দলের অবস্থান নেওয়া দায়িত্বের মধ্যে পড়ে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার বিকালে রাজধানীর বাংলামোটর এলাকায় গণভোটের প্রচারণার লক্ষ্যে ক্যারাভ্যান উদ্বোধনের সময় তিনি এমন কথা বলেন।
নাহিদ বলেন, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলাটা সব রাজনৈতিক দলের দায়িত্ব ছিল। তবে আমরা দেখতে পাচ্ছি একটি বিশেষ দল ‘না’-এর পক্ষে কথা তুলছে। তবে আমরা বলতে চাই গণভোটে ‘না’ পাশ হলে গণ-অভ্যুত্থান ব্যর্থ হবে। আপনারা যদি আমাদের ভোট না-ও দেন, তবুও আমাদের অনুরোধ থাকবে আপনারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন।
নাহিদ ইসলাম বলেন, আপনারা যদি আমাদের ভোট না-ও দেন, তবুও আমাদের অনুরোধ থাকবে আপনারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন। তিনি আরও বলেন, যারা ‘না’-এর পক্ষে কথা বলছেন, তারা আসলে কী বার্তা দিতে চান তা স্পষ্ট নয়। ‘না’ ভোট পাশ হলে যে ক্ষমতায় আসবে, সেই শক্তি স্বৈরাচারী হবে। তাই এবারের ভোট বাংলাদেশকে আগামী ৫০ বছর এগিয়ে নেওয়ার ভোট। মানুষকে সচেতনভাবে ভোট দেওয়ার জন্য আহ্বান রইল।
এনসিপি আহ্বায়ক বলেন, এখন বিভিন্ন কার্ড দেওয়ার কথা বলছে। তারা ফ্যামিলি কার্ড দেবে, কৃষক কার্ড দেবে। এই কার্ডের বিনিময়ে যে তারা টাকা দেবে, এই টাকাটা কোথায় থেকে আসবে, সেটা কিন্তু তারা বলছে না। অর্থাৎ তারা শুধু খরচ কোথায় করবে, সেটা বলছে। কীভাবে ইনকাম হবে, সেটা কিন্তু তারা বলছে না। দেখা যাবে, এই কার্ড দিতে গিয়ে তারা আবার ভ্যাট বাড়াবে। এতে দেশের জনগণের ওপর আবার চাপ পড়বে। এই কার্ড শুধু দলীয় লোকেরাই পাবে, সাধারণ মানুষ পাবে না। রাষ্ট্রের টাকা আবার দলীয়করণ হবে, আবার দুর্নীতি হবে, আবার স্বজনপ্রীতি হবে।
তিনি বলেন, আমরা নতুন গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে চাই। আমরা নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই। আমরা বিশ্বাস করি, ১১ দলীয় জোট নির্বাচনে বিজয়ী হয়ে এ নতুন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। সংস্কারে শুধু জুলাই সনদ আদেশ নয়, এছাড়াও যে নানা সংস্কার কমিশনের প্রস্তাব ছিল, সেগুলো নিয়ে আমরা কাজ করব। জনগণের প্রতি আমাদের আবারও আহ্বান, আপনারা এবার বিচার-বিবেচনা করে ভোট দেবেন এবং দলমত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন।
অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সারা দেশে গণভোটের পক্ষে আজ থেকে আমাদের প্রচারণা শুরু হচ্ছে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।
(যুগান্তর)