জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘ সম্মেলন (কপ-৩১) উপলক্ষে তুরস্কের আনতালিয়ায় সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, কপ-৩১ সম্মেলনে রাষ্ট্র ও সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলন শুরুর আগের দিন অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা সংকটের সমাধান, জ্বালানি নিরাপত্তা, খনিজ সম্পদ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাতে দুই দেশের অংশীদারত্ব গড়ে তোলার বিষয়েও আলোচনা করেন তারা।
বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তার আগের বৈঠকের প্রসঙ্গ তুলে ধরেন। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে কপ-৩১ সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
বৈঠকে প্রতিরক্ষা খাতে দুই দেশের সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্বারোপ করেন তারেক রহমান। এ খাতে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি যৌথ বিনিয়োগের সম্ভাবনাও তুলে ধরেন তিনি। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা করেন দুই নেতা। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ আলোচনা ও যোগাযোগের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। জ্বালানি নিরাপত্তা এবং খনিজ সম্পদ খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়টিও বৈঠকে স্থান পায়। নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তারেক রহমান।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে জলবায়ু সংকট মোকাবিলায় দুই দেশের মধ্যে সহযোগিতার সুযোগ নিয়েও আলোচনা হয়।
বৈঠকে রোহিঙ্গা সংকটের বিষয়টিও গুরুত্ব পায়। এ সংকট সমাধানে তুরস্কের ধারাবাহিক সমর্থনের জন্য প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অবিচল সংহতি এবং মাঠপর্যায়ে মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য দেশটিকে ধন্যবাদ জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরি এবং সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের পক্ষে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন
কপ-৩১ সম্মেলনকে কেন্দ্র করে অনুষ্ঠিত এ বৈঠককে দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
হাসান শিপলু জানান, আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনের ওয়ার্ল্ড লিডার্স সামিটে অংশ নেবেন। এ ছাড়া সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে।
তুরস্কের আনতালিয়া এক্সপো সেন্টারে গত রোববার স্থানীয় সময় সকাল ১১টায় কপ-৩১ সম্মেলন শুরু হয়েছে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে এ সম্মেলন। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, কূটনীতিক এবং জলবায়ু বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেল ৪টা ১০ মিনিটে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কের আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।