যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানিসহ বিভিন্ন পণ্যের দরবৃদ্ধিকে কেন্দ্র করে বাড়ছে আমদানি ব্যয়। চলতি অর্থবছরের প্রথম চার মাসে বিভিন্ন পণ্য আমদানিতে দুই হাজার ৯৭৮ কোটি ডলারের এলসি খোলা হয়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ২৫ শতাংশ বেশি। এ সময়ে এলসি নিষ্পত্তি ১১ দশমিক ৩৮ শতাংশ বেড়ে দুই হাজার ৪৮৬ কোটি ডলারে উঠেছে। এর প্রভাবে ডলারের দর আরও বেড়ে গতকাল আন্তঃব্যাংকে ১২৪ টাকা ৭৫ পয়সা পর্যন্ত দর উঠেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী– চলতি অর্থবছরের প্রথম চার মাসে রপ্তানি আয় হয়েছে এক হাজার ৭০৪ কোটি ডলারের। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ৯৬ কোটি ডলার বা ৫ দশমিক ৯৭ শতাংশ বেশি। এলসি নিষ্পত্তিকে আমদানি বিবেচনায় নিয়ে হিসাব করলে বাণিজ্য ঘাটতি বেড়ে ৭৮২ কোটি ডলার হয়েছে। এলসি নিষ্পত্তির তুলনায় প্রকৃত আমদানি কিছুটা বেশি হয়। ফলে চার মাসের হিসাব চূড়ান্ত হওয়ার পর বাণিজ্য ঘাটতি ৮০০ কোটি ডলার ছাড়াতে পারে। প্রথম তিন মাসে বাণিজ্য ঘাটতি ছিল ৭৪৭ কোটি ডলার।
রেমিট্যান্সে এখনও ভালো প্রবৃদ্ধি আছে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে প্রবাসীরা এক হাজার ১৪৬ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১২ দশমিক ৯৭ শতাংশ বেশি। এরপরও ডলারের দর গত কয়েক দিন ধরে ধারাবাহিকভাবে বাড়ছে।
চলতি অর্থবছরের চার মাসের মধ্যে গত অক্টোবরে নিষ্পত্তি হয়েছে ৫৯৫ কোটি ডলারের পণ্য। আগের মাস সেপ্টেম্বরে যা ৬৪৫ কোটি ডলার ছিল। এর আগে আগস্টে ছিল ৬১৯ কোটি এবং জুলাইয়ে ৬২৮ কোটি ডলার। অক্টোবরে মোট ৭৩২ কোটি ডলারের এলসি খোলা হয়েছে। আগের মাসে যা ছিল ৮৫২ কোটি ডলার।
ব্যাংকাররা জানান, জোগানের তুলনায় চাহিদা বেড়ে যাওয়ায় ডলারের দর বাড়ছেই। গতকাল আন্তঃব্যাংকে ১২৪ টাকা ৭৫ পয়সা পর্যন্ত দরে বেচাকেনা হয়। গড় দর উঠেছে ১২৪ টাকা ৬৫ পয়সা। আগের দিন গড়ে ১২৪ টাকা ৪২ পয়সায় বেচাকেনা হয়। চলতি বছরের ১ নভেম্বর দর ওঠে ১২৪ টাকা ৩০ পয়সায়। এর আগে গত অক্টোবরের শুরুতে আন্তঃব্যাংকে ডলারের দর ছিল ১২৩ টাকা। সেখান থেকে বাড়তে বাড়তে অক্টোবরের শেষ কর্মদিবসে ১২৩ টাকা ৯৯ পয়সা হয়। আওয়ামী লীগ পতনের পর থেকে দেড় বছর ধরে ডলারের দর ১২১ থেকে ১২২ টাকা ৩০ পয়সার মধ্যে স্থিতিশীল ছিল। তবে গত মার্চ থেকে একটু করে বেড়ে এ পর্যায়ে এসেছে।
বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ধরে রাখতে বাংলাদেশ ব্যাংক দীর্ঘ বিরতির পর সম্প্রতি কয়েকটি ব্যাংকের কাছে ২২ কোটি ২০ লাখ ডলার বিক্রি করেছে। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এত বড় অঙ্কের ডলার বিক্রি হয়নি। এর আগে প্রচুর ডলার বিক্রির কারণে ২০২১ সালের আগস্টে রিজার্ভ কমে ২৫ দশমিক ৯২ বিলিয়ন ডলারে নেমে যায়। সেখান থেকে বেড়ে গত ২৯ জুন শেষে ৩৭ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে। সেখান থেকে আরও বেড়ে জুলাইয়ের প্রথম সপ্তাহে ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার হয়। তা কমে গতকাল গ্রস রিজার্ভ ৩৪ দশমিক ৯৯ বিলিয়ন ডলার হয়েছে। বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ১৩ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের প্রথম চার মাসের আমদানির তথ্য এখনও চূড়ান্ত হয়নি। তবে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে বিশ্ববাজারে জ্বালানির মূল্য অনেক বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে পেট্রোলিয়াম পণ্য আমদানিতে ৪২২ কোটি ডলার ব্যয় হয়। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১০৫ শতাংশ বেশি। ভোগ্যপণ্য আমদানিতে খরচ ২৬ দশমিক ৫০ শতাংশ বেড়ে ১৪০ কোটি ডলার হয়েছে। তবে মূলধনি পণ্যের আমদানি প্রথম তিন মাসে ১৩ দশমিক ৬০ শতাংশ কমে ২৪৬ কোটি ডলারে নেমেছে।
রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম সহনীয় পর্যায়ে রাখতে এবার ১০টি পণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত বাকিতে (ইউজেন্স) আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক। এ সুবিধায় আমদানিকারকরা পণ্য হাতে পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে মূল্য পরিশোধ করতে পারবেন। এর আগে গত রোববার এক নির্দেশনার মাধ্যমে এসব পণ্যের এলসি মার্জিন ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশনা দেওয়া হয়।
বিশেষ সুবিধা পাওয়া এসব পণ্যের তালিকায় রয়েছে– চাল, গম বা আটা, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর। সাপ্লায়ার্স ক্রেডিট অথবা বায়ার্স ক্রেডিটের মাধ্যমে এসব পণ্য আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা। রমজানে প্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে বাণিজ্যিকভাবে আমদানির ক্ষেত্রে এ সুবিধা দেওয়া হয়েছে।