বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন




কীভাবে বিদ্যুৎ উৎপাদন করে রূপপুর পারমাণবিক কেন্দ্র

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৬:২৭ pm
পরমাণু RNPP বিদ্যুৎ Pabna Ruppur Rooppur Nuclear Power Plant PROJECT পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিউক্লিয়ার ইউরেনিয়াম
file pic

বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের মূল ভিত্তি হলো নিউক্লিয়ার ফিশন বা পারমাণবিক বিভাজন। এ প্রক্রিয়ায় ইউরেনিয়াম পরমাণুর নিউক্লিয়াস ভেঙে প্রচুর তাপশক্তি উৎপন্ন হয়। সেই তাপ কাজে লাগিয়ে পানি থেকে বাষ্প তৈরি করা হয়। বাষ্পের চাপে টারবাইন ঘোরে এবং টারবাইনের সঙ্গে যুক্ত জেনারেটর বিদ্যুৎ উৎপাদন করে।

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার নকশায় তৈরি ভিভিইআর-১২০০ প্রযুক্তির দুটি প্রেশারাইজড ওয়াটার রিঅ্যাক্টর রয়েছে। প্রতিটি ইউনিটের পরিকল্পিত উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পুরোপুরি চালু হলে কেন্দ্রটির মোট স্থাপিত উৎপাদনক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট।

যেভাবে শুরু হয় বিদ্যুৎ উৎপাদন
বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া শুরু হয় রিঅ্যাক্টরের ভেতরে। সেখানে বিশেষভাবে তৈরি ফুয়েল অ্যাসেম্বলিতে ইউরেনিয়াম জ্বালানি রাখা হয়। ইউরেনিয়াম-২৩৫ এর নিউক্লিয়াসে নিউট্রন আঘাত করলে সেটি ভেঙে অপেক্ষাকৃত ছোট দুটি নিউক্লিয়াসে পরিণত হয়। এ সময় প্রচুর তাপশক্তি ও নতুন নিউট্রন নির্গত হয়।

নির্গত নিউট্রনগুলো অন্য ইউরেনিয়াম পরমাণুকে আঘাত করে আরও বিভাজন ঘটে। এভাবে ধারাবাহিকভাবে যে প্রক্রিয়া চলে, তাকে বলা হয় চেইন রিঅ্যাকশন বা শৃঙ্খল বিক্রিয়া। বিদ্যুৎ উৎপাদনের জন্য এই বিক্রিয়াকে নিয়ন্ত্রিত অবস্থায় রাখা হয়।

রিঅ্যাক্টরের কন্ট্রোল রড অতিরিক্ত নিউট্রন শোষণ করে বিক্রিয়ার গতি নিয়ন্ত্রণ করে। এর ফলে প্রয়োজন অনুযায়ী তাপ উৎপাদন বাড়ানো বা কমানো সম্ভব হয়।

তাপ থেকে বাষ্প, বাষ্প থেকে বিদ্যুৎ
রিঅ্যাক্টরে উৎপন্ন তাপ প্রাথমিক শীতলীকরণ চক্রের (প্রাইমারি সার্কিট) পানিতে স্থানান্তরিত হয়। এ পানি ৩০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় উত্তপ্ত হলেও উচ্চ চাপে থাকার কারণে তরল অবস্থায় থাকে, বাষ্পে পরিণত হয় না।

এরপর উত্তপ্ত পানি বিশেষ নলের মাধ্যমে স্টিম জেনারেটরে প্রবেশ করে। সেখানে প্রাথমিক চক্রের পানি সরাসরি মাধ্যমিক চক্রের পানির সঙ্গে মেশে না; বরং তাপ বিনিময়ের মাধ্যমে মাধ্যমিক চক্রের পানিকে উত্তপ্ত করে।

এই তাপে মাধ্যমিক চক্রের পানি বাষ্পে পরিণত হয়। উচ্চচাপের বাষ্প টারবাইনের ব্লেডে আঘাত করে সেটিকে ঘোরায়। টারবাইনের সঙ্গে যুক্ত জেনারেটরও ঘুরতে শুরু করে। জেনারেটরের ভেতরে তড়িৎচুম্বকীয় আবেশের মাধ্যমে এই যান্ত্রিক শক্তি বিদ্যুতে রূপান্তরিত হয়।

পানি আবার ফিরে আসে ব্যবহারের জন্য
টারবাইন ঘোরানোর পর বাষ্প কনডেনসারে প্রবেশ করে। সেখানে শীতলীকরণ ব্যবস্থার সাহায্যে বাষ্প ঠান্ডা করে আবার পানিতে পরিণত করা হয়। পরে পাম্পের সাহায্যে সেই পানি স্টিম জেনারেটরে পাঠানো হয়। এভাবে একই পানি বারবার ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া চালানো হয়।

এ ছাড়া বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতির কার্যক্রম সচল রাখতে এবং অতিরিক্ত তাপ অপসারণ করতে আলাদা শীতলীকরণ ব্যবস্থা কাজ করে।

দুর্ঘটনা মোকাবিলায় যেসব নিরাপত্তাব্যবস্থা রয়েছে
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে তেজস্ক্রিয় পদার্থ নিয়ন্ত্রণে রাখা এবং সম্ভাব্য দুর্ঘটনার ঝুঁকি কমানোর জন্য একাধিক স্তরের নিরাপত্তাব্যবস্থা থাকে। রূপপুরের ভিভিইআর-১২০০ প্রযুক্তিতেও রয়েছে কন্ট্রোল রড, জরুরি কোর শীতলীকরণ ব্যবস্থা, তেজস্ক্রিয়তা পর্যবেক্ষণ সরঞ্জাম এবং শক্তিশালী কন্টেইনমেন্ট কাঠামো।

এ ছাড়া এ প্রযুক্তিতে প্যাসিভ সেফটি সিস্টেম রয়েছে, যা নির্দিষ্ট পরিস্থিতিতে বাইরের বিদ্যুৎ বা সক্রিয় যন্ত্রের ওপর নির্ভরতা ছাড়াই নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করে। এছাড়া কোর ক্যাচার নামের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, যাতে গুরুতর দুর্ঘটনায় রিঅ্যাক্টরের জ্বালানি গলে গেলে তা আটকে রাখা যায়।

রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের বর্তমান অবস্থা
রিঅ্যাক্টরে পারমাণবিক বিভাজন শুরু হওয়া, বিদ্যুৎ উৎপাদন করা এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা—তিনটি আলাদা ধাপ। রিঅ্যাক্টরে ফিশন বিক্রিয়া শুরু হলেই গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয় না। এর জন্য পর্যায়ক্রমে বিভিন্ন কারিগরি পরীক্ষা, টারবাইন ও জেনারেটরের কার্যকারিতা যাচাই এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন।

রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে রিঅ্যাক্টরের ক্ষমতা ধাপে ধাপে বাড়ানো, বাষ্প উৎপাদন, টারবাইন চালানো এবং জেনারেটরের কার্যকারিতা পরীক্ষা করা হয়। এরপর গ্রিডের সঙ্গে সংযোগ স্থাপন ও বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।

দুটি ইউনিট পুরোপুরি চালু হলে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের স্থাপিত উৎপাদনক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। তবে কেন্দ্রটির নিজস্ব পরিচালন কাজে কিছু বিদ্যুৎ ব্যবহৃত হওয়ায় জাতীয় গ্রিডে সরবরাহযোগ্য নিট বিদ্যুতের পরিমাণ স্থাপিত উৎপাদনক্ষমতার চেয়ে কম হবে।

এদিকে মঙ্গলবার দীর্ঘ প্রতীক্ষা ও ধারাবাহিক পরীক্ষা-নিরীক্ষার পর দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। এদিন বিকেল ৩টা ১৬ মিনিটে পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে প্রাথমিকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত করা হয়।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, ফার্স্ট গ্রিড কানেকশন বা প্রথম গ্রিড সংযোগ কার্যক্রমের অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে উৎপাদিত বিদ্যুৎ ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা রয়েছে। এ সময় টারবাইন, জেনারেটর ও জাতীয় গ্রিডের সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা এবং স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হবে। এরপর প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য কেন্দ্রটিকে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবার ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে পরবর্তী পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD