শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন




পাল্টাপাল্টি কর্মসূচিতে অগ্নিগর্ভ দেশ: সারাদেশে নিহত শতাধিক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৪ আগস্ট, ২০২৪ ৫:৪৯ pm
Mass uprising martyrs injured injure July Martyr July Fighter July Fighters জুলাই গণঅভ্যুত্থান
file pic

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি ঘিরে সারা দেশে সংঘাত–সংঘর্ষ, গুলি, পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত ৯১ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৪ জন পুলিশ সদস্য। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৩ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

দিনভর সংঘর্ষে নরসিংদীতে ৬ জন, ফেনীতে ৮ জন, লক্ষ্মীপুরে ৮ জন, সিরাজগঞ্জে ১৩ পুলিশসহ মোট ২২ জন, কিশোরগঞ্জে ৪ জন, রাজধানী ঢাকায় ৬ জন, বগুড়ায় ৫ জন, মুন্সিগঞ্জে ৩ জন, মাগুরায় ৪ জন, ভোলায় ৩ জন, রংপুরে ৪ জন, পাবনায় ৩ জন, সিলেটে ৫ জন, কুমিল্লায় পুলিশ সদস্যসহ ৩ জন, শেরপুরে ২জন, জয়পুরহাটে ১ জন, হবিগঞ্জে ১জন, ঢাকার কেরাণীগঞ্জে ১ জন, সাভারে ১ জন ও বরিশালে ১ জনসহ ৯১ জন নিহত হয়েছেন। এ ছাড়া প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের খবর পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে সারাদেশে নিহত প্রায় ১০০ ছাড়িয়ে যেতে পারে।

সিরাজগঞ্জে ১৪ পুলিশ নিহত
সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন। রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক এ তথ্য নিশ্চিত করেছেন।

মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জের সুপার মার্কেট এলাকায় আন্দোলকারী-আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। পুলিশ জানায়, পূর্ব ঘোষণা অনুযায়ী মুন্সিগঞ্জের সুপার মার্কেট এলাকায় জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় তাদের বাধা দিতে যায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। একপর্যায়ে বাধে সংঘর্ষ। দফায় দফায় বিস্ফোরণ হয় কয়েকটি ককটেল। আগুন দেয়া হয় বেশ কয়েকটি মোটরসাইকেলে। পুলিশ নিয়ন্ত্রণে গেলে তারাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক।

মাগুরা

মাগুরায় পুলিশ-বিএনপি সংঘর্ষে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বীসহ তিনহন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে তিন পুলিশ সদস্যসহ ১০ জন। পুলিশ জানায়, সকাল ১১ টার দিকে পারনান্দুয়ালী এলাকা থেকে বিএনপি একটি মিছিল নিয়ে শহরে ঢুকতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ তাদের ধাওয়া করে রাবার বুলেট ও গুলি নিক্ষেপ করে। এ সময় নিহত হন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদেী হাসান রাব্বী।

পাবনা

পাবনায় বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ সময় অন্তত ৩২ জন আহত হয়েছেন। রোববার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের টাউন হল সংলগ্ন এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকাল থেকেই পাবনা শহরের বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সকাল ১১টার দিকে শহরের টাউন এলাকায় বিক্ষোভ মিছিল করে ছাত্র-জনতা। টাউন হল এলাকায় ঘণ্টাখানেক ধরে অবস্থান করে আন্দোলনকারীরা। এর মধ্যে সাড়ে ১২টার দিকে সেখানে গোলাগুলি শুরু হলে অতর্কিত গুলির আঘাতে ৩ জন নিহত হয়।

রংপুর

রংপুরে ছাত্রলীগ-আ’লীগ-যুবলীগের সঙ্গে আন্দোলনকারীদের চলমান সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। রোববার (৪ জুলাই) নগরীর সিটি করপোরেশন এলাকায় সংঘর্ষ বাধলে নিহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন-নগরীর গুরাতিপাড়ার যুবলীগ কর্মী খসরু, মাসুম ও রংপুর সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর এবং পরশুরাম থানা আওয়ামী লীগের সভাপতি হারাধন রায়।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী।

বগুড়া

বগুড়ায় বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহত একজনের নাম মুনিরুল ইসলাম। তার বাড়ি কাহালু উপজেলার বীরকেদার এলাকায়। অন্যজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া, সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ৯ জন ভর্তি রয়েছেন।

কুমিল্লা

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ মিছিলে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ২০ জন। নিহত আব্দুর রাজ্জাক রুবেল দেবিদ্বার উপজেলার বাড়েরা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

রোববার (৪ আগস্ট) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলা সদরের নিউমার্কেট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ছাড়া জয়পুরহাটে ১ ও বরিশালে একজন নিহত হয়েছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD