রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন




সামনে অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৩১ মে, ২০২৬ ৮:৩৯ pm
Tarique Rahman তারেক রহমান Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি tarek-rahman
file pic

সামনে অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে উল্লেখ করে ‘একটি সফল সরকার’ পরিচালনায় নেতাকর্মী-সমর্থকদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিটউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে সকলের (নেতা-কর্মী-সমর্থক) উদ্দেশে আমি বলব যে, আমাদের সামনে প্রথমত, অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে। আমাদের সামনে একইসঙ্গে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় অপক্ষা করছে। এই সময়টিতে হেসে-খেলে চলে গেলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি কার হবে, ক্ষতি আপনার হয়তো হবে না, ক্ষতিটি হবে দেশের, ক্ষতিটি হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের। কাজেই আসুন, শহীদ জিয়া যেভাবে দেশকে গঠন করতে চেয়েছিলেন, শহীদ জিয়া যেভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। আমরা সে ধারাই চেষ্টা করছি দেশকে আজকে পরিচালনা করতে।’

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি রাজনৈতিক সরকার অর্থাৎ একটি রাজনৈতিক দল যার নীতি আছে, যার আদর্শ আছে, যার পরিকল্পনা বা ম্যানিফেস্টো আছে। যে পরিকল্পনা বা ম্যানিফেস্টো আমরা দেশের মানুষের সামনে তুলে ধরেছিলাম ১২ তারিখের নির্বাচনের আগে এবং দেশের মানুষ এ ম্যানিফেস্টো বা পরিকল্পনা দেখেছে, শুনেছে, বুঝেছে এবং ১২ তারিখে তারা তাদের সিদ্ধান্ত অনুযায়ী ধানের শীষে ভোট দিয়ে সেই দায়িত্ব দিয়েছে পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য। সংসদে আমাদের যে ২১৪ জন এমপি, আমিসহ যে ৫০ জন ক্যাবিনেট সদস্য আছেন আমরা শুধু পরিশ্রম করলেই কিন্তু কার্যক্রমগুলো সফল হবে না। আপনাদের সকলের সহায়তা প্রয়োজন হবে।’

তিনি আরও বলেন, ‘আপনারা প্রত্যেকটি মানুষ, সারাদেশের আনাচে কানাচে আমাদের বিএনপি বলুন, যুবদল বলুন, ছাত্রদল বলুন, স্বেচ্ছাসেবক দল বলুন, মহিলা দল বলুন, আইনজীবী ফোরাম বলুন, তাঁতী দল বলুন, শ্রমিক দল বলুন অর্থাৎ আমাদের মূল দলসহ প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠনের গ্রামে, গঞ্জে, হাটে, বাজারে, উপজেলায়, পৌরসভায়, বিভাগের শহরে যেখানেই বলুন না কেন ১২ তারিখে নির্বাচনের আগে যেভাবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই দলকে আপনারা জিতিয়ে আনতে সক্ষম হয়েছেন, ঠিক জিতিয়ে আনার পরেই কিন্তু কাজ শেষ হয়ে যায়নি। বরং আমাদের সে অক্লান্ত পরিশ্রমকে এখনও কন্টিনিউ করতে হবে। নির্বাচনের মাধ্যমে যেমন আমরা জয়ী হয়ে এসেছি ঠিক একইভাবে আমাদের কাজগুলো, আমাদের লক্ষ্যগুলো সফল করার মাধ্যমে একটি সফল সরকার আমাদেরকে হতে হবে। একটি সফল সরকার হতে পারলেই আমরা… তাও কি জনগণের দৃষ্টিতে আমাদেরকে সফল সরকার হতে হবে এবং জনগণের দৃষ্টিতে যদি সফল সরকার হতে হয় তাহলে অবশ্যই শুধু ২১৪ জন এমপি বা ৫০ ক্যাবিনেট সদস্যের পক্ষে সেটা সম্ভব যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সারাদেশে ছড়িয়ে ছিটে থাকা সকল নেতাকর্মী এই কর্মসূচিগুলোকে বাস্তবায়নের লক্ষে মাঠে ময়দানে গিয়ে কাজ করবেন।’

দলের প্রতিষ্ঠাতার ৪৫তম মৃত্যুবার্ষিকীতে দলের নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আজকে আমরা শপথ গ্রহণ করতে পারি। কী সেই শপথ? আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে জনগণকে সঙ্গে নিয়ে, ২০২৪ সালে ৫ আগস্ট জনগণকে সাথে নিয়ে আমরা একটি সফল আন্দোলন করেছিলাম, ২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জনগণকে সাথে নিয়ে আমরা একটি সফল নির্বাচন পার হয়ে এসেছি, আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি, যে ম্যানিফেস্টোর পক্ষে বাংলাদেশের মানুষ রায় দিয়েছে সেই ম্যানিফেস্টোকে বাস্তবায়ন করি। এবং যাতে সফল সরকারের কার্যক্রম শেষ করতে পারি। তাহলেই আমরা একমাত্র ৩০ মে শহীদ জিয়ার প্রতি পরিপূর্ণ সম্মান প্রদর্শন করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, মহানগর দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের রাকিবুল ইসলাম রাকিব বক্তব্য রাখেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD