চট্টগ্রামের সন্ত্রাস-কবলিত উপজেলা রাউজান ও রাঙ্গুনিয়ায় অপরাধ কর্মকাণ্ড থেমে নেই। চাঁদাবাজি, হামলা, গোলাগুলিসহ নানা সশস্ত্র কর্মকাণ্ড চলছেই। পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ডান হাত খ্যাত ছোট সাজ্জাদকে গ্রেফতারের পর ধরা পড়ে বাম হাত খ্যাত ডেভিড ইমনও। তিন শীর্ষ সন্ত্রাসীর অনুপস্থিতিতে চট্টগ্রামে অস্থিরতা কিছুটা কমলেও বড় সাজ্জাদের আরেক অনুসারী কুখ্যাত রায়হান এখন বেপরোয়া। সে ধরাছোঁয়ার বাইরে। তবে অনেককে গ্রেফতার করা হলেও গ্রুপটির অস্ত্রভান্ডার অক্ষত রয়েছে। পুলিশের এখন টার্গেট রায়হানকে গ্রেফতার ও তাদের অস্ত্রভান্ডার জব্দ করা। ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা থেকে ছোট সাজ্জাদকে ও ২৯ জুলাই ডেভিড ইমনকে গ্রেফতার করা হয়।
এদিকে ‘টাকা দিয়ে মরণের টিকিট কিনেছি’ এবং ‘সময় থাকতে পালিয়ে যাও, আমি তুফান’। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন হুমকি দিয়ে ২১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন মো. হৃদয় আহম্মেদ শাওন ওরফে বুলেট হৃদয়। মঙ্গলবার রাতে নোয়াখালীর কবিরহাট থেকে তাকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অন্যদিকে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে উত্তর জেলা যুবদলের দুই নেতা সারোয়ার ও এনএ বাবুলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে রাউজানে চাঁদা না পেয়ে প্রবাসী ইলিয়াসসহ দুজনকে ছুরিকাঘাত করা হয়। সারোয়ার ও বাবুলের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে।
বড় সাজ্জাদের হাতেই আন্ডারওয়ার্ল্ড : একটি সূত্র জানায়, বিদেশে বসে বড় সাজ্জাদ রাউজান-রাঙ্গুনিয়া ও নগরীতে একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছে। দুই যুগ ধরে দেশের বাইরে থেকে সে চট্টগ্রামের অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তার গ্রুপের তৎপরতা ব্যাপকভাবে বেড়েছে। বর্তমানে নগরীর পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামি, বাকলিয়া, চকবাজার এলাকা থেকে শুরু করে হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়াসহ বিভিন্ন এলাকায় তার পরিকল্পনায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড চলছে। তার নির্দেশে অপহরণ ও মুক্তিপণ আদায়, চাঁদাবাজি, বালুমহাল ও ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, ভবন নির্মাণে ইট-বালুসহ নির্মাণসামগ্রী সরবরাহে প্রভাব বিস্তার, রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা সবই চলছে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শুধু রাউজানেই ২৭টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে ২০টিই ঘটেছে রাজনৈতিক বিরোধের জের ধরে। একই সময়ে শতাধিক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় সাড়ে তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। সর্বশেষ সোমবার দিনের বেলায় বড় সাজ্জাদ বাহিনীর লোকজন ইমতিয়াজ সুলতান ইকরাম (২৮) নামের এক যুবককে গুলি করে। ৩-৪টি মোটরসাইকেলে এসে বাসার সামনেই তাকে গুলি করে চলে যায় সন্ত্রাসীরা। ইকরাম এখন চমেক হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। তার স্ত্রী রুমা আক্তার সূচির দাবি, তারা দীর্ঘদিন ধরে বড় সাজ্জাদ বাহিনীর কাছ থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন। এই রায়হান বিগত জাতীয় সংসদ নির্বাচনের আগে পাঁচলাইশ এলাকায় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে প্রকাশ্যে গুলি করে প্রতিপক্ষ গ্রুপের সরওয়ার হোসেন বাবলাকে হত্যা করে।
মহড়ার অস্ত্র নিজের নয় দাবি হৃদয়ের : ৪ নভেম্বর অন্তত আটটি অত্যাধুনিক বিদেশি পিস্তল দেখিয়ে ‘ডিজিটাল মহড়া’ দেয় সাজ্জাদ বাহিনীর সদস্য বুলেট হৃদয়। মঙ্গলবার রাতে নোয়াখালীর কবিরহাট থেকে হৃদয়কে গ্রেফতার করা হয়েছে। সে চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের গরীবুল্লাহ পাড়ার বাদশা মিয়ার ছেলে। পুলিশ জানায়, হৃদয় রাউজানের একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিত। আগ্নেয়াস্ত্রের ছবি, ভিডিও ও হুমকিমূলক অডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখানো, প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে ভিডিওতে প্রদর্শিত অস্ত্রগুলো রাউজানের নোয়াপাড়া এলাকার কামাল নামের এক ব্যক্তির বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে হৃদয়। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, হৃদয়ের বিরুদ্ধে রাউজান থানায় দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুটি মামলা রয়েছে। মহড়ায় দেখানো অস্ত্রের উৎস এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত সহযোগীদের শনাক্ত করতে কাজ চলছে।
দুই যুবদল নেতা বহিষ্কার : চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন-উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক এনএ বাবুল এবং সহতথ্য, যোগাযোগ ও বিজ্ঞান প্রযুক্তিবিষয়ক সম্পাদক মোহাম্মদ সরোয়ার। তারা দুজনই রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের বাসিন্দা। মঙ্গলবার যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বহিষ্কৃত ব্যক্তিদের কোনো অপকর্মের দায় দল নেবে না।
(যুগান্তর)