বাংলাদেশ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মালিকানাধীন বাড়িতে অসামাজিক কার্যকলাপ ও মাদকের আসর বসানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মালিকানাধীন বাড়িতে এ ধরনের কর্মকাণ্ড সংঘটিত হওয়ার ঘটনা থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র স্পষ্ট হয়ে ওঠে। মানচিত্রদেখুন
মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।
স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান লেখেন, ‘বাংলাদেশ পুলিশে কর্মরত একজন অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন একটি বাড়ি থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে ৮৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। একই সঙ্গে বাসা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পণ্য (মাদক) উদ্ধার করা হয়েছে। এখান থেকেই বোঝা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হয়েছে।’
দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে জামায়াতের আমির আরও লেখেন, ‘দেশের সর্বত্র আইনশৃঙ্খলাবিরোধী ও অসামাজিক কার্যকলাপের পাশাপাশি চাঁদাবাজির মহোৎসব, ছিনতাই, লুণ্ঠন ও ডাকাতি মারাত্মক আকার ধারণ করেছে। অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠছে, সঙ্গে গ্যাস-বিদ্যুতের সমস্যাও তো রয়েছেই।’
বর্তমান সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ডা. শফিকুর রহমান লেখেন, ‘এসব জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার এখন বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত।’
স্ট্যাটাসের শেষাংশে হতাশা ও ক্ষোভ প্রকাশ করে জামায়াতের আমির লেখেন, ‘হায় সেলুকাস! আমাদের এই বাংলাদেশ! অন্যায়ের বিরুদ্ধে তরুণদেরকে আরেকবার জাগতে হবে।’