শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন




বিবিসি বাংলার প্রতিবেদন

বাংলাদেশের সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ৬:২৭ pm
Prime Minister Sheikh Hasina Wazed প্রধানমন্ত্রী শেখ হাসিনা Sheikh Hasina Prime Minister Bangladesh প্রধানমন্ত্রী শেখ হাসিনা
file pic

বাংলাদেশের সামরিক বিমানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে চায় ভারত সরকার। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর ক্ষেত্রে দুটি প্রধান শর্ত সামনে আনা হয়েছে। বৃহস্পতিবার ভারতীয় সরকারি ও সামরিক কর্মকর্তাদের বরাতে এসব তথ্য জানিয়েছে বিবিসি বাংলা।
প্রথমত, হাসিনাকে ফিরিয়ে নেয়ার দায়িত্ব নিতে হবে বাংলাদেশ সেনাবাহিনীকে। দ্বিতীয়ত, দেশে ফেরার পর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল এবং ২০২৪ সালের জুলাইয়ে হত্যাকাণ্ডের অভিযোগে নতুন করে বিচারের সুযোগ নিশ্চিত করতে হবে। এ ছাড়া দেশে ফেরার পর তার নিরাপত্তার দায়িত্বও বাংলাদেশ সেনাবাহিনী গ্রহণ করুক, এমন প্রত্যাশা ভারতের।
প্রতিবেদনে বলা হয়, হাসিনার ভারতে অবস্থান নিয়ে ক্রমেই অস্বস্তিতে পড়ছে নয়াদিল্লি। বাংলাদেশ-ভারত সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বিষয়টি ভারতের জন্য বিব্রতকর হয়ে উঠেছে। ফলে হাসিনাকে দেশে ফেরানোর একটি গ্রহণযোগ্য পথ খুঁজছে ভারত সরকার। এ নিয়ে কয়েক মাস ধরে ঢাকা ও দিল্লির মধ্যে পর্দার আড়ালে আলোচনাও চলছে।
২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর দুই বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। এর মধ্যে বাংলাদেশের আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। কয়েক মাস আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে হাসিনা জানিয়েছিলেন, ২০২৬ সালের ডিসেম্বরেই দেশে ফিরতে চান তিনি। এখন পর্যন্ত সেই অবস্থান থেকে সরে আসেননি। তবে ফেরার নির্দিষ্ট কোনো তারিখও ঘোষণা করেননি।
এদিকে এখন পর্যন্ত হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। একই সঙ্গে ২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশের করা প্রত্যর্পণের অনুরোধও এখন পর্যন্ত ঝুলিয়ে রেখেছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার বলেছে, বিষয়টি আইনি এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এর সমাধান হবে। কিন্তু হাসিনার প্রত্যাবর্তন নিয়ে দিল্লির নিজস্ব পরিকল্পনা রয়েছে বলে দাবি করেছে বিবিসি বাংলা। প্রতিবেদনটির দাবি, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার পরই ডিসেম্বর মাসে দেশে ফেরার ইচ্ছার কথা প্রকাশ্যে জানিয়েছেন হাসিনা।বাংলাদেশ ভ্রমণ

হাসিনার ঘোষণার পেছনে দিল্লির সম্মতি?

বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, ভারত সরকারের প্রচ্ছন্ন সম্মতি ছাড়া শেখ হাসিনা নিজে থেকে দেশে ফেরার এমন ঘোষণা দেননি। বরং হাসিনা ও দিল্লি—দুই পক্ষের মধ্যে এ বিষয়ে বোঝাপড়া হয়েছে বলেই তার প্রত্যাবর্তনের ঘোষণা এসেছে।
ভারতে হাসিনার দীর্ঘদিনের অবস্থান যে দেশটির সরকারের জন্য অস্বস্তিকর হয়ে উঠেছে, তা এখন আর গোপন বিষয় নয়। শুধু বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও এ নিয়ে সমালোচনার মুখে পড়ছে ভারত। বাংলাদেশের আদালতে দণ্ডিত একজন সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়ে রাখায় বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে।বাংলাদেশ ভ্রমণ

ভারতের জন্য সবচেয়ে সহজ সমাধান হতে পারত হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেয়া। অতীতে এ নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করেছিল নয়াদিল্লি। কিন্তু নানা কারণে সেই চেষ্টা সফল হয়নি। এ অবস্থায় হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে দেশটির বিচারিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ করে দেয়াকেই এখন বাস্তবসম্মত সমাধান হিসেবে দেখছে ভারত।
এর পেছনে রাজনৈতিক হিসাবও রয়েছে। বাংলাদেশের দীর্ঘদিনের মিত্র আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনরুজ্জীবিত করতে হলে হাসিনার দেশে ফেরা প্রয়োজন বলে মনে করছেন দিল্লির নীতিনির্ধারকেরা।

বিবিসি বাংলা জানিয়েছে, ভারতে আশ্রয় পাওয়া বিদেশি নাগরিকদের সঙ্গে দেশটির সরকার নিয়মিত ব্রিফিং বা অবহিতকরণ বৈঠক করে। হাসিনাও এর বাইরে নন। এসব বৈঠকে তাকে ভারতের অবস্থান ও মনোভাব সম্পর্কে জানানো হয়েছে। দুই পক্ষের মধ্যে বোঝাপড়া হওয়ার পরই ডিসেম্বর মাসে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি— এমনটা প্রতিবেদনে দাবি করা হয়েছে।

দিল্লির দুটি শর্ত কী?

নয়াদিল্লির সরকারি কর্মকর্তাদের বরাতে বিবিসি বাংলা জানিয়েছে, হাসিনাকে দেশে ফেরানোর ক্ষেত্রে ভারতের প্রধান শর্ত দুটি। প্রথম শর্ত, হাসিনাকে ফিরিয়ে নেয়ার দায়িত্ব নিতে হবে বাংলাদেশ সেনাবাহিনীকে। তিনি যেহেতু বাংলাদেশি সামরিক বিমানে ভারতে এসেছিলেন, তাই তাকে ফিরিয়ে নেয়ার প্রক্রিয়াতেও বাংলাদেশ সামরিক বাহিনীর ভূমিকা চায় ভারত।বাংলাদেশ ভ্রমণ

এটি দুইভাবে হতে পারে। বাংলাদেশ দিল্লিতে সামরিক বিমান পাঠিয়ে হাসিনাকে ফিরিয়ে নিতে পারে। অথবা দুই দেশের সম্মত কোনো স্থলসীমান্ত এলাকায় বাংলাদেশ সেনাসদস্যরা তাকে গ্রহণ করতে পারেন। বিবিসির প্রতিবেদন বলছে, উভয় ব্যবস্থার জন্য প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে ভারত।

দ্বিতীয় শর্তটি বিচারপ্রক্রিয়াসংক্রান্ত। হাসিনাকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ দিতে হবে এবং জুলাই ২০২৪-এর হত্যাকাণ্ডের অভিযোগে তার বিচার নতুন করে শুরু করতে হবে। তবে বাংলাদেশের স্বাধীন বিচারব্যবস্থায় হস্তক্ষেপের অভিযোগ উঠুক, তা চায় না দিল্লি। এ কারণে বিষয়টি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করার ক্ষেত্রেও সতর্ক ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে বিবিসি বাংলা জানিয়েছে, ‘আমরা কখনোই জেনেশুনে তাকে ফাঁসিতে ঝোলানোর জন্য হস্তান্তর করতে পারি না। বরং তিনি যাতে নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটাই নিশ্চিত করতে চাইব।’ ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, বিচারপ্রক্রিয়া আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব গণমাধ্যমের নজরদারির মধ্যে পরিচালিত হোক, সেটিও চায় ভারত।

হাসিনার প্রত্যাবর্তনে সেনাবাহিনীর যোগাযোগ কাজে লাগাতে চায় দিল্লি

হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগে দুই দেশের সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করছে ভারত। এ ক্ষেত্রে ঢাকা ও দিল্লির সামরিক নেতৃত্বের মধ্যে দীর্ঘদিনের যোগাযোগকে কাজে লাগাতে চায় নয়াদিল্লি। বিবিসি বাংলার প্রতিবেদনে বাংলাদেশের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর অক্টোবরের প্রথম সপ্তাহে দিল্লি সফরের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। ওই সফরটি ছিল অঘোষিত। সফরে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গেও বৈঠক করেন। ভারতের এক জ্যেষ্ঠ সামরিক সূত্র বিবিসিকে জানিয়েছে, বিশেষ কোনো পরিস্থিতি তৈরি না হলে বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে ভারতীয় সেনাপ্রধানের বৈঠকের সাধারণত আলাদা কোনো কারণ থাকে না।
ওই সূত্রের ধারণা, হাসিনাকে দেশে ফেরানোর ক্ষেত্রে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা নিশ্চিত করার বিষয়টি নিয়েই বৈঠকে আলোচনা হয়ে থাকতে পারে। গত দুই থেকে আড়াই বছরে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্কে নানা টানাপড়েন থাকলেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।
ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে এবং তার পূর্বসূরি প্রকাশ্যে জানিয়েছিলেন, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের আগে থেকেই বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে তাদের নিয়মিত সাপ্তাহিক যোগাযোগ ছিল। সামরিক বাহিনীর মধ্যে এই যোগাযোগ ও সম্পর্ককে হাসিনার প্রত্যাবর্তনের ক্ষেত্রেও কাজে লাগাতে চায় ভারত বলে ওই সূত্রের ইঙ্গিত।

দেশে ফিরলে হাসিনার নিরাপত্তার দায়িত্ব কে নেবে?

হাসিনাকে বাংলাদেশে ফেরানোর ক্ষেত্রে তার নিরাপত্তার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারত। দেশে ফেরার পর তার জীবন ও নিরাপত্তা যেন ঝুঁকির মুখে না পড়ে, সে বিষয়ে নিশ্চয়তা চায় নয়াদিল্লি।
ভারতের এক সামরিক সূত্র বিবিসিকে বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তার নিরাপত্তা নিশ্চিত করাও ভারতের বিবেচনার বিষয়। কারণ, বর্তমানে তার নিরাপত্তার দায়িত্ব কার্যত ভারতের ওপর রয়েছে। এ কারণে বাংলাদেশে ফিরে যাওয়ার পর হাসিনার সুরক্ষা ও নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনী গ্রহণ করুক, এমনটাই প্রত্যাশা করছে ভারত।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD