শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন




ড. ইউনূসসহ উপদেষ্টাদের কার কত সম্পদ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৫৯ pm
Public Administration মন্ত্রিপরিষদ Bangladesh Government gov govt বাংলাদেশ সরকার ঢাকা Dhaka সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী সরকারি প্রশাসন সচিবালয় ‎মন্ত্রণালয় প্রশাসন
file pic

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি ও তাদের স্ত্রী-স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিবরণী প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২০২৪ সালের ১লা অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ এবং তাদের স্ত্রী-স্বামীর ৩০শে জুন ২০২৪ ও ৩০শে জুন ২০২৫ তারিখের সম্পদ বিবরণী প্রকাশ করা হলো।

২০২৪ সালের আগস্টে দায়িত্ব নেয়ার দুই সপ্তাহের মাথায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন, দ্রুততম সময়ের মধ্যে তার সরকারের সব উপদেষ্টার সম্পদের বিবরণী প্রকাশ করা হবে। প্রধান উপদেষ্টা বলেছিলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে। আমাদের সব উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণী প্রকাশ করবেন। পর্যায়ক্রমে এটি সব সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে। সম্পদের বিবরণী প্রকাশ না করায় সমালোচনা হচ্ছিল। অবশেষে তাদের সবার সম্পদ বিবরণী প্রকাশ করা হলো।

প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে: গত ৩০শে জুন পর্যন্ত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মোট পরিসম্পদ ছিল ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৬৫ টাকার। এক বছর আগে তা ছিল ১৪ কোটি ১ লাখ ৩৯ হাজার ৬৭৩ টাকার। অর্থাৎ ১ বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ ৪ হাজার ৩৯২ টাকার। সঞ্চয়পত্র নগদায়ন, সঞ্চয়ী বা মেয়াদি আমানতে বৃদ্ধি, উত্তরাধিকার সূত্রে পাওয়া শেয়ার ইত্যাদি কারণে মোট সম্পদ বেড়েছে বলে জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার স্ত্রী আফরোজী ইউনূসের মোট পরিসম্পদ ১ কোটি ২৭ লাখ ৬৩ হাজার ৩৬০ টাকার, যা আগের অর্থবছরে ছিল ২ কোটি ১১ লাখ ৭৭ হাজার ২৭৪ টাকার। সে হিসাবে ১ বছরে তার সম্পদ কমেছে ৮৪ লাখ ১৩ হাজার ৯১৪ টাকার। আয়কর আইন অনুযায়ী, একজন করদাতার মালিকানাধীন স্থাবর-অস্থাবর, আর্থিক ও মূলধনি সম্পত্তির সমষ্টি হলো পরিসম্পদ।
অধ্যাপক ইউনূসের সম্পদের বিবরণের তথ্য অনুযায়ী, তার আর্থিক সম্পদের পরিমাণ ১৪ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার ৪০১ টাকার। ১ বছর আগে এই অর্থের পরিমাণ ছিল ১৩ কোটি ১৮ লাখ ৭১ হাজার ৪৩৩ টাকা। আর তার নন-ফাইনান্সিয়াল সম্পদ আছে ২১ লাখ ৬ হাজার ২৫০ টাকার। ১ বছর আগে ছিল ২০ লাখ ৯২ হাজার ৫০০ টাকার। দেশের বাইরে তার সম্পদ আছে ৬৪ লাখ ৭৩ হাজার ৪১৪ টাকার। ১ বছর আগে ছিল ৬১ লাখ ৭৫ হাজার ৭৪০ টাকার।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আর্থিক সম্পদ বলতে বোঝায়, নগদ টাকার পাশাপাশি ব্যাংকে রাখা টাকা এবং সঞ্চয়পত্র, বিভিন্ন শেয়ার, কোম্পানি থেকে পাওয়া লভ্যাংশ ইত্যাদি। আর নন-ফাইন্যান্সিয়াল সম্পদ হলো আর্থিক সম্পদের বাইরে থাকা সম্পদ। এ তালিকায় আছে জমি, বাড়ি, ফ্ল্যাট, প্লটসহ সব ধরনের স্থাবর সম্পদ।
প্রধান উপদেষ্টার স্ত্রী আফরোজী ইউনূসের সম্পদ বিবরণীর তথ্য অনুযায়ী, তার আর্থিক সম্পদ আছে ৪ লাখ ৫১ হাজার ৮৬০ টাকার। ১ বছর আগে এর পরিমাণ ছিল ৯৫ লাখ ৪১ হাজার ৬৭৯ টাকার। আর তার নন-ফাইনান্সিয়াল সম্পদের পরিমাণ ১ কোটি ২৩ লাখ ১১ হাজার ৫০০ টাকার। ১ বছর আগে এর পরিমাণ ছিল ১ কোটি ১৬ লাখ ৩৫ হাজার ৫৯৫ টাকার। তার বিদেশে কোনো সম্পদ নেই। অধ্যাপক ইউনূসের কোনো দায় না থাকলেও তার স্ত্রীর ১৬ লাখ ৯৬ হাজার টাকার দায় রয়েছে।

যেসব উপদেষ্টার সম্পদ বেড়েছে:

ওয়াহিদউদ্দিন মাহমুদ: তার সম্পদ ১৫ কোটি ৯ লাখ টাকা থেকে বেড়ে ১৬ কোটি ২২ লাখ ৯৫ হাজার ৪৮৩ টাকা হয়েছে।
ড. সালেহউদ্দিন আহমেদ: তার সম্পদ ৭ কোটি ১০ লাখ ৪৯ হাজার ৭১৮ টাকা থেকে সামান্য বেড়ে ৭ কোটি ১৬ লাখ ১৫ হাজার ২৬ টাকা হয়েছে। তার স্ত্রী পারভীন আহমেদের সম্পদও ৪.৬৪ কোটি থেকে বেড়ে ৫.৩৮ কোটি টাকা হয়েছে।
আদিলুর রহমান খান: উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ায় তার সম্পদ ৯৮ লাখ ২২ হাজার টাকা থেকে লাফিয়ে ২ কোটি ৫২ লাখ ৯৯ হাজার ২৬৯ টাকা হয়েছে। তার স্ত্রী ড. সায়রা রহমান খানের সম্পদও ৫.১৯ কোটি থেকে বেড়ে ৫.৮৩ কোটি টাকা হয়েছে।
অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার: তার সম্পদ ৪ কোটি ৪৬ লাখ টাকা থেকে বেড়ে ৫ কোটি ৮৩ লাখ ১০ হাজার ৫৩৫ টাকা হয়েছে। তার স্ত্রী ডা. রমা সাহার সম্পদও ৩.১৪ কোটি থেকে ৩.৪০ কোটি টাকা হয়েছে।
ড. আসিফ নজরুল: তার সম্পদ ১ কোটি ৪৮ লাখ ১০ হাজার ৪৩৩ টাকা থেকে বেড়ে ১ কোটি ৬০ লাখ ৯৮ হাজার ২৩২ টাকা হয়েছে। তার স্ত্রী শীলা আহমেদের সম্পদ ২.০১ কোটি থেকে বেড়ে ২.৪৪ কোটি টাকা হয়েছে।
ফারুক ই আজম: তার সম্পদ ১ কোটি ৭৬ লাখ টাকা থেকে বেড়ে ২ কোটি ২ লাখ টাকা হয়েছে। তার স্ত্রী শামীমা ফারুকের সম্পদ ৩৬.৭০ লাখ থেকে বেড়ে ৩৯.৭৩ লাখ টাকা হয়েছে।
বি. জে. (অব.) এম সাখাওয়াত হোসেন: তার সম্পদ ৩ কোটি ২৪ লাখ টাকা থেকে বেড়ে ৩.৫১ কোটি টাকা হয়েছে।
শারমীন এস মুরশিদ: তার সম্পদ ১০ কোটি ৬৫ লাখ টাকা থেকে বেড়ে ১০ কোটি ৯৩ লাখ ৬৪ হাজার ৭১৯ টাকা হয়েছে। তার স্বামী হুমায়ুন কাদের চৌধুরীর সম্পদও ১ কোটি টাকা বেড়েছে।
লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম: তার সম্পদ ২ কোটি ৬১ লাখ টাকা থেকে বেড়ে ২.৭৭ কোটি টাকা হয়েছে।
আলী ইমাম মজুমদার: তার সম্পদ ৩ কোটি ৩৭ লাখ টাকা থেকে বেড়ে ৩ কোটি ৮৮ লাখ টাকা হয়েছে।
ড. চৌধুরী রফিকুল আবরার: তার সম্পদ ৭ কোটি ২ লাখ টাকা থেকে বেড়ে ৭ কোটি ৫৭ লাখ টাকা হয়েছে। তার স্ত্রী অধ্যাপক তাসনিম সিদ্দিকীর সম্পদ ৭.৮২ কোটি থেকে ৮.২৯ কোটি টাকা হয়েছে।
মুহাম্মদ ফাওজুল কবির খান: তার সম্পদ ৬ কোটি ৪৭ লাখ টাকা থেকে বেড়ে ৬ কোটি ৭২ লাখ টাকা হয়েছে। তার স্ত্রী দিলরুবা কবিরের সম্পদ ৩.০৭ কোটি থেকে বেড়ে ৩.১৭ কোটি টাকা হয়েছে।
নূরজাহান বেগম: তার সম্পদ ৬ কোটি ২০ লাখ টাকা থেকে বেড়ে ৬ কোটি ২৪ লাখ ৮৬ হাজার ৬৬৩ টাকা হয়েছে।
ফরিদা আখতার: তার সম্পদ ৮১.২৮ লাখ থেকে বেড়ে ১ কোটি ২ লাখ ২৫ হাজার ৬০ টাকা হয়েছে। তার স্বামীর সম্পদও ১.০৬ কোটি থেকে বেড়ে ১.১০ কোটি টাকা হয়েছে।
ড. আ ফ ম খালিদ হোসেন: তার সম্পদ ৮৮.১৫ লাখ থেকে বেড়ে ১ কোটি ১৩ লাখ ৯২ হাজার ১০২ টাকা হয়েছে। তার স্ত্রী কামরুন্নেসা হাসিনার সম্পদ ১০.৬১ লাখ থেকে বেড়ে ১৪.১১ লাখ টাকা হয়েছে।
শেখ বশিরউদ্দীন: তার মোট সম্পদ ৯১ কোটি ১০ লাখ টাকা থেকে বেড়ে ৯১ কোটি ৬৫ লাখ ১০ হাজার ৮৯৫ টাকা হয়েছে।
লে. জে. (অব.) আব্দুল হাফিজ: তার সম্পদ ১২ কোটি ৭২ লাখ টাকা থেকে বেড়ে ১৩ কোটি ৫৭ লাখ টাকা হয়েছে।

সম্পদ কমেছে যাদের:

সৈয়দা রিজওয়ানা হাসান: তার সম্পদ ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৫৫ টাকা থেকে কমে ১ কোটি ১২ লাখ ৭২ হাজার ৯২৪ টাকা হয়েছে। তবে তার স্বামী আবু বকর সিদ্দিকের সম্পদ ১.৮৯ কোটি থেকে সামান্য বেড়ে ১.৯০ কোটি টাকা হয়েছে।
সুপ্রদীপ চাকমা: তার সম্পদ ১ কোটি ২৬ লাখ টাকা থেকে কমে ১ কোটি ৯ লাখ ৯৮ হাজার ৭৯৬ টাকা হয়েছে। তার স্ত্রী নন্দিতা চাকমার সম্পদও ৬৩.২০ লাখ থেকে কমে ৫৮.৭৫ লাখ টাকা হয়েছে।
মোস্তফা সরয়ার ফারুকী: তার সম্পদ ২ কোটি ২৬ লাখ টাকা থেকে কমে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকা হয়েছে। তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ ২.৯৯ কোটি থেকে কমে ৭৬ লাখ ৯৬ হাজার ১৫৮ টাকা হয়েছে।
কে এম আসাদুজ্জামান (নূরজাহান বেগমের স্বামী): তার সম্পদ ২ কোটি ৮৮ লাখ টাকা থেকে কমে ১ কোটি ৩৭ লাখ ৬১ হাজার ৬৫৯ টাকা হয়েছে।

আংশিক তথ্য:

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (সাবেক উপদেষ্টা): ২০২৪ সালে টিন সার্টিফিকেট না থাকলেও ২০২৫ সালে তার সম্পদ ১৫ লাখ ৩৪ হাজার ৭১৭ টাকা।
মো. মাহফুজ আলম (সাবেক উপদেষ্টা): তার সম্পদ ৪.২০ লাখ থেকে বেড়ে ১২ লাখ ৭৬ হাজার ৮৭৯ টাকা হয়েছে।
অধ্যাপক আলী রীয়াজ ও লুৎফে সিদ্দিকী: তাদের সম্পদের বিস্তারিত অঙ্ক প্রজ্ঞাপনে তারকা চিহ্নিত (*) রাখা হয়েছে।

২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ই আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। পরে সংযোজন-বিয়োজনের পর বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা প্রধান উপদেষ্টাসহ ২১। এ ছাড়া উপদেষ্টা পদমর্যাদায় বিশেষ সহকারী, বিশেষ দূত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চারজন। প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার চার বিশেষ সহকারী দায়িত্ব পালন করছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD