বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন




সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৬:২৯ pm
JS Bangladesh National Parliament Jatiya Sangsad Bhaban House জাতীয় সংসদ ভবন পার্লামেন্ট
file pic

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপির সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে তিনি ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন। মঙ্গলবার জাতীয় সংসদকে এ তথ্য জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একইসাথে ওসমান ফারুকের আসনটি শূন্য ঘোষণা করেন স্পিকার। বিকাল সোয়া চারটায় ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের বৈঠক শুরু হয়।

অধিবেশনের শুরুতেই স্পিকার বলেন, কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক ১৪ই নভেম্বর ২০২৬ তারিখ হতে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে স্পিকার বরাবর স্বীয় স্বাক্ষর যুক্ত পদত্যাগপত্র প্রেরণ করেছেন। পদত্যাগপত্রটি আমি ১৫ নভেম্বর ২০২৬ তারিখে পেয়েছি। পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় আমি তা গ্রহণ করেছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী, স্পিকার পদত্যাগপত্র প্রাপ্ত হওয়ার পর থেকে সংশ্লিষ্ট সদস্যের আসন শূন্য হবে। সে অনুযায়ী, ১৫ নভেম্বর ২০২৬ তারিখ পূর্বাহ্ণ থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী আসনটি শূন্য হওয়ার বিষয়টি মহান সংসদকে অবহিত করা হলো।”

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওসমান ফারুক বেশ কিছু দিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। গত ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দেননি। সে সময় তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন।
উল্লেখ্য, ড. ওসমান ফারুক ২০০১ সালে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে কিশোরগঞ্জ-৪ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত চারদলীয় জোট সরকারের আমলে সফলতার সাথে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক ক্যারিয়ারে তিনি দীর্ঘকাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং দলের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ২০১৬ সাল থেকে দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করেন। ২০২৫ সালের অক্টোবরে দেশে ফিরে পুনরায় রাজনীতিতে সক্রিয় হন এই প্রবীণ নেতা। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করেন এবং সংসদের প্রবীণতম সদস্য হিসেবে শপথ নেন। ৮৬ বছর বয়সী এই রাজনীতিবিদ বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসা ও বিশ্রামের প্রয়োজনে ১৪ নভেম্বর তিনি সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD