দোহার (ঢাকা) প্রতিনিধি: হিন্দু সম্প্রদায়ের ভোটারদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন ঢাকা ১ আসনের জামায়াত প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম। তিনি বলেন, অত্যন্ত পরিতাপ ও উদ্বেগজনক কিছু সংবাদ পাচ্ছি, যেখানে হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনরা অভিযোগ করেছেন যে তাঁদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দেয়া হচ্ছে।
ব্যারিস্টার নজরুল অভিযোগ করে বলেন, বিএনপি নেতা-কর্মীরা হিন্দু ভোটারদের ভয় দেখাচ্ছে এই বলে যে তাঁদের জন্য আলাদা ব্যালট বাক্স রাখা হবে এবং সেখানে কাকে ভোট দেয়া হচ্ছে, তা গণনা করে দেখা হবে। তিনি এই বিষয়টিকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অত্যন্ত বিঘ্ন সৃষ্টিকারী এবং আপত্তিকর বলে মন্তব্য করেন।
তিনি বলেন, এ ধরনের ভীতি প্রদর্শন গণতন্ত্র ও ভোটাধিকারকে প্রশ্নবিদ্ধ করে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে অযথা আতঙ্ক তৈরি করছে।
এ সময় ব্যারিস্টার নজরুল হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে স্পষ্টভাবে বলেন, কোনো ধরনের হুমকি বা ধমকিতে ভয় পাওয়ার প্রয়োজন নেই এবং এসব অপপ্রচারে কান না দিয়ে সবাইকে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।
তিনি আরও বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়াই তার লক্ষ্য, যেখানে সবাই একসঙ্গে প্রিয় মাতৃভূমিকে এগিয়ে নেবে।
বক্তব্যের শেষাংশে ব্যারিস্টার নজরুল বলেন, ভোট যদি তাঁর বিপক্ষেও যায়, তবুও যেন কেউ ভোট দেওয়া থেকে বিরত না থাকে। কোনো ভয়ভীতি বা আশঙ্কাকে গুরুত্ব না দিয়ে নিজের পছন্দমতো ভোট দেওয়ার জন্য তিনি সকল ভোটারের প্রতি আহ্বান জানান।