বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন




লবণাক্ততার সঙ্গে লড়াই, জলবায়ু সংকটে নতুন জীবনের স্বপ্ন

মীর লুৎফুল কবীর সা'দী, সাতক্ষীরা, শ্যামনগর থেকে ফিরে
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৯:২১ pm

শ্যামনগরে পিকেএসএফ ও এনজিএফের সমন্বিত উদ্যোগে জলবায়ু-সহনশীল আবাসন, নিরাপদ পানি, কৃষি ও জীবিকার নতুন সম্ভাবনা

একদিকে লবণাক্ত পানির আগ্রাসন, অন্যদিকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আতঙ্ক। কখনো নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়ে নোনা পানি, কখনো দীর্ঘ অনাবৃষ্টিতে শুকিয়ে যায় মিঠাপানির উৎস। যে জমিতে একসময় সোনালি ধান দোল খেত, সেখানে এখন অনেক কৃষকের কাছে ফসল ফলানোই বড় চ্যালেঞ্জ। সুপেয় পানির সন্ধানে নারী ও শিশুদের পাড়ি দিতে হয় দীর্ঘ পথ। আর একটি ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসের পর বহু পরিবারকে আবার শুরু করতে হয় জীবন গড়ার সংগ্রাম।

এটি কোনো বিচ্ছিন্ন দুর্যোগের গল্প নয়। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের সাতক্ষীরা জেলার শ্যামনগরের অসংখ্য মানুষের প্রতিদিনের বাস্তবতা। সুন্দরবনের কোলঘেঁষা এই জনপদ প্রকৃতির অপার সৌন্দর্যে সমৃদ্ধ হলেও জলবায়ু পরিবর্তনের অভিঘাতে এখানকার মানুষের জীবন ও জীবিকা ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততার বিস্তার, নদীভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও জলাবদ্ধতা মানুষের প্রচলিত জীবনব্যবস্থাকে বদলে দিচ্ছে।

তবে প্রতিকূলতার এই জনপদে তৈরি হচ্ছে নতুন আশার সম্ভাবনা। নিরাপদ বাড়ি, সুপেয় পানি, লবণসহিষ্ণু কৃষি, বিকল্প জীবিকা, প্রাণিসম্পদ উন্নয়ন ও বৃক্ষরোপণের সমন্বিত উদ্যোগে উপকূলীয় মানুষের জীবনমান পরিবর্তনে কাজ করছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও এর সহযোগী সংস্থা নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ)। গ্রিন ক্লাইমেট ফান্ডের (GCF) অর্থায়নে বাস্তবায়িত Resilient Homestead and Livelihood Support to the Vulnerable Coastal People of Bangladesh (RHL) কর্মসূচি শুধু দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন নয়; বরং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে মর্যাদা, নিরাপত্তা ও অর্থনৈতিক স্বনির্ভরতার সঙ্গে বেঁচে থাকার সক্ষমতা গড়ে তোলার একটি সমন্বিত প্রয়াস।

লবণাক্ততার নীরব আগ্রাসনে বদলে যাচ্ছে জীবন

শ্যামনগরের মানুষের কাছে লবণাক্ততা কেবল পরিবেশগত কোনো পরিভাষা নয়; এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুভূত এক বাস্তব সংকট। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নদীর প্রবাহে পরিবর্তন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কারণে উপকূলীয় এলাকায় লবণাক্ত পানির অনুপ্রবেশ বাড়ছে। শুষ্ক মৌসুমে মিঠাপানির প্রবাহ কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। কোথাও কৃষিজমির উৎপাদনশীলতা কমছে, কোথাও পুকুর ও জলাশয়ের পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে। এর সরাসরি প্রভাব পড়ছে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, জনস্বাস্থ্য ও পারিবারিক অর্থনীতিতে। অনেক কৃষক প্রচলিত ফসল চাষ থেকে সরে গিয়ে চিংড়ি কিংবা কাঁকড়া চাষে যুক্ত হচ্ছেন। কিন্তু এই পরিবর্তন সবার জন্য সমানভাবে লাভজনক নয়। পুঁজি, জমির মালিকানা, বাজারব্যবস্থা ও কারিগরি দক্ষতার সীমাবদ্ধতায় ক্ষুদ্র কৃষক ও ভূমিহীন পরিবারগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকছেন।

২০২৪ সালে প্রকাশিত একটি গবেষণায় সাতক্ষীরার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৮০টি পরিবারের ওপর পরিচালিত জরিপ ও সাক্ষাৎকারের ভিত্তিতে দেখা যায়, লবণাক্ততার কারণে ২৭ শতাংশ পরিবারকে জীবিকার ধরন পরিবর্তন করতে হয়েছে। গবেষণায় লবণসহিষ্ণু ফসলের চাষকে কার্যকর অভিযোজন কৌশল হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ, জলবায়ু পরিবর্তন শুধু প্রকৃতির রূপ বদলাচ্ছে না; বদলে দিচ্ছে মানুষের পেশা, আয়, খাদ্যনিরাপত্তা, পারিবারিক সম্পর্ক এবং ভবিষ্যৎ প্রজন্মের জীবনযাত্রাও।

সুপেয় পানির সন্ধানে প্রতিদিনের সংগ্রাম

উপকূলীয় জনপদের বড় সংকট নিরাপদ পানির অভাব। ভূগর্ভস্থ পানিতে লবণাক্ততা ও অন্যান্য দূষকের উপস্থিতি অনেক এলাকায় সুপেয় পানির প্রাপ্যতা সীমিত করেছে। পুকুর ও জলাশয়ের পানিও সব সময় নিরাপদ নয়। এই সংকটের সবচেয়ে বড় বোঝা বহন করেন নারী ও কিশোরীরা। পরিবারের পানির চাহিদা পূরণ করতে তাঁদের অনেক সময় দূরবর্তী উৎস থেকে পানি সংগ্রহ করতে হয়। এতে সময় ও শ্রমের অপচয় হয়; শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগও সীমিত হয়। পিকেএসএফ ও এনজিএফের আগের Community Climate Change Project (CCCP) কর্মসূচির আওতায় পুকুরের পানি পরিশোধনব্যবস্থা (Pond Sand Filter—PSF) এবং লবণাক্ত পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল। এনজিএফের তথ্য অনুযায়ী, আটুলিয়া ইউনিয়নের মোল্লাপাড়া ও দক্ষিণ আটুলিয়ায় দুটি পুকুরের পানি পরিশোধনব্যবস্থা স্থাপন করা হয়।

এ ধারাবাহিকতায় পিকেএসএফ উপকূলীয় মানুষের নিরাপদ পানির চাহিদা পূরণে সৌরশক্তিচালিত রিভার্স অসমোসিস প্রযুক্তির ১৮০টি ডিস্যালিনেশন প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার নির্বাচিত জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকায় বাস্তবায়নাধীন এ উদ্যোগের বাজেট ৫০ লাখ মার্কিন ডলার। আন্তর্জাতিক জলবায়ু তহবিল Adaptation Fund-এর অর্থায়নে তিন বছর মেয়াদি প্রকল্পটির মাধ্যমে প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষের জন্য নিরাপদ ও সাশ্রয়ী সুপেয় পানির সুযোগ সম্প্রসারণের প্রত্যাশা করা হচ্ছে। রিভার্স অসমোসিস প্রযুক্তিতে লবণাক্ত পানি থেকে অতিরিক্ত লবণ ও অন্যান্য দ্রবীভূত উপাদান অপসারণ করে পানযোগ্য পানি তৈরি করা হয়। এ প্রক্রিয়ায় সৌরশক্তির ব্যবহার প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব পানি সরবরাহব্যবস্থার সম্ভাবনা তৈরি করছে।

পিকেএসএফের ইতোমধ্যে স্থাপিত ৮৩টি RO ডিস্যালিনেশন প্ল্যান্টের অভিজ্ঞতার ভিত্তিতে নতুন ১৮০টি প্ল্যান্ট উপকূলের নিরাপদ পানির সংকট মোকাবিলায় আরও বড় পরিসরের ভূমিকা রাখতে পারে। প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো Knowledge Hub প্রতিষ্ঠা। এসব কেন্দ্রে পানির গুণগত মান পরীক্ষা, প্ল্যান্ট পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও নিরাপদ পানি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ এবং জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হবে। ফলে উদ্যোগটি শুধু অবকাঠামো স্থাপনের মধ্যে সীমাবদ্ধ না থেকে স্থানীয় পর্যায়ে দীর্ঘমেয়াদি দক্ষতা ও সক্ষমতা তৈরিতেও ভূমিকা রাখবে।

উপকূলীয় মানুষের বহুমাত্রিক সংকট বিবেচনায় পিকেএসএফ গ্রিন ক্লাইমেট ফান্ডের সহায়তায় গ্রহণ করেছে RHL কর্মসূচি। ২০২৩ সালে কার্যকর বাস্তবায়ন শুরু হওয়া এ কর্মসূচি দেশের সাতটি উপকূলীয় জেলার ২০টি উপজেলায় পরিচালিত হচ্ছে। জেলাগুলো হলো—সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, ভোলা ও কক্সবাজার।

শ্যামনগর উপজেলায় কর্মসূচিটির বাস্তবায়নকারী সংস্থা এনজিএফ। সংস্থাটির প্রকল্প-তথ্য অনুযায়ী, গাবুরা, পদ্মপুকুর, মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনী, আটুলিয়া, রমজাননগর, কৈখালী, কাশিমাড়ী, ঈশ্বরীপুর ও নূরনগর—এই ১০টি ইউনিয়নে কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। স্থানীয় পর্যায়ের প্রকল্প-মেয়াদ ৬ মার্চ ২০২৪ থেকে ১৬ আগস্ট ২০২৮ পর্যন্ত। কর্মসূচিটির মূল দর্শন হলো—দুর্যোগের পর ত্রাণ বা সাময়িক সহায়তার ওপর নির্ভরশীলতা কমিয়ে মানুষকে এমনভাবে প্রস্তুত করা, যাতে তারা নিজেরাই পরিবর্তিত জলবায়ুর ঝুঁকি মোকাবিলা করতে পারে। এ জন্য আবাসন, কৃষি, প্রাণিসম্পদ, মৎস্য, নিরাপদ পানি, পরিবেশ ও সামাজিক সচেতনতাকে একই উন্নয়ন কাঠামোর আওতায় আনা হয়েছে।

নিরাপদ বাড়ি: দুর্যোগের মুখে পরিবারের সুরক্ষাকবচ

উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও অতিবৃষ্টিতে দরিদ্র পরিবারের বসতবাড়ি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় উপকরণে নির্মিত অনেক ঘর সামান্য দুর্যোগেই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। ফলে দরিদ্র পরিবারগুলোকে বারবার ঘর মেরামতে অর্থ ব্যয় করতে হয়। RHL কর্মসূচিতে এ বাস্তবতা বিবেচনায় জলবায়ু-সহনশীল বসতবাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব বাড়িতে বন্যা ও জলোচ্ছ্বাসের ঝুঁকি বিবেচনায় উঁচু ভিত্তি বা প্লিন্থ, মজবুত নির্মাণসামগ্রী, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা, সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ এবং উন্নত চুলার মতো সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে।

শ্যামনগরের বুড়ি গোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামের মুসলিমা খাতুন এনজিএফ-এর সাহায্যপ্রাপ্ত একজন গ্রামবাসী। তিনি মনে করেন, একটি নিরাপদ বাড়ি মানে শুধু মাথা গোঁজার ঠাঁই নয়; এটি একটি পরিবারের জীবন, সম্পদ, স্বাস্থ্য ও মর্যাদা রক্ষার ভিত্তি। দুর্যোগের সময় নিরাপদ আশ্রয় নিশ্চিত হলে শিশু, নারী ও প্রবীণদের ঝুঁকিও কমে আসে। তিনি এনজিএফ থেকে একটি নিরাপদ বাড়ি পেয়েছেন। এই বাড়িতে সৌরশক্তির ব্যবস্থা রয়েছে এবং বৃষ্টির পানি ধরে রাখার জন্যেও ব্যবস্থা আছে। পিকেএসএফের তথ্য অনুযায়ী, সারাদেশে এ কর্মসূচির আওতায় ৩ হাজার জলবায়ু-সহনশীল বসতবাড়ি নির্মাণের লক্ষ্যমাত্রা রয়েছে। ২০২৬ সালের জুন পর্যন্ত ১ হাজার ৬৪৭টি বাড়ি নির্মাণের অগ্রগতি অর্জিত হয়েছে।

উপকূলীয় কৃষির অন্যতম চ্যালেঞ্জ মাটির লবণাক্ততা। তাই এ অঞ্চলে কৃষিকে টিকিয়ে রাখতে প্রয়োজন অভিযোজন উপযোগী ফসল, উন্নত চাষপদ্ধতি এবং স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রযুক্তি। RHL কর্মসূচিতে বসতবাড়ির আঙিনায় লবণসহিষ্ণু সবজি চাষের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। টমেটো, বেগুন, লালশাক, কলমিশাক ও শালগমসহ বিভিন্ন মৌসুমি সবজির বীজ সরবরাহের পাশাপাশি বস্তায় আদা চাষের মতো বিকল্প প্রযুক্তি সম্প্রসারণ করা হচ্ছে।

আসমা খাতুন এনজিএফ-এর উপকারভোগী একজন গ্রামবাসী। তিনি ঘুরে ঘুরে সাংবাদিকদের তার আদা চাষের জমি দেখালেন। এখানে তিনি বস্তায় করেও আদা চাষ করছেন। বস্তায় আদা চাষ খুব সহজ। এতে ব্যয় সামান্য কিন্তু লাভ অনেক বেশি। এতে তুলনামূলক কম জায়গায় এবং মাটির লবণাক্ততার সরাসরি প্রভাব এড়িয়ে উৎপাদনের সুযোগ তৈরি হয়। পিকেএসএফের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এ প্রযুক্তি ব্যবহার করে ৬ হাজার ১৮৮ জন উপকারভোগী মোট ১ লাখ ৬৬ হাজার ৭৮৫ কেজি আদা উৎপাদন করেন। তাঁদের সম্মিলিত আয় ছিল প্রায় ৩ কোটি ৫৯ লাখ ৬০ হাজার টাকা। এ পরিসংখ্যান দেখায়, উপযুক্ত প্রযুক্তি, প্রশিক্ষণ ও সহায়তা পেলে জলবায়ুর প্রতিকূলতার মধ্যেও কৃষিকে নতুনভাবে সংগঠিত করা সম্ভব। বসতবাড়ির ছোট্ট আঙিনাও হয়ে উঠতে পারে খাদ্য ও আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস।

প্রাণিসম্পদ ও কাঁকড়া চাষে বিকল্প জীবিকা

কৃষির পাশাপাশি প্রাণিসম্পদ ও মৎস্য উপকূলীয় মানুষের আয়ের গুরুত্বপূর্ণ উৎস। কিন্তু জলাবদ্ধতা, অতিবৃষ্টি, রোগবালাই ও লবণাক্ততার কারণে এ খাতেও রয়েছে নানা ঝুঁকি। RHL কর্মসূচিতে ছাগল ও ভেড়া পালনের জন্য উঁচু মাচার ওপর Slatted House নির্মাণের ব্যবস্থা করা হচ্ছে। এর ফলে পানি ও অতিরিক্ত আর্দ্রতার প্রভাব কমে, পরিচ্ছন্নতা বজায় রাখা সহজ হয় এবং প্রাণীর রোগের ঝুঁকি কমাতে সহায়তা পাওয়া যায়।
পিকেএসএফের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন পর্যন্ত দেশব্যাপী ১০ হাজার ৪২৬টি এ ধরনের ঘর নির্মাণ করা হয়েছে। প্রকল্পের লক্ষ্যমাত্রা ২০ হাজার।

অন্যদিকে, শ্যামনগরের ভৌগোলিক ও অর্থনৈতিক বাস্তবতায় কাঁকড়া চাষ একটি সম্ভাবনাময় জীবিকা। এ খাতের উন্নয়নে কাঁকড়ার হ্যাচারি, পোনা সরবরাহ, নার্সারি পরিচালনা এবং চাষিদের কারিগরি ও আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। সুন্দরবন থেকে শ্যামনগরে কাঁকড়ার পোনা পরিবহনের উদ্যোগও উল্লেখযোগ্য। এর ফলে প্রত্যন্ত এলাকার চাষিরা উন্নত উৎস থেকে পোনা সংগ্রহের সুযোগ পাচ্ছেন। উপযুক্ত প্রশিক্ষণ, মানসম্মত পোনা, রোগ নিয়ন্ত্রণ ও বাজারসংযোগ নিশ্চিত করা গেলে কাঁকড়া চাষ উপকূলের বহু পরিবারের জন্য আয়ের আরও কার্যকর উৎস হয়ে উঠতে পারে।

জলবায়ু পরিবর্তনের সঙ্গে লড়াইয়ে শুধু প্রযুক্তি ও অবকাঠামো যথেষ্ট নয়। প্রয়োজন প্রকৃতির নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা। এ বিবেচনায় RHL কর্মসূচিতে বসতবাড়ি, রাস্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। নারিকেল, পেয়ারা, সফেদা, কদবেল, সুপারি ও নিমসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হচ্ছে। গাছ একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা, মাটির ক্ষয় নিয়ন্ত্রণ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখে; অন্যদিকে ফল ও অন্যান্য উৎপাদনের মাধ্যমে পরিবারের ভবিষ্যৎ অর্থনৈতিক উপকারও করতে পারে।

পিকেএসএফের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন পর্যন্ত এ কর্মসূচির আওতায় ২ লাখ ৫০ হাজার ৪৯৬টি গাছ রোপণ করা হয়েছে। প্রকল্পের মোট লক্ষ্যমাত্রা ৪ লাখ।উপকূলীয় জনপদে পরিকল্পিত বৃক্ষরোপণ, প্রাকৃতিক জলাধার সংরক্ষণ ও সুন্দরবনের প্রতিবেশগত সুরক্ষা দীর্ঘমেয়াদি অভিযোজনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মানুষের অংশগ্রহণেই টেকসই অভিযোজন

জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন কোনো এককালীন কার্যক্রম নয়; এটি একটি চলমান প্রক্রিয়া। এ জন্য অর্থায়ন ও প্রযুক্তির পাশাপাশি প্রয়োজন স্থানীয় মানুষের জ্ঞান, অভিজ্ঞতা ও অংশগ্রহণ। RHL কর্মসূচিতে Climate Change Adaptation Group (CCAG) গঠন ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। স্থানীয় জনগোষ্ঠীকে সংগঠিত করে এলাকার জলবায়ু ঝুঁকি শনাক্তকরণ, অভিযোজন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে তাঁদের সম্পৃক্ত করা হচ্ছে। ২০২৫ সালের ৩ জুন শ্যামনগরে এনজিএফের উদ্যোগে জলবায়ু-সহনশীল বাড়ি নির্মাণের প্রক্রিয়া ও প্রকল্পের শর্তাবলি সম্পর্কে উপকারভোগীদের বিশেষ অবহিতকরণ আয়োজন করা হয়। সেখানে নির্মাণের অভিজ্ঞতা, উপকরণ পরিবহন এবং প্রত্যন্ত এলাকায় কাজ বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।

এ ধরনের উদ্যোগের গুরুত্ব অনেক। কারণ, স্থানীয় মানুষের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়ন প্রকল্প দীর্ঘমেয়াদে টেকসই হতে পারে না। প্রকল্পের পরিকল্পনা থেকে বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণ—প্রতিটি পর্যায়ে উপকারভোগীদের মতামত ও নেতৃত্ব নিশ্চিত করা প্রয়োজন।

পিকেএসএফের ব্যবস্থাপক জনাব মো. মাহমুদুজ্জামানের মতে, শ্যামনগরের বাস্তবতা একটি মৌলিক শিক্ষা দেয় যে, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বিচ্ছিন্ন কোনো উদ্যোগই যথেষ্ট নয়।একটি পরিবারকে নিরাপদ বাড়ি দেওয়া হলো, কিন্তু সুপেয় পানির ব্যবস্থা হলো না তাহলে তার জীবনমানের পূর্ণাঙ্গ উন্নয়ন সম্ভব নয়। লবণসহিষ্ণু সবজির বীজ দেওয়া হলো, কিন্তু কৃষক ন্যায্যমূল্য পেলেন না তাহলে অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত হবে না। প্রাণিসম্পদ পালনের ঘর নির্মাণ করা হলো, কিন্তু পশুচিকিৎসা ও বাজারসংযোগ নিশ্চিত হলো না তাহলে উদ্যোগের স্থায়িত্ব প্রশ্নের মুখে পড়বে। তিনি মনে করেন, পুনর্বাসনকে দেখতে হবে একটি সমন্বিত মানবিক, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নপ্রক্রিয়া হিসেবে।
এখানে নিরাপদ আবাসন, সুপেয় পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, খাদ্যনিরাপত্তা, বিকল্প কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, শিশুদের শিক্ষা এবং স্থানীয় জনগোষ্ঠীর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সবকিছুকে সমান গুরুত্ব দিতে হবে। বিশেষ করে নারীপ্রধান পরিবার, বিধবা, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি, ভূমিহীন ও অতিদরিদ্র জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। জলবায়ু অভিযোজনের সুফল যেন সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের কাছেও পৌঁছায়, তা নিশ্চিত করাই প্রকৃত সাফল্যের মানদণ্ড হওয়া উচিত বলে তিনি মনে করেন।

পিকেএসএফ ও এনজিএফের উদ্যোগ উপকূলীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে দীর্ঘমেয়াদি সংকট মোকাবিলায় আরও কিছু ক্ষেত্রে সমন্বিত পদক্ষেপ জরুরি। প্রথমত, নিরাপদ সুপেয় পানির স্থায়ী ও সাশ্রয়ী ব্যবস্থা গড়ে তুলতে হবে। বৃষ্টির পানি সংরক্ষণ, পুকুরের পানি পরিশোধন, সৌরশক্তিচালিত ডিস্যালিনেশন এবং ভূগর্ভস্থ পানির টেকসই ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ডিস্যালিনেশন প্ল্যান্টের ক্ষেত্রে পানির গুণগত মান, লবণাক্ত বর্জ্য বা ব্রাইন ব্যবস্থাপনা, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সাশ্রয়ী পরিচালনব্যবস্থাও নিশ্চিত করতে হবে।

দ্বিতীয়ত, উপকূলীয় বেড়িবাঁধ, নদী-খাল পুনঃখনন ও পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন জরুরি। বাঁধ ভেঙে লবণাক্ত পানি প্রবেশ করলে কৃষিজমি, বসতবাড়ি ও মিঠাপানির উৎস দীর্ঘ সময়ের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারে। তৃতীয়ত, লবণসহিষ্ণু কৃষিপণ্য ও মৎস্যসম্পদের বাজারসংযোগ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। চতুর্থত, সুন্দরবনসহ উপকূলীয় প্রাকৃতিক প্রতিবেশ রক্ষায় প্রকৃতিভিত্তিক অভিযোজনকে গুরুত্ব দিতে হবে। পঞ্চমত, প্রকল্পের সুফল কতটা দীর্ঘস্থায়ী হচ্ছে, মানুষের আয় ও জীবনমান কতটা বাড়ছে এবং নারী ও প্রান্তিক জনগোষ্ঠী কতটা উপকৃত হচ্ছে—তা নিয়মিত মূল্যায়ন করতে হবে।

এনজিএফ-এর এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব মো. লুৎফর রহমানের অভিমত, জলবায়ু পরিবর্তনের জন্য যেসব জনগোষ্ঠীর দায় তুলনামূলকভাবে কম, তারাই অনেক সময় সবচেয়ে বেশি ক্ষতির শিকার হন। শ্যামনগরের মানুষের জীবন সেই বৈশ্বিক বৈষম্যের এক বাস্তব প্রতিচ্ছবি। তিনি মনে করেন, বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর ঐতিহাসিক কার্বন নিঃসরণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় তাদের দায়িত্বের প্রশ্নটি তাই বাংলাদেশের উপকূলীয় মানুষের জীবন ও জীবিকার সঙ্গে সরাসরি সম্পর্কিত। গ্রিন ক্লাইমেট ফান্ডের অর্থায়নে পিকেএসএফের RHL কর্মসূচি আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নকে স্থানীয় মানুষের প্রয়োজনের সঙ্গে যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। একইভাবে Adaptation Fund-এর সহায়তায় নিরাপদ পানি প্রকল্প জলবায়ু অভিযোজনের বাস্তব প্রয়োজনকে সামনে নিয়ে এসেছে। শ্যামনগরের মানুষ শুধু জলবায়ু পরিবর্তনের শিকার নন; তাঁরা প্রতিনিয়ত পরিবর্তিত পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সংগ্রাম করছেন। তাঁদের স্থানীয় জ্ঞান, অভিজ্ঞতা, উদ্ভাবনী শক্তি ও জীবনসংগ্রামকে উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রে স্থান দিতে হবে।

পিকেএসএফ ও নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের RHL কর্মসূচি সেই প্রচেষ্টাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। নিরাপদ বাড়ি, লবণসহিষ্ণু কৃষি, বিকল্প জীবিকা, প্রাণিসম্পদ উন্নয়ন, বৃক্ষরোপণ এবং জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির সমন্বিত প্রয়াস উপকূলীয় মানুষের সামনে নতুন সম্ভাবনার দ্বার খুলছে।

অন্যদিকে, সৌরশক্তিচালিত ১৮০টি ডিস্যালিনেশন প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষের নিরাপদ পানির প্রত্যাশাকে আরও বাস্তব ভিত্তি দিচ্ছে। তবে প্রকৃত সাফল্য শুধু কতটি বাড়ি নির্মিত হলো, কতটি প্ল্যান্ট স্থাপিত হলো কিংবা কতটি গাছ রোপণ করা হলো—তার মধ্যে সীমাবদ্ধ নয়। সাফল্যের প্রকৃত পরিমাপ হবে কতটি পরিবার নিরাপদে বসবাস করতে পারছে, কতজন মানুষ বিশুদ্ধ পানি পাচ্ছে, কতজন কৃষক নতুন জীবিকার সন্ধান পাচ্ছেন এবং কতটি পরিবার নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে আত্মবিশ্বাসী হয়ে উঠছে।

এনজিএফ দেশের অন্যান্য এনজিও থেকে একটু ভিন্নধর্মী। এরা মানুষকে কেবল প্রতিকূল পরিস্থিতি থেকে উদ্ধার বা স্বাবলম্বী করারই প্রচেষ্টা নেয় না বরং নিজেদের ধর্মীয় বিশ্বাস যথাযথভাবে পালন করার জন্যেও উদ্বুদ্ধ করে বলে জনাব মো. লুৎফুর রহমান জানালেন।

শ্যামনগরের প্রতিটি নিরাপদ বাড়ি, প্রতিটি সুপেয় পানির উৎস, প্রতিটি সবুজ গাছ এবং প্রতিটি স্বাবলম্বী পরিবার হতে পারে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বাংলাদেশের অভিযোজন সংগ্রামের একেকটি সাফল্যের প্রতীক।

লবণাক্ততার সঙ্গে লড়াই করে উপকূলের মানুষ শুধু টিকে থাকতে চান না; তাঁরা চান নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্ভাবনাময় জীবন। তাঁদের সেই স্বপ্ন বাস্তবায়নে প্রযুক্তি, অর্থায়ন, মানবিক উদ্যোগ ও স্থানীয় মানুষের অংশগ্রহণ একসূত্রে গাঁথতে পারলেই জলবায়ু-সহনশীল বাংলাদেশের পথ আরও সুদৃঢ় হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD