বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন




মিরাজ-মুশফিকে দাপুটে দিন শেষ করলো বাংলাদেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৪ জুন, ২০২৩ ৬:০১ pm
Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি টেস্ট ক্রিকেট Test cricket test bcb
file pic

প্রথম দিনে খেলা হলো ৭৯ ওভার। স্লো ওভার রেটের কারণে নির্ধারিত সময় পার হয়ে গেলেও ৭৯ ওভারের বেশি খেলা মাঠে গড়ায়নি। শুরুতে দুর্দান্ত ব্যাটিং করা বাংলাদেশ মাঝে কিছু দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে।

এরপর শেষদিকে মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের ৫০ ছাড়ানো জুটিতে শেষ বেলায় স্বস্তি নিয়েই অয়ার করেছে টাইগাররা। প্রথম দিন শেষে বাংলাদেশের স্কোর ৩৪২/৫। মুশফিক অপরাজিত ৪১ ও মিরাজ ৪৩ রানে।

অধিনায়কত্বের অভিষেকে বিবর্ণ লিটন

আভিজাত্যের ফরম্যাট টেস্ট ক্রিকেটে আজ অধিনায়ক হিসেবে অভিষেক হয় লিটন কুমার দাসের। ব্যাট হাতে দিনটা রাঙিয়ে তুলতে পারলেন না এই উইকেটরক্ষক ব্যাটার। ব্যক্তিগত ৯ রান করে ফিরে যান টাইগার অধিনায়ক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাঁচ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৯০ রান। ১৮ রান নিয়ে ব্যাটিং করছেন মুশফিকুর রহিম। নতুন ব্যাটার মেহেদী হাসান মিরাজ।

ফিরলেন শান্ত, উইকেটে আসলেন অধিনায়ক লিটন

নো বলের কল্যাণে জীবন পেয়ে বেশিক্ষণ ব্যাটিং করতে পারেননি শান্ত। তিন ওভারের ব্যবধানে তাকে ফিরিয়ে দিয়েছেন আফগান স্পিনার আমির হামজা

ফেরার ১৪৬ রানের ইনিংস খেলেন শান্ত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত চার উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৭১ রান। নতুন ব্যাটার হিসেবে উইকেটে এসেছেন অধিনায়ক লিটন কুমার দাস।
আউট হয়েও নট আউট শান্ত!

শুরু থেকেই দাপট দেখানো শান্ত। কিন্তু হুট করে নিজাত মাসুদের শর্ট লেন্থের বল পুল করতে গিয়ে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়ে যান তিনি। কিন্তু আউট হয়েও নো বলের কল্যাণে বেঁচে গেলেন এই বাঁহাতি ব্যাটার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিন উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৫৮ রান। ১৪৩ রানে ব্যাটিং করছেন শান্ত।

মুমিনুলের বিদায়, শান্তর তাণ্ডব চলছেই

চা বিরতির পর প্রথম ২ ওভারে ১৮ রান যোগ হয় টাইগারদের স্কোরবোর্ডে। আফগান বোলারদের উপর দাপট চালিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তবে শান্তর আগ্রাসী ব্যাটিংয়ের মধ্যে ফিরে গেছেন মুমিনুল হক।

এই ম্যাচেই প্রথম বলে উইকেট নিয়ে ইতিহাস গড়া নিজাত মাসুদের শিকার হয়ে ফেরেন এই বাঁহাতি ব্যাটার। তিন উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৫৬ রান। ১৪২ রানে ব্যাটিং করছেন শান্ত, নতুন ব্যাটার হিসেবে উইকেটে এসেছেন মুশফিকুর রহিম।

দ্বিতীয় সেশনও বাংলাদেশের দখলে

দ্বিতীয় সেশনেও দাপট বজায় রেখেছেন বাংলাদেশি ব্যাটাররা। এ সেশনে বাংলাদেশ তুলেছে ২৫ ওভারে ১১৯ রান। ৪৯ ওভারে ২ উইকেটে ২৩৫ রান নিয়ে চা বিরতিতে গেছে টাইগাররা।

এই সেশনে আফগানদের একমাত্র প্রাপ্তি জয়ের উইকেট। তাকে ফিরিয়ে একমাত্র আনন্দের উপলক্ষ্য এনে দেন রহমত শাহ।

রেকর্ড গড়া জুটির পর ফিরলেন জয়

নাজমুল হোসেন শান্তর সঙ্গে জুটির রেকর্ড গড়ে ফিরলেন মাহমুদুল হাসান জয়। জয় ফেরায় ভাঙে ২১২ রানের জুটি। ফেরার আগে জয় করেন ৯ চারে ১৩৭ বলে ৭৬ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই উইকেট হারিয়ে বাংলাদেসের সংগ্রহ ২১৮ রান। নতুন ব্যাটার হিসেবে উইকেটে এসেছেন মুমিনুল হক সৌরভ। ১২১ রানে অপরাজিত আছেন শান্ত।

এর আগে টেস্ট ক্রিকেটে দ্বিতীয় উইকেটে তৃতীয় দুইশ ছোঁয়া জুটি গড়েন শান্ত ও জয়। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটি এটি।

এর আগে ২০১০ সালে ভারতের বিপক্ষে ২০০ রানের জুটি গড়েন তামিম ইকবাল ও জুনায়েদ সিদ্দিক। সব মিলিয়ে দ্বিতীয় উইকেটে শামসুর রহমান ও ইমরুল কায়েসের ২৩২ রানের জুটি সর্বোচ্চ। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে এই জুটি গড়েন তারা।

দৌড়ে পাঁচ রান, জয়ের ফিফটির পর শান্তর সেঞ্চুরি

মধ্যাহ্নভোজের পরও আফগান বোলারদের উপর দাপট বজায় রেখেছেন শান্ত ও জয়। দুজনে মিলে দলকে নিয়ে যাচ্ছেন বড় সংগ্রহের দিকে। প্রায় এক বছর পর টেস্ট খেলতে নামা জয় তুলে নিয়েছেন চতুর্থ ফিফটি। জয়ের পর শান্ত তুলে নিয়েছেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি।

ফিফটির বলে ঘটেছে মজার কাণ্ড! ওভারথ্রোর পর ওভারথ্রো- তাতে দৌড়ে পাঁচ রান নিলেন জয় ও শান্ত। ওই ৫ রানেই ফিফটি হয়ে যায় মাহমুদুল হাসানের। ১০২তম বলে ফিফটি স্পর্শ করেন জয়।

অন্যপ্রান্তে শুরু থেকে আগ্রাসী ব্যাটিং করা শান্তর সেঞ্চুরি আসে ১১৮ বলে। ইনিংসের ৩৮তম ওভারে আফগান স্পিনার আমির হামজার বল লং অফে ঠেলে দিয়েই সেঞ্চুরির উল্লাসে মেতে ওঠেন শান্ত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮ ওভারে এক উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৮৫ রান। শান্ত অপরাজিত ১০৪ আর জয় ৬১ রানে।

শান্ত-জয়ের শতরানের জুটি, প্রথম সেশন বাংলাদেশের

শুরুতেই জাকির হাসান ফেরায় শুরুটা ভালো হয়নি টাইগারদের। তবে এরপর আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় ও তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত মিলে পাল্টা প্রতিরোধ গড়েন। তাদের দাপুটে ব্যাটিংয়ে শুরুর সেই মুহূর্তেই উধাও হয়ে যায়।

শান্ত তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম টেস্ট ফিফটি। অন্যপ্রান্তে ২৭ মাস পর টেস্ট খেলতে নামা জয়ও রাখেন গুরুত্বপূর্ণ অবদান। দুজনে মিলে গড়েন ১০১ রানের জুটি। মধ্যাহ্নভোজে যাওয়ার আগে শান্ত অপরাজিত ৬৪ রানে আর জয় ৩৮ রানে।

শান্তর ফিফটি, জয়কে নিয়ে গড়েছেন পঞ্চাশোর্ধ রানের জুটি

ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারালেও নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রাথমিক চাপ সামাল দেয় টাইগাররা। আফগান বোলারদের বিপক্ষে রীতীমতো ত্রাস ছড়িয়ে ফিফটি তুলে নেন শান্ত। টেস্ট ক্যারিয়ারে এটা শান্তর পঞ্চম ফিফটি।

অন্য প্রান্তে শান্তকে যোগ্য সঙ্গ দেন ২৭ মাস পর টেস্ট খেলতে নামা জয়। দুজনে মিলে এখন পর্যন্ত গড়েছেন ৮৭ রানের জুটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯.৩ ওভারে এক উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৯৩ রান।

অভিষিক্ত বোলারের প্রথম বলেই আউট জাকির

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় টাইগাররা। ফিরে গেছেন ওপেনার জাকির হাসান।

আফগান পেসার নিজাত মাসুদের করা বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন জাকির। যদিও প্রথমে আম্পায়ার আউট দেননি। পরে রিভিউ নিয়ে জাকিরকে ফেরত পাঠায় আফগানরা।

জাকিরকে ফেরত পাঠানো নিজাত আজকেই প্রথম টেস্ট খেলতে নেমেছেন। অভিষেক ম্যাচের প্রথম বলেই উইকেটের দেখা পেলেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত এক উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ সাত রান।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD