রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন




১২ কেজির এলপিজির দাম বাড়লো

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:২৪ pm
Cylinder Liquefied petroleum gas LPG এলপিজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস সিলিন্ডার
file pic

ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কেজিতে বাড়ল ৪ টাকা ২১ পয়সা। ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৫৬ টাকা। ডিসেম্বরে দাম ছিল ১ হাজার ৩০৬ টাকা। অর্থাৎ দাম বেড়েছে ৫০ টাকা।

সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নতুন দাম ঘোষণা করেন। আজ সন্ধ্যা ছয়টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানানো হয়।

বিইআরসি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, দাম নির্ধারণের কারণেই বাড়তি দামের বিষয়টি বোঝা যায়। কমিশন আইন অনুসারে দাম ঘোষণা করছে। বাজারে সরবরাহ কম থাকায় বাড়তি দামে বিক্রি হচ্ছে। আমদানি বাড়ানোর চেষ্টা চলছে।

সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। অন্যদিকে গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) দাম প্রতি লিটার ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। গত মাসে তা ছিল ৫৯ টাকা ৮০ পয়সা।

দেশে এলপিজির তীব্র সংকট চলছে। সরকারি দাম নির্ধারিত ১২ কেজির সিলিন্ডার অনেক জায়গায় মিলছে না। এর ফলে বাজারে সিলিন্ডারের দাম নিয়ন্ত্রণের বাইরে গিয়ে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।

গত জানুয়ারির মাঝামাঝি দেশে মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকটের মধ্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানি করতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) নীতিগত অনুমতি দিয়েছে সরকার। এখন সরকার শুধু আমদানি করবে। সংরক্ষণ, বোতলজাতকরণ বা বিতরণে সরাসরি অংশ নেবে না। এসব কার্যক্রম বেসরকারি অপারেটররাই চালাবে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন ও কাতারকে এলপিজির সম্ভাব্য উৎস হিসেবে বিবেচনা করা হচ্ছে।

জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, বিপিসিকে এলপিজি আমদানির অনুমতি দেওয়া হয়েছে। সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে আমদানি করা হবে। এতে বাজারে সরবরাহ বাড়বে ও দাম নিয়ন্ত্রণে সহায়তা পাওয়া যাবে।

১০ জানুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিবকে চিঠি দিয়ে এলপিজি আমদানির অনুমতি চেয়ে আবেদন করেছিল বিপিসি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD