শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন




সংশোধিত এডিপিতে পাঁচ অগ্রাধিকার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১২:১৮ pm
mega projects mega project Fast Track মেগা প্রকল্প মেগাপ্রকল্প ফাস্ট ট্র্যাক প্রকল্প প্রজেক্ট
file pic

চলতি অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) প্রণয়নে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। এতে উন্নয়ন প্রকল্পের অর্থ ব্যয় ও বাস্তবায়ন অগ্রগতিতে কঠোর নজরদারির পাশাপাশি ধীরগতির প্রকল্পের বরাদ্দ পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের পাঁচ কৌশলগত অগ্রাধিকারের আলোকে চলমান প্রকল্পগুলোর পরিধি ও উদ্দেশ্য পুনর্নির্ধারণ করা হবে।

এ জন্য প্রকল্পের বরাদ্দ চাহিদা যাচাই-বাছাই করে পাঠাতে মন্ত্রণালয়, বিভাগ ও বাস্তবায়নকারী সংস্থাগুলোর জন্য চার ধাপে সময়সীমা বেঁধে দিয়েছে পরিকল্পনা কমিশন। লক্ষ্য বাস্তবায়নে প্রকল্পের ব্যয়, অর্থ ব্যবহারের সক্ষমতা এবং বাস্তবায়ন অগ্রগতি নতুন করে পর্যালোচনায় মাসব্যাপী কার্যক্রম শুরু করেছে পরিকল্পনা কমিশন। সম্প্রতি এ সংক্রান্ত পরিপত্রে মন্ত্রণালয়, বিভাগ ও বাস্তবায়নকারী সংস্থাগুলোকে প্রকল্পভিত্তিক সংশোধিত বরাদ্দ চাহিদা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ২৯ নভেম্বরের মধ্যে পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট বিভাগকে চাহিদা যাচাই-বাছাই শেষে কার্যক্রম বিভাগে পাঠাতে হবে। পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের ওই পরিপত্র ৫৮টি মন্ত্রণালয়, বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠানের সচিবদের কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, নীতিমালায় চলমান প্রকল্পের অগ্রগতি, অবশিষ্ট কাজ সম্পন্ন করতে প্রয়োজনীয় অর্থ, প্রকল্পের বাস্তবায়ন সক্ষমতা এবং বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন অনুমোদিত প্রকল্পের অর্থায়ন চাহিদাও বিবেচনায় নিতে বলা হয়েছে।

পাঁচ অগ্রাধিকারে সাজানো হবে উন্নয়ন প্রকল্প

জানা গেছে, নতুন কাঠামোতে সরকারের পাঁচটি কৌশলগত অগ্রাধিকারের আলোকে চলমান উন্নয়ন প্রকল্পগুলো পুনর্বিন্যাস করা হবে। অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্র সংস্কার, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা, ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন, ভারসাম্যপূর্ণ আঞ্চলিক উন্নয়ন ও ধর্মীয় সম্প্রীতি এবং সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক সংহতি। এসব অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে চলমান প্রকল্পের পরিধি ও উদ্দেশ্য পুনর্বিন্যাসের পাশাপাশি প্রকল্পগুলোকে যৌক্তিকসংখ্যক কর্মসূচিতে ভাগ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নের মধ্যে সমন্বয় বাড়ানোর কথা বলেছে পরিকল্পনা কমিশন।

সময়সীমার চার ধাপ

আরএডিপির বরাদ্দ চাহিদা পাঠানোর জন্য চারটি ধাপে সময়সীমা নির্ধারণ করেছে পরিকল্পনা কমিশন। নির্দেশনা অনুযায়ী, প্রকল্প পরিচালকদের ৮ নভেম্বরের মধ্যে অর্থনৈতিক কোডভিত্তিক চাহিদা এডিপি/আরএডিপি ম্যানেজমেন্ট সিস্টেমে (এএমএস) এন্ট্রি করে বাস্তবায়নকারী সংস্থায় পাঠানোর সময় দেওয়া হয়। বাস্তবায়নকারী সংস্থাগুলো যাচাই-বাছাই ও প্রয়োজনীয় সংশোধন শেষে ১৫ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগে চাহিদা পাঠাবে।

মন্ত্রণালয় ও বিভাগগুলো সমন্বিত প্রস্তাব ২২ নভেম্বরের মধ্যে পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট সেক্টর বিভাগে পাঠাবে। সর্বশেষ ২৯ নভেম্বরের মধ্যে সেক্টর বিভাগগুলো অগ্রাধিকার নির্ধারণ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে কার্যক্রম বিভাগে চাহিদা পাঠাবে। সব প্রস্তাব এএমএসের মাধ্যমে পাঠানো বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত সময় শেষ হলে সিস্টেমে চাহিদা পাঠানোর সুযোগ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। ফলে নির্ধারিত সময়ের পরে আর কোনো প্রস্তাব পাঠানোর সুযোগ থাকবে না বলে পরিপত্রে সতর্ক করা হয়েছে।

বিদেশি সহায়তা ও জলবায়ু প্রকল্পে গুরুত্ব

বিদেশি ঋণ ও অনুদাননির্ভর প্রকল্পের ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থের পাশাপাশি বৈদেশিক মুদ্রার চাহিদা এবং প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা বিবেচনায় নিতে বলা হয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ, পানিসম্পদ ব্যবস্থাপনা, কৃষি, খাদ্যনিরাপত্তা, বিদ্যুৎ ও জ্বালানি, যোগাযোগ অবকাঠামো, সামাজিক সুরক্ষা এবং মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতের প্রকল্পকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

এছাড়া সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় বাস্তবায়নাধীন ও প্রস্তাবিত প্রকল্পের তথ্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর নির্দেশনা রয়েছে। এ ক্ষেত্রে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটির (পিপিপিএ) সঙ্গে সমন্বয়ের কথা বলা হয়েছে।

বরাদ্দ চাহিদায় সতর্কতা

নীতিমালায় বলা হয়েছে, প্রকল্পের চাহিদা প্রস্তাবের ক্ষেত্রে ইতোমধ্যে ব্যয় করা অর্থের তুলনায় কম অগ্রগতি দেখিয়ে অতিরিক্ত অর্থ চাওয়া যাবে না। একই সঙ্গে প্রকল্পের বাস্তব প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে বরাদ্দ চাহিদা নির্ধারণ করতে হবে। প্রকল্পের অর্থনৈতিক কোডভিত্তিক চাহিদা হাজার টাকায় উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে মোট বরাদ্দ চাহিদা লাখ টাকায় উল্লেখ করতে হবে।

পরিকল্পনা কমিশন বলছে, সংশোধিত এডিপি প্রণয়নের ক্ষেত্রে সরকারের উন্নয়ন অগ্রাধিকার, প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি এবং অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত করাই এ নীতিমালার মূল লক্ষ্য। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও বাস্তবায়নকারী সংস্থাকে প্রয়োজনীয় তথ্য ও বরাদ্দ চাহিদা পাঠাতে বলা হয়েছে।

ব্যয়ের হিসাব যাচাইয়ে কঠোর নির্দেশনা

চলমান প্রকল্পের সংশোধিত বরাদ্দ চাহিদা তৈরির ক্ষেত্রে ১৬টি শর্ত অনুসরণের নির্দেশ দিয়েছে পরিকল্পনা কমিশন। এতে প্রকল্পের অনুমোদিত কর্মপরিকল্পনা, ব্যয় পরিকল্পনা, চলতি অর্থবছরের প্রকৃত ব্যয়, ক্রমপুঞ্জিত ব্যয় এবং অবশিষ্ট সময়ে বাস্তবসম্মতভাবে কত অর্থ ব্যয় করা সম্ভব, তা বিবেচনায় নিতে বলা হয়েছে।

নীতিমালায় বলা হয়েছে, কোনো প্রকল্পের বরাদ্দ চাহিদা ইতোমধ্যে ব্যয় করা অর্থের তুলনায় কম প্রস্তাব করা যাবে না। একই সঙ্গে অবশিষ্ট সময়ে বাস্তবে যে পরিমাণ অর্থ ছাড় ও ব্যয় করা সম্ভব, চাহিদায় তার প্রতিফলন থাকতে হবে। এডিপিভুক্ত সব প্রকল্প আরএডিপিতে অন্তর্ভুক্ত করতে হবে। ২০২৫-২৬ অর্থবছরে যেসব প্রকল্প সমাপ্ত হয়েছে, সেগুলোর ক্ষেত্রে প্রকৃত ব্যয়ের তথ্য দেখাতে হবে।

প্রকল্পের অব্যবহৃত বরাদ্দ সরকারি কোষাগারে চালানের মাধ্যমে ফেরত দেওয়া হলে সেই তথ্য ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেমে (আইবাস++) যথাযথভাবে হিসাবভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। আমার দেশ




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD