শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন




আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ৭:৫৪ pm
Adviser Nahid Islam আইসিটি উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম
file pic

সরকার কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে ‘সমঝোতা’ করে দেশ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রাজধানীর কারওয়ান বাজারে শুক্রবার বিকালে তার দলের গণসংযোগ কর্মসূচির উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

বিরোধী দল ও আওয়ামী লীগ একসঙ্গে ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ও আন্দোলন করছে বলে সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিযোগ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে নাহিদ ইসলাম বলেন, “সরকারপ্রধানের বক্তব্য প্রসঙ্গে বলব, এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর মত।

“নির্বাচনের আগে আমরা দেখেছি সরকার ও বিএনপি আওয়ামী লীগের সাথে সমঝোতা করে নির্বাচনে অংশ নিয়েছিল। আওয়ামী লীগের ভোট ব্যাংক কাছে টানার জন্য তারা মিথ্যা মামলা দিয়েছে, মামলা বাণিজ্য করেছে এবং ব্ল্যাকমেইল করেছে।

“এখনো তারা আওয়ামী লীগ ও ভারতের সাথে এক ধরনের সমঝোতা করে দেশ চালাচ্ছে। গঙ্গা চুক্তি নবায়ন নিয়েও তারা স্পষ্ট কিছু বলতে পারছে না।”

সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ বলেন, ‘‘আপনারা নিজেদের দিকে তাকান, দ্রুত বিচার নিশ্চিত করুন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করুন। আমরা আগেই বলেছি, শুধু ব্যক্তি বা সরকারের পরিবর্তন হলেই হবে না, পুরো বন্দোবস্তের পরিবর্তন হতে হবে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতির ‘অবনতি’, জ্বালানি সংকটসহ সার্বিক ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং জ্বালানিমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে দাবি তুলে নাহিদ বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী গত সাত মাসে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তিনি আইনশৃঙ্খলা ঠিক না রেখে সংবিধান কাটাছেঁড়া করতে ব্যস্ত। ফলে সালাউদ্দিন আহমেদের এই দায়িত্বে থাকার কোনো নৈতিক অধিকার নেই।

“জ্বালানি মন্ত্রীও কোনো উদ্যোগ নিতে পারেননি, তাই মন্ত্রিপরিষদ পুনর্গঠন করা উচিত।”

দুই মন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে আরও তিনটি দাবি তোলেন এনসিপি আহ্বায়ক। সেগুলো হচ্ছে, ‘একদলীয়’ সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে বিলুপ্ত করে গণভোটে রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা। সাইবার আইনের সংশোধনী প্রস্তাব বাতিল করতে হবে এবং গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন আইনের মত ‘কর্তৃত্ববাদী আইনগুলো’ বাতিল করা। ২০২৪ সালের ৫ অগাস্টের পর থেকে জুলাই গণহত্যা ও খুনের যে বিচার শুরু হয়েছে, তা দ্রুত শেষ করতে হবে। জুলাই যোদ্ধাদের এবং শহীদ ও আহত পরিবারের ওপর আক্রমণ বন্ধ করে বিচার নিশ্চিত করতে হবে।

নাহিদ বলেন, এসব দাবিতে আগামী ৩০ অক্টোবর ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে দুপুর ৩টায় গণবিক্ষোভ পালিত হবে।

‘দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালিত, সরকারের ক্রেডিট নেই’

সদ্য সমাপ্ত দুর্গাপূজা নিয়ে বিরোধী দলীয় এই উপনেতা বলেন, ‘‘বাংলাদেশে অত্যন্ত শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা শেষ হয়েছে। এ জন্য হিন্দু-মুসলিম সকল শান্তিপ্রিয় মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। তবে এতে সরকারের বিন্দুমাত্র ক্রেডিট নেই। সাধারণ মানুষ, বিরোধী দল ও মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়ে সহযোগিতা করেছে।”

মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের কেনাকাটার ক্ষমতা অর্ধেকেরও নিচে নেমে গেছে দাবি করে নাহিদ বলেন, “বাজেট অধিবেশনে সরকারদলীয় এমপিরা সংসদে দাঁড়িয়ে বারবার মিথ্যা ও প্রতারণামূলক কথা বলেছে যে দাম বাড়েনি এবং বাড়বে না। অথচ জ্বালানি তেলের দাম তিন দফা বাড়ানো হয়েছে আন্তর্জাতিক পরিস্থিতির দোহাই দিয়ে। কিন্তু সরকারের কোনো সঠিক পরিকল্পনা নেই।

“এই গণবিরোধী ও অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ ছাড়া জনগণের অধিকার আদায় হবে না।”

এনসিপির ২০২৫ সালের ১ মার্চ গঠিত কেন্দ্রীয় কমিটি শুক্রবার সকালে পুনর্গঠন করা হয়েছে। এ প্রসঙ্গে প্রশ্নের জবাবে দলটির আহ্বায়ক বলেন, ‘‘আমাদের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম বিস্তার করার জন্যই পুনর্গঠিত কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনের পর সংগঠনে অনেকে নতুন যুক্ত হয়েছেন, দায়িত্ব পুনর্বণ্টনের জন্য এটি করা হয়েছে এবং পরবর্তীতে গণতান্ত্রিক কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি হবে।’’

পরে রাজধানীর কারওয়ানবাজারে বিকাল পৌনে ৫টার দিকে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ উদ্বোধন করেন নাহিদ ইসলাম।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের সঞ্চালনায় গণসংযোগ উদ্বোধনকালে আরও বক্তব্য দেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ অন্যান্যরা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD