বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন




ইরান ইস্যুতে নেতানিয়াহুকে কড়া ভাষায় সতর্ক করলেন আইজেনকোট

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৯:৫৬ am
Israel Benjamin Netanyahu ইসরায়েল বেঞ্জামিন নেতানিয়াহু নেতানিয়াহু নেতানিয়াহু
file pic

ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর বিষয়ে ইসরাইলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগে ঝুঁকিপূর্ণ কোনো সামরিক অভিযান না চালানোর আহ্বান জানিয়েছেন তিনি।

ইসরাইলের রাজনৈতিক পালাবদলের সময় ইরানে সম্ভাব্য হামলা নিয়ে দেশটির রাজনৈতিক ও সামরিক মহলে মতবিরোধের খবরের মধ্যেই এ সতর্কবার্তা দিলেন আইজেনকোট।

বুধবার (১১ নভেম্বর) নেতানিয়াহুর কাছে পাঠানো এক চিঠিতে তিনি বলেন, ক্ষমতা হস্তান্তরের মতো সংবেদনশীল সময়ে বড় ধরনের নিরাপত্তা সিদ্ধান্ত নেওয়া হলে তা ইসরাইলের গণতান্ত্রিক ব্যবস্থা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর জনগণের আস্থা দুর্বল করতে পারে।

চিঠিতে আইজেনকোট লেখেন, ‘সংযম ও সতর্কতা দেখান। নতুন সরকার পার্লামেন্টের (নেসেট) আস্থা নিয়ে শপথ গ্রহণ করার আগ পর্যন্ত এমন ঝুঁকিপূর্ণ পদক্ষেপ থেকে বিরত থাকুন, যেগুলো পরে নেওয়া সম্ভব।’

তিনি আরও সতর্ক করে বলেন, সরাসরি ও তাৎক্ষণিক কোনো হুমকি না থাকা সত্ত্বেও নিরাপত্তা বাহিনীকে বড় ধরনের অভিযানে নামানো হলে ভয়াবহ পরিণতি হতে পারে।

ইসরাইলি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরানে সামরিক হামলা চালানোর বিষয়ে নেতানিয়াহুর আগ্রহ রয়েছে। তবে এ ধরনের অভিযানের বিরোধিতা করছেন ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির।

এ নিয়ে নেতানিয়াহু ও সেনাপ্রধানের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে বলে খবর প্রকাশ করেছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম।

এদিকে নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন নেতানিয়াহু। উত্তরসূরি সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত সামরিক বাহিনীর ওপর তার কর্তৃত্বও বহাল রয়েছে।

ইসরাইলের বর্তমান পরিস্থিতিতে সামরিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং রাজনৈতিক জবাবদিহির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

বিশেষ করে ক্ষমতা হস্তান্তরের আগে বড় ধরনের সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত কতটা গ্রহণযোগ্য, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD