রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন




ইফতেখারুজ্জামান

সাইবার নিরাপত্তা আইন বাতিল করতে হবে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ ১১:৫৭ pm
transparency international bangladesh tib ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি tib executive director Iftekharuzzaman টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান
file pic

সাইবার নিরাপত্তা আইন সংশোধনযোগ্য নয় বলে দাবি করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। আইনটি অবিলম্বে বাতিল করার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ‘বাতিলযোগ্য সাইবার নিরাপত্তা আইন: জনগণের প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ আহ্বান জানান। ডিজিটাল রাইট, নাগরিক ও ইউনাইটেড নেশনস বাংলাদেশ যৌথভাবে এ বৈঠক আয়োজন করে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘সবাই বলেছেন আইনটি বাতিলযোগ্য। এটি সংশোধনযোগ্য নয়। আইনটি বাতিল করতে হবে। আমি অবিলম্বে আইনটি বাতিলের কথা বলব। এ আইনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দ্রুত ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে।’ তিনি আরও বলেন, আইনটিকে যারা কর্তৃত্ববাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, তাদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। যারা হুকুমের আসামি তাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে। ভবিষ্যতে কোনো আইনের মধ্যে আর সাইবার সিকিউরিটি শব্দটি থাকা উচিত নয়।

বৈঠকে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, সাইবার নিরাপত্তা আইনের নামে অনেক মানুষকে হয়রানি করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, মন খুলে সমালোচনা করতে। তবে শেখ হাসিনার সময়েও মামলা হতো, এখনও মামলা হচ্ছে।

আর্টিকেল নাইনটিনের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক শেখ মনজুর-ই-আলম বলেন, আমাদের মানসিকতা হচ্ছে হয়রানি করা। হয়রানি করাটা মুখ্য উদ্দেশ্য। নতুন আইন করার ক্ষেত্রে কেউ যাতে ওই আইনে হয়রানি না হয়, তা নিশ্চিত করতে হবে।

এমআরডিআইয়ের হেড অব প্রোগ্রাম অ্যান্ড কমিউনিকেশনস মিরাজ আহমেদ চৌধুরী বলেন, জাতীয় নিরাপত্তার আলোচনা এবং সাইবার নিরাপত্তার আলোচনাকে আলাদা করতে না পারলে আমাদের আরও অনেক বড় অধিকার ক্ষুণ্ন হবে। এটাকেও বিবেচনায় রাখা দরকার। বৈঠকে আরও উপস্থিত ছিলেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD